ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

কর্মকর্তা সংকটে স্থবির রায়গঞ্জ পৌরসভা, সেবা নিতে এসে ভোগান্তিতে মানুষ


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৭-৯-২০২৬ দুপুর ১:৩৫

সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভায় গুরুত্বপূর্ণ পদগুলোতে নিয়মিত কর্মকর্তা না থাকায় ব্যাহত হচ্ছে নাগরিক সেবা। নাগরিক সনদ ও চারিত্রিক সনদ নিতে এসে ভোগান্তিতে পড়ছেন পৌরবাসী। নিয়মিত হচ্ছে না পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম। পৌর কার্যালয় চত্বরে পড়ে আছে পরিচ্ছন্নতার কাজে ব্যবহৃত গাড়ি। অনেক সময় অফিস কক্ষেও তালা ঝুলতে দেখা যায় বলে অভিযোগ স্থানীয়দের।

পৌরবাসীর অভিযোগ, প্রয়োজনীয় সনদ ও কাগজপত্রের জন্য পৌরসভায় গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাকে না পেয়ে ফিরে যেতে হচ্ছে। এতে সেবা পেতে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর রায়গঞ্জ পৌরসভার নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের কার্যক্রম বাতিল করা হয়। এরপর পৌরসভার প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় নানা জটিলতা দেখা দেয়। বর্তমানে প্রশাসক, নির্বাহী কর্মকর্তা ও প্রকৌশলীর মতো গুরুত্বপূর্ণ পদে স্থায়ী কর্মকর্তা নেই। বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অতিরিক্ত দায়িত্ব হিসেবে এসব দায়িত্ব পালন করছেন।

প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে উপজেলা ভূমি অফিসের একজন কর্মকর্তাকে। পরে তিনি দায়িত্ব পালনে ব্যস্ত থাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। তবে তিনিও নিয়মিত পৌরসভায় বসতে পারেন না। নির্বাহী কর্মকর্তা ও প্রকৌশলীর দায়িত্বে থাকা কর্মকর্তারাও অন্য পৌরসভায় কর্মরত এবং রায়গঞ্জ পৌরসভায় অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।

এ কারণে নাগরিক সনদ, চারিত্রিক সনদসহ বিভিন্ন কাগজপত্রে স্বাক্ষর পেতে ভোগান্তিতে পড়ছেন সেবাগ্রহীতারা।

রায়গঞ্জ পৌরসভার বাসিন্দা ও শিক্ষার্থী সীমান্ত তালুকদার বলেন, ‘চারিত্রিক সনদের জন্য কয়েক দিন ধরে পৌরসভায় ঘুরছি। কিন্তু স্বাক্ষর না হওয়ায় সনদ পাচ্ছি না। শুধু আমি নই, পৌরসভার অনেক মানুষই প্রয়োজনীয় কাগজপত্রের জন্য ঘুরছেন।’

তিনি বলেন, ‘পৌরবাসী হিসেবে যে সেবা পাওয়ার কথা, তা পাচ্ছি না। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতাও হচ্ছে না। আমরা পৌরকর দিই, কিন্তু সেই অনুযায়ী সেবা পাচ্ছি না।’

আরেক বাসিন্দা হৃদয় আহমেদ সিফাত বলেন, ‘রায়গঞ্জ পৌরসভা জনবল সংকটে স্থবির হয়ে গেছে। নির্বাহী কর্মকর্তা নেই, প্রকৌশলী নেই। প্রশাসকও নিয়মিত অফিস করেন না। ঊর্ধ্বতন কর্মকর্তা না থাকায় পৌরসভার কার্যক্রম ঢিলেঢালাভাবে চলছে।’

রায়গঞ্জ উপজেলা যুবদলের নেতা আশিকুর রহমান প্লাবন বলেন, ‘পৌরসভা নাগরিকদের সেবা দেওয়ার প্রতিষ্ঠান। কিন্তু রায়গঞ্জ পৌরসভা থেকে বর্তমানে পৌরবাসী সেবাবঞ্চিত হচ্ছেন। এখানে স্থায়ী কোনো কর্মকর্তা নেই। মেয়র নেই, কাউন্সিলরও নেই। সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরতে হচ্ছে মানুষকে।’

তিনি আরও বলেন, ‘উন্নয়ন কর্মকাণ্ডও ব্যাহত হচ্ছে। নির্ধারিত প্রকৌশলী না থাকায় উন্নয়নকাজ ঠিকমতো তদারক করা হচ্ছে না। পৌরসভায় একজন স্থায়ী প্রশাসক নিয়োগ দেওয়া প্রয়োজন, যিনি নিয়মিত অফিস করবেন।’

নাগরিক সেবার পাশাপাশি পৌর এলাকার পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়েও অভিযোগ রয়েছে। স্থানীয়দের ভাষ্য, নিয়মিত বর্জ্য অপসারণ না হওয়ায় বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা পড়ে থাকে। অথচ পৌর কার্যালয় চত্বরে পড়ে আছে পরিচ্ছন্নতার কাজে ব্যবহৃত গাড়ি। দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় গাড়িগুলো নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে পৌরসভার এক কর্মকর্তা বলেন, ‘ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা না থাকায় কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিত অফিস করছেন কি না, কাজ করছেন কি না—তা দেখার কেউ নেই। পরিচ্ছন্নতাকর্মীরা মাঠে না থাকলেও বেতন হচ্ছে। জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের কাজও চলছে যেনতেনভাবে।’

তিনি বলেন, ‘গত দুই বছরের আয়-ব্যয়ের হিসাব দেখলেই রায়গঞ্জ পৌরসভায় কী হচ্ছে, তা বোঝা যাবে।’

পৌরসভার কার্যক্রম স্থবির হয়ে পড়ার কথা স্বীকার করেছেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, ‘নিয়মিত কর্মকর্তা না থাকায় রায়গঞ্জ পৌরসভার কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে কথা বলেছি। তাঁকে একটি ডিও দিতে বলেছি। সেটি পাওয়া গেলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হবে।’

জেলা প্রশাসক বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে রায়গঞ্জ পৌরসভায় স্থায়ী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়—এ বিষয়ে মন্ত্রণালয়ে লেখা হবে।’

২০০৫ সালে ৬ দশমিক ২৯ বর্গকিলোমিটার এলাকা নিয়ে রায়গঞ্জ পৌরসভা গঠিত হয়। ‘খ’ শ্রেণির এ পৌরসভায় ৯টি ওয়ার্ড রয়েছে। পৌরসভার বর্তমান জনসংখ্যা ১৭ হাজার ৮২৭ জন।

এমএসএম / এমএসএম

ধুনটে পুলিশের অভিযানে ১০ পিস ইয়াবা উদ্ধার, আটক ১

কর্মকর্তা সংকটে স্থবির রায়গঞ্জ পৌরসভা, সেবা নিতে এসে ভোগান্তিতে মানুষ

সিদ্ধিরগঞ্জে হোমল্যান্ড ডিজাইন এন্ড কনসালটেন্টের নতুন অফিস উদ্বোধন

গোদাগাড়ীতে ফুড ফর দ্য হাঙ্গেরির উদ্যোগে পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

বিলাইছড়িতে নবাগত ইউএনও' সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কার্বারী সমিতি

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি

‎সাঘাটায় শিবির নেতা মামলা প্রত্যাহার ও বিএনপি নেতাকে বহিষ্কারের ঘোষণা

গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত, আহত ১

দৈনিক আজাদীর ৬৭ বছরে পদার্পণ, সিআরএর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

সুনামগঞ্জের টাইলা গ্রামে বসতবাড়ি ভেঙ্গে জোড় পূর্বক রাস্তা তৈরী জেলা প্রশাসক ও নির্বাহী প্রকৌশলী বরাবরে অভিযোগ

মুকসুদপুরে ৫৩ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ও পুরস্কার বিতরণ

ফটোকপির দোকানে জাল নোট তৈরি করছিলেন তিনি, ৪৭হাজার টাকাসহ ডিবির কাছে ধরা

নেত্রকোণায় আমির ফয়সাল হত্যার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে সংবাদ সম্মেলন