ঢাকা মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-৯-২০২৬ রাত ১২:১৬

কুড়িগ্রাম জেলা জুড়ে সৃষ্ট সারের কৃত্রিম সংকট পরিস্থিতি স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে স্বাভাবিক হচ্ছে। কৃষকদের মধ্যে স্বস্তি ফিরে আসছে।

অবৈধ মজুদদারদের জরিমানা, মজুতকৃত সার উদ্ধার এবং সমন্বিত বিতরণ কর্মসূচির মাধ্যমে সারের যোগান দেওয়ায় ধীরে ধীরে কুড়িগ্রামের সারের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে একযোগে কাজ করছে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ফলে কৃষকরা চলতি রোপা আমন চাষে কাঙ্ক্ষিত ফসল উৎপাদনে আশাবাদী হচ্ছেন।
অনুসন্ধানে জানা গেছে গত কয়েক সপ্তাহ ধরে একটি মহল অসাধু ডিলার ও উশৃংখল লোকজনকে কৃষক সাজিয়ে এলাকায় সারের কৃত্রিম সংকট গুজব ছড়িয়ে দেয়। এতে অনেক কৃষক প্রয়োজনের অতিরিক্ত সার ক্রয় ও মজুদ করার চেষ্টা শুরু করে। ফলে সারের কৃত্রিম চাহিদা বৃদ্ধিতে কৃত্রিম সংকট তৈরি হয়। কৃষি বিভাগের দাবী ১৫ সেপ্টেম্বরের পরে রোপা আমন ফসলে ইউরিয়া সার প্রয়োগ করা যাবে না। তবে এই অতিরিক্ত সারের চাহিদা মূলতঃ ভুট্টা, আলু, বেগুন আবাদের জন্য আগাম সার মজুদের চেষ্টা। 

সার সংটের গুজবে জড়িয়ে আমনসহ চলতি মৌসুমের ফসলের জন্য প্রয়োজনীয় সারের দাবিতে জেলার বিভিন্ন উপজেলায় বিক্ষোভ, সড়ক অবরোধ, হট্টগোল ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এরই মধ্যে প্রশাসনের একাধিক অভিযানে অবৈধভাবে মজুত করা সার উদ্ধার এবং মজুতের দায়ে কয়েকজন ব্যবসায়ীকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
প্রশাসনের দাবি, জেলায় সারের কোনো প্রকৃত সংকট নেই। 
তবে কিছু কৃষকের অভিযোগ, বিভিন্ন ডিলার পয়েন্টে ঘুরেও প্রয়োজনীয় সার পাওয়া যাচ্ছে না। সোমবার ফুলবাড়ী, নাগেশ্বরী, ভূরুঙ্গামারী ও রৌমারীর বিভিন্ন ডিলার পয়েন্টে শত শত কৃষকের ভিড় দেখা গেছে। কোথাও কোথাও ঠেলাঠেলি ও বিশৃঙ্খলা দেখা দিলে পুলিশ ও প্রশাসনের সদস্যরা তা নিয়ন্ত্রণ করছেন। 
রৌমারীতে সারের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করেও ডিলারের দেখা না পেয়ে ক্ষুব্ধ কৃষকেরা একটি সার ডিলার পয়েন্টের গুদামের টিনের বেড়া ও দরজা ভেঙে সার নেওয়ার চেষ্টা করে। সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে ১১টার মধ্যে উপজেলার মহিলা কলেজপাড়া এলাকায় মেসার্স মিতা-হাসান এন্টারপ্রাইজের ডিলার পয়েন্টে এ ঘটনা ঘটে।
স্থানীয় কৃষক ও প্রত্যক্ষদর্শীরা জানান, বন্দবেড় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডসহ আশপাশের এলাকার কৃষকেরা সার নিতে গভীর রাত থেকেই ওই ডিলার পয়েন্টে এসে জড়ো হতে থাকেন। সকাল হলেও সার বিতরণ শুরু না হওয়ায় অপেক্ষমাণ কৃষকদের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে। পরে সকাল ৯টা থেকে ১০টার দিকে কৃষকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তাঁরা গুদামের টিনের বেড়া ও দরজা ভেঙে ভেতরে প্রবেশ করার চেষ্টা করেন।
মেসার্স মিতা-হাসান এন্টারপ্রাইজের সার ডিলার মতিয়ার রহমান বলেন, তাঁদের গুদামে ৭৫০ বস্তা সার মজুদ ছিল। সকালে প্রায় এক হাজার কৃষক সার নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন। কে আগে সার নেবেন, তা নিয়ে কৃষকদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসনের সহায়তায় গুদামে থাকা সার এখন বিতরণ করা হয়েছে। 
রৌমারী মন্ডলপাড়া গ্রামের কৃষক শফিউর রহমান (৬৫)  জানান, রোপা আমন চাষের জন্য প্রয়োজনীয় সার মজুদ ছিল যা আমরা পর্যায়ক্রমে সবাই পেতাম। কিন্তু একটি মহলের উস্কানিতে কিছু কৃষক সার মজুদ করতে গেলে কৃত্রিম সংকট সৃষ্টি হয়। আর এই সুযোগ কাজে লাগিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে মহলটি। 
রৌমারী ইছাকুড়ি গ্রামের আব্দুল হান্নান (৬৪) বলেন, সরকারকে বেকায়দায় ফেলতে সার নিয়ে এমন বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে।
রৌমারী উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহবুবুল আলম বসুনিয়া বলেন, উপজেলায় সারের কোনো সংকট নেই। কৃষকেরা ধৈর্য ধরে সার উত্তোলন করলে কোনো সমস্যা হবে না। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগামীকাল থেকে খোলাবাজারে সার বিক্রির ব্যবস্থা করা হবে। এতে সার নিয়ে কৃষকদের মধ্যে ছড়িয়ে পড়া গুজবও দূর হবে বলে আশা করছেন তাঁরা।
রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুল হাসান বলেন, তিনি নিজে বিভিন্ন সার ডিলার পয়েন্টে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও মাঠে কাজ করছেন। একটি সার বিক্রয়কেন্দ্রে কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। পরে প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
অন্যদিকে সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে সার বিতরণকে কেন্দ্র করে ভূরুঙ্গামারীতে নতুন করে উত্তেজনা দেখা দেয়। উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের ব্রিজপাড় এলাকায় সার বিতরণের স্লিপ দেওয়া নিয়ে অসন্তোষের একপর্যায়ে কয়েকজন কৃষক বাঁশ ফেলে ও সড়কে আগুন জ্বালিয়ে ভূরুঙ্গামারী–সোনাহাট স্থলবন্দর সড়ক অবরোধ করেন। এতে ওই সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়।
স্থানীয় সূত্র ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিএডিসি ডিলার মেসার্স আফি সার ঘরের আওতায় ২৩৫ বস্তা ডিএপি ও ৯৫ বস্তা টিএসপি সার বিতরণের জন্য স্লিপ দেওয়ার কার্যক্রম চলছিল। ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গনাইরকুটি গ্রামের মো. মালেক মিয়ার বাড়ির বাইরের আঙিনায় এ কার্যক্রম চলাকালে সারপ্রত্যাশী কৃষকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় সেখানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল জব্বার ও উপসহকারী কৃষি কর্মকর্তা হাবিব উপস্থিত ছিলেন। একপর্যায়ে কয়েকজন কৃষক সড়কে বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে অবরোধ করেন।
খবর পেয়ে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিম উদ্দিন ঘটনাস্থলে গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত সার দেওয়ার বিষয়ে আশ্বস্ত করেন। পরে কৃষকেরা অবরোধ তুলে নেন। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ ও সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক ঘটনাস্থলে গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলেন। তাঁরা নিয়ম মেনে সুষ্ঠুভাবে সার বিতরণ এবং প্রকৃত কৃষকদের সারপ্রাপ্তি নিশ্চিত করার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয় এবং যান চলাচল স্বাভাবিক হয়।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবদুল্লাহ আল মামুন বলেন, জেলায় পর্যাপ্ত সার রয়েছে। আগাম ভুট্টা ও বেগুন চাষের জন্য কৃষকেরা বাড়তি সার মজুত করায় কোথাও কোথাও সাময়িক সংকট তৈরি হচ্ছে। সমন্বয়ের মাধ্যমে সার বিতরণের চেষ্টা করা হচ্ছে।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত

মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা

ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী

দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন  ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু