ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

কুশিয়ারা থেকে বালু উত্তোলন নিয়ে অভিযোগ, বিবিয়ানা এলাকায় সড়কে ফাটল-জনদুর্ভোগ


নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি photo নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ৯-৯-২০২৬ দুপুর ৪:৩৬

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কুশিয়ারা নদীর জেগে ওঠা চর থেকে মা এন্টারপ্রাইজের বালু ও বালুমিশ্রিত মাটি উত্তোলন নিয়ে নানা প্রশ্ন ও অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, নদী থেকে উত্তোলিত বালু বিভিন্ন এলাকায় বাণিজ্যিকভাবে সরবরাহ করা হচ্ছে। এতে একদিকে নদী ও পরিবেশ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে, অন্যদিকে ভারী যানবাহন চলাচলের কারণে বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জনদুর্ভোগ।
নথিতে অনুমোদন ৩০ লাখ ঘনফুট
প্রাপ্ত নথির তথ্য অনুযায়ী, ভূমি মন্ত্রণালয়ের ১৯ জানুয়ারি ২০২৬ তারিখের সংশ্লিষ্ট স্মারকের ভিত্তিতে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার অলইতলী মৌজাধীন কুশিয়ারা নদীর জেগে ওঠা চর থেকে মা এন্টারপ্রাইজকে ৩০ লাখ ঘনফুট বালু/বালুমিশ্রিত মাটি উত্তোলনের অনুমতি দেওয়া হয়েছে বলে উল্লেখ রয়েছে।
নথিতে আরও উল্লেখ করা হয়েছে, নির্ধারিত শর্ত প্রতিপালন সাপেক্ষে বালু/বালুমিশ্রিত মাটি উত্তোলন করতে হবে এবং উত্তোলন কার্যক্রমের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিনিধির মাধ্যমে নিয়মিত প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে।
তবে স্থানীয়দের প্রশ্ন, অনুমোদিত ৩০ লাখ ঘনফুটের মধ্যেই বর্তমানে উত্তোলন কার্যক্রম সীমাবদ্ধ রয়েছে কি না এবং ইতোমধ্যে কত ঘনফুট বালু উত্তোলন করা হয়েছে—তা যথাযথভাবে পরিমাপ ও তদারকি করা হচ্ছে কি না।
উল্লেখ্য, একই নথিতে ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পের কাজে বালু/বালুমিশ্রিত মাটি সরবরাহের জন্য মা এন্টারপ্রাইজের সঙ্গে চুক্তির কথাও উল্লেখ রয়েছে। ফলে অনুমোদিত বালুর প্রকৃত ব্যবহার ও গন্তব্য নিয়েও স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।
নবীগঞ্জ-ওসমানীনগর-মৌলভীবাজারে সরবরাহের অভিযোগ
স্থানীয়দের অভিযোগ, কুশিয়ারা নদী থেকে উত্তোলন করা বালু নবীগঞ্জ উপজেলার বিবিয়ানা পাওয়ার প্ল্যান্ট এলাকা, ওসমানীনগরের সাদীপুর এবং মৌলভীবাজারের শেরপুর এলাকার বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে সরবরাহ করা হচ্ছে। এসব বালু উচ্চমূল্যে বিক্রি করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।
এক্ষেত্রে স্থানীয়দের দাবি, অনুমোদিত বালু নির্ধারিত উন্নয়নকাজে ব্যবহারের জন্য উত্তোলন করা হলে কোথায়, কী পরিমাণ এবং কোন প্রতিষ্ঠানের কাছে তা সরবরাহ করা হচ্ছে—তার পূর্ণাঙ্গ হিসাব জনসম্মুখে পরিষ্কার করা প্রয়োজন।
বিবিয়ানা এলাকায় সড়কে ফাটল, ভোগান্তিতে মানুষ
এদিকে নবীগঞ্জের বিবিয়ানা পাওয়ার প্ল্যান্ট এলাকায় বালু পরিবহনে ব্যবহৃত ভারী ড্রাম ট্রাকের অব্যাহত চলাচল নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, প্রতিদিন বিপুলসংখ্যক বড় ড্রাম ট্রাক চলাচলের কারণে পাওয়ার প্ল্যান্ট এলাকার সড়কের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে এবং কোথাও কোথাও রাস্তা ভেঙে গেছে। ভারী যানবাহনের অতিরিক্ত চাপেই সড়কের এমন ক্ষতি হচ্ছে বলে অভিযোগ তাদের।
স্থানীয়রা জানান, এ সড়ক দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চলাচল করেন। কিন্তু বড় বড় ড্রাম ট্রাকের অবাধ যাতায়াতের কারণে স্বাভাবিক চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। বিশেষ করে শিক্ষার্থীদের যাতায়াতের সময় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে।
প্রশাসনের তদন্ত দাবি
এলাকাবাসীর দাবি, কুশিয়ারা নদী থেকে কতটুকু বালু উত্তোলনের অনুমতি দেওয়া হয়েছে, বর্তমানে কতটুকু উত্তোলন করা হয়েছে, উত্তোলিত বালু কোথায় যাচ্ছে এবং কোন শর্তে তা পরিবহন ও সরবরাহ করা হচ্ছে—এসব বিষয় সরেজমিন তদন্ত করা হোক।
একই সঙ্গে ভারী ড্রাম ট্রাকের কারণে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কার, যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ এবং স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
স্থানীয়দের অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলা প্রশাসন, সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।
এ বিষয়ে মা এন্টারপ্রাইজের বক্তব্যের জন্য মোবাইল ফোনে যোগাযোগ করতে চাইলে তিনি ফোন রিসিভ করেননি। তবে ৩০ লাখ ঘনফুটের অনুমোদিত সীমার বাইরে বালু উত্তোলন বা অনুমোদিত শর্ত ভঙ্গের অভিযোগের সত্যতা সরকারি তদন্ত ছাড়া নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তাই বিষয়টি দ্রুত তদন্ত করে প্রকৃত তথ্য জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এমএসএম / এমএসএম

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন