ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

জেলেদের কাঁধে ঋণের বোঝা


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১০-৯-২০২৬ দুপুর ১২:৪৪

ভোলার চরফ্যাশন উপজেলার নদী ও সাগরে একসময় জেলেদের জালে ধরা পড়ত প্রচুর মাছ। মাছ বিক্রি করেই চলত হাজারো জেলে পরিবারের সংসার। তবে সময়ের সঙ্গে বদলে গেছে সেই চিত্র। নদী ও সাগরে কাঙ্ক্ষিত মাছ না পাওয়ায় কমেছে জেলেদের আয়। অথচ ট্রলার, জাল, জ্বালানি, খাবার ও সংসারের খরচ ঠিকই বহন করতে হচ্ছে। এর পাশাপাশি রয়েছে মহাজন ও বিভিন্ন সমিতি থেকে নেওয়া ঋণের কিস্তি। ফলে মাছের সংকটের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে জেলেদের ঋণের বোঝা।

চরফ্যাশনের সামরাজ, ঢালচর, কচ্ছপিয়া, মুজিবনগর, নুরাবাদ, চর মাদ্রাজ, হাজারীগঞ্জ, জাহানপুর, চর মানিকা ও আহাম্মদপুরসহ বিভিন্ন এলাকার অনেক জেলে নদী ও সাগরে মাছ ধরেই জীবিকা নির্বাহ করেন। তাদের কেউ নিজস্ব ট্রলার নিয়ে, আবার কেউ মহাজনের ট্রলারে ভাগে মাছ ধরেন। মাছ ধরার মৌসুম ভালো গেলে কোনোভাবে সংসার চলে এবং ঋণের কিস্তিও পরিশোধ করা সম্ভব হয়। কিন্তু মাছের পরিমাণ কমে যাওয়ায় এখন অনেক জেলেকেই লোকসান গুনতে হচ্ছে।

জেলেরা জানান, কয়েক বছর আগেও নদীতে একবার জাল ফেললে যে পরিমাণ মাছ পাওয়া যেত, এখন তার জন্য কয়েক দিন অপেক্ষা করতে হয়। অনেক সময় ট্রলারের জ্বালানি খরচ ও শ্রমের তুলনায় মাছ বিক্রি করে পাওয়া অর্থও কম হয়। ফলে নদীতে মাছ ধরতে গিয়ে একদিকে যেমন খরচ হচ্ছে, অন্যদিকে আয় না থাকায় ঋণের কিস্তি পরিশোধ করাও কঠিন হয়ে পড়ছে।

নুরাবাদ ইউনিয়নের জেলে বশির মাঝি  বলেন, ‘আগে নদীতে গেলে মাছ নিয়ে ফিরতে পারতাম। এখন অনেক সময় সারা দিন-রাত জাল ফেলেও তেমন মাছ পাই না। কিন্তু ট্রলারের তেল, জাল মেরামত আর খাবারের খরচ তো করতেই হয়। তার ওপর ঋণের কিস্তি আছে। মাছ না থাকলে সেই কিস্তির টাকা কোথা থেকে দেব, এটাই এখন বড় চিন্তা।’

জেলেদের অনেকেই মাছ ধরার ট্রলার, জাল ও প্রয়োজনীয় সরঞ্জাম কিনতে মহাজন, এনজিও কিংবা স্থানীয় সমিতি থেকে ঋণ নিয়েছেন। মাছ বিক্রি করে সেই অর্থ থেকে কিস্তি পরিশোধের পরিকল্পনা থাকলেও বাস্তবে মাছ কম পাওয়ায় ঋণের কিস্তি পরিশোধে হিমশিম খেতে হচ্ছে তাদের। কেউ কেউ পুরোনো ঋণের কিস্তি পরিশোধ করতে নতুন করে ঋণ নিচ্ছেন। এতে এক ঋণ পরিশোধ করতে গিয়ে আরেক ঋণের বোঝা বাড়ছে।

জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুধু মাছ কমে যাওয়াই নয়, জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাড়তি দামও তাদের ওপর বাড়তি চাপ তৈরি করেছে। দূরের সাগর বা নদীর মোহনায় মাছের সন্ধানে যেতে হলে বেশি জ্বালানি প্রয়োজন হয়। কিন্তু মাছ পাওয়ার নিশ্চয়তা না থাকায় অনেক জেলেই এখন ঝুঁকি নিয়ে দূরে যেতে চান না। এতে মাছ ধরার পরিমাণ আরও কমছে।

জেলেদের দাবি, নদী ও সাগরে অবৈধ ও ক্ষতিকর জাল ব্যবহার বন্ধের উদ্যোগ নেওয়া জরুরি। পাশাপাশি মাছ না পাওয়ার সময়ে জেলেদের জন্য পর্যাপ্ত সরকারি সহায়তা এবং সহজ শর্তে ঋণের ব্যবস্থা করারও দাবি তাদের।

ট্রলার মালিক তচির মাঝি বলেন, দীর্ঘ ২৫ বছর ধরে এই ব্যবসার সঙ্গে জড়িত। সাগরে কয়েক লাখ টাকার জ্বালানিসহ বাজেট করে ট্রলার পাঠাচ্ছি। তবে কাঙ্ক্ষিত মাছ না পাওয়ায় লোকসানে আছি। মাসে লাখ টাকা কিস্তি। এদিকে জেলেদেরও অগ্রিম টাকা দিয়ে রাখতে হচ্ছে। সব মিলিয়ে সরকার সহযোগিতা করলে জেলেরা আবার ঘুরে দাঁড়াতে পারবে।

সামরাজ মৎস্যঘাটের সভাপতি আজিজ পাটওয়ারী বলেন, সাগর থেকে জেলেরা মাছ ধরে আনে। আমরা সেই মাছ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করি। বর্তমানে নদী ও সাগরে মাছ কমেছে। এতে জেলেদের আয়ও কমেছে। তারা সংসার চালাতে মহাজন ও সমিতি থেকে ঋণ নিয়ে থাকেন। সরকার জেলেদের সহযোগিতা করবে—এমন দাবি জানাচ্ছি।

উপজেলা মৎস্য অফিসের তথ্যমতে, এই উপজেলায় নিবন্ধিত ও অনিবন্ধিত মিলিয়ে জেলের সংখ্যা প্রায় লক্ষাধিক। এদের মধ্যে সরকারি নিবন্ধিত জেলে রয়েছে ৪৪ হাজার ৩১১ জন। সমুদ্রগামী জেলে রয়েছে ১৭ হাজার ৫৬১ জন। সমুদ্রগামী জেলে ট্রলার রয়েছে ১ হাজার ৩৬৫টি।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, সরকার প্রতিবছরই জেলেদের জন্য ভিজিএফ চাল বরাদ্দ রেখেছেন এবং সেই বরাদ্দ থেকে জেলেদের প্রাপ্য বুঝিয়ে দেওয়া হয়। তবে নদী ও সাগরে মাছ অনেকটাই কমেছে। জেলেরা তাদের আয়ের তুলনায় ব্যয়ের হিসাব মেলাতে পারছেন না। ফলে অনেক জেলেই ঋণের সঙ্গে জড়িয়ে পড়ছেন।

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ