ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

বাকপ্রতিবন্ধী দম্পতির ঘরে একসঙ্গে তিন পুত্রসন্তান, চিকিৎসা ও দুধের খরচ জোগাতে হিমশিম পরিবার


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ১১-৯-২০২৬ দুপুর ১২:৩
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম দিয়েছেন বাকপ্রতিবন্ধী দম্পতি কল্পনা বেগম ও জায়দুল। গত ২৩ আগস্ট রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিন সন্তানের জন্ম হয়। নবজাতকদের নাম রাখা হয়েছে হাসান, হোসাইন ও বেল্লাল। তিন সন্তানের আগমনে পরিবারে আনন্দ নেমে এলেও তাদের চিকিৎসা, মায়ের ওষুধ এবং নবজাতকদের ফর্মুলা দুধের খরচ বহন করতে গিয়ে চরম আর্থিক সংকটে পড়েছে পরিবারটি।
পরিবার সূত্রে জানা গেছে, জন্মের পর হাসানের ওজন ছিল ২ কেজি। অপর দুই নবজাতক হোসাইন ও বেল্লালের ওজন ছিল ১ কেজি ৯০০ গ্রাম করে। বর্তমানে তিন নবজাতককে মায়ের বুকের দুধের পাশাপাশি ফর্মুলা দুধ খাওয়াতে হচ্ছে। এতে প্রতিদিনই উল্লেখযোগ্য অর্থ ব্যয় হচ্ছে।
এদিকে সন্তান জন্মের পর থেকেই অসুস্থ হয়ে পড়েছেন মা কল্পনা বেগম। তার চিকিৎসায় প্রতিদিন প্রায় ১ হাজার ৫০০ টাকার ওষুধ কিনতে হচ্ছে বলে জানিয়েছে পরিবার। পাশাপাশি তিন নবজাতকের জন্য প্রতিদিন দুই প্যাকেট ফর্মুলা দুধ কিনতে ব্যয় হচ্ছে প্রায় ৫০০ থেকে ৬০০ টাকা। এর ওপর সিজারিয়ান অপারেশনের কাটা স্থানে ইনফেকশন দেখা দেওয়ায় কল্পনার চিকিৎসা ব্যয় আরও বেড়ে গেছে। কল্পনা বেগম ও তার স্বামী জায়দুল দুজনই বাকপ্রতিবন্ধী। জায়দুল ভূরুঙ্গামারীর আন্ধারীঝাড় বাজারের একটি হোটেলে শ্রমিক হিসেবে কাজ করেন। তার সামান্য আয় দিয়েই সংসার চালানো কঠিন। এর মধ্যে একসঙ্গে তিন সন্তানের জন্ম হওয়ায় পরিবারের ব্যয় কয়েকগুণ বেড়ে গেছে। বর্তমানে অসুস্থ কল্পনা ও তার তিন সন্তানকে নিয়ে তার মা-বাবার বাড়িতে অবস্থান করছেন জায়দুল। আত্মীয়স্বজন ও স্থানীয় মানুষের সহযোগিতায় কোনোভাবে চিকিৎসা ও সন্তানদের খাবারের ব্যবস্থা করা হলেও প্রতিদিনের খরচ মেটাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। তিন সন্তানের জন্মে আনন্দিত হলেও নিজের অসুস্থতা ও আর্থিক অনটনের কারণে সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন কল্পনা বেগম। কথা বলতে না পারায় তার বক্তব্য পরিবারের সদস্যদের মাধ্যমে জানা গেছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, একসঙ্গে তিন সন্তান হওয়ায় কল্পনা অত্যন্ত খুশি। কিন্তু স্বামী-স্ত্রী দুজনই বাকপ্রতিবন্ধী এবং পরিবারটি দরিদ্র হওয়ায় সন্তানদের প্রয়োজনীয় চিকিৎসা, পুষ্টিকর খাবার ও দুধের ব্যবস্থা করা তাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। সন্তানদের সুস্থভাবে বড় করে তুলতে সরকারি-বেসরকারি সহায়তা প্রয়োজন। কল্পনার মা-বাবা জানান, তারা নিজেরাও দরিদ্র ও অসহায়। মেয়ের চিকিৎসা এবং তিন নবজাতকের খাবারের খরচ বহন করার মতো আর্থিক সামর্থ্য তাদের নেই। তাই সন্তানদের জীবন রক্ষা ও চিকিৎসা নিশ্চিত করতে সরকারি অফিস, বিভিন্ন সংস্থা, সামাজিক সংগঠন এবং সমাজের বিত্তবান ও দানশীল মানুষের সহযোগিতা কামনা করছেন তারা। ইতোমধ্যে বিষয়টি জানতে পেরে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেবনাথ ব্যক্তিগতভাবে পরিবারটিকে ৩ হাজার টাকা আর্থিক সহায়তা করেছেন বলে জানিয়েছে পরিবার। তবে পরিবারটি সরকারি পর্যায়ে কী ধরনের সহায়তা পেতে পারে এবং তাদের জন্য প্রশাসনের পক্ষ থেকে আরও কোনো উদ্যোগ নেওয়া হবে কি না—এ বিষয়ে বক্তব্য জানতে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেবনাথের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পরিবারটির দাবি, তিন নবজাতক ও অসুস্থ মায়ের চিকিৎসা এবং প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করতে দ্রুত সরকারি সহায়তা প্রয়োজন। একই সঙ্গে সমাজের বিত্তবান, দানশীল ব্যক্তি, সামাজিক সংগঠন ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের প্রতি অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন স্বজনরা।
সহায়তা করতে যোগাযোগ:
কল্পনার মা: ০১৭৩০৫১৭৬৫৩
কল্পনার বাবা আবুল কালাম: ০১৭৯৫৪৯৭৫৯৮

এমএসএম / এমএসএম

ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে নগদ টাকাসহ ৪ জুয়াড়ি গ্রেপ্তার

কুড়িগ্রামে গাইড বই না কেনায় ৬ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন মাদরাসা সুপার

বাকপ্রতিবন্ধী দম্পতির ঘরে একসঙ্গে তিন পুত্রসন্তান, চিকিৎসা ও দুধের খরচ জোগাতে হিমশিম পরিবার

প্রধানমন্ত্রীকে নিয়ে বিরূপ মন্তব্য, চাঁপাইনবাবগঞ্জে তোপের মুখে ইমামের পদত্যাগ

বরিশালে পরকীয়া নিয়ে বিরোধ : ভ্যান চালককে হত্যার পর লাশ ফেলা হয় পানিতে

বিপৎসীমার কাছাকাছি পদ্মার পানি, হাজারো মানুষ পানিবন্দি

কাপ্তাই হ্রদের পানি বাড়ায় আবারও খুলে দেওয়া হলো ১৬ জলকপাট

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব