গাজীপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
গাজীপুরে মাদক বিস্তার রোধ, চাঁদাবাজি ও অপরাধ দমনে দৃশ্যমান ও দৃষ্টান্তমূলক কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কড়া নির্দেশ দিয়েছেন গাজীপুর জেলার উন্নয়ন ও আইনশৃঙ্খলা সমন্বয়ের দায়িত্বপ্রাপ্ত রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, এমপি। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বা দল নেই; এমনকি নিজ দলের কেউ অপরাধে জড়িত থাকলেও তাকে ছাড় দেওয়া হবে না। রোববার সকালে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব নির্দেশনা দেন।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নুরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি একেএম ফজলুল হক মিলন, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি ডা. রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান, গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাউদ্দিন আইয়ুবী এবং গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার। এ ছাড়া উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার, গাজীপুর জেলা পুলিশ সুপার মো. জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী নাজিব হাসান, সাংবাদিক দেলোয়ার সহ জেলার অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রধান, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রধান ও জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।
সভার শুরুতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী নাজিব হাসান বিগত মাসের আইনশৃঙ্খলার সার্বিক চিত্র তুলে ধরেন। সভায় মাদক নিয়ন্ত্রণ, চাঁদাবাজি, গরু চুরি, গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতি, সার মজুত ও বিতরণ ব্যবস্থাপনা এবং রাজনৈতিকভাবে নিষিদ্ধ সংগঠনের তৎপরতার মতো বিষয়গুলো সবচেয়ে বেশি গুরুত্ব পায়। পাশাপাশি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সভায় বিস্তারিত আলোচনা হয়।
আলোচনায় অংশ নিয়ে গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) কমিশনার মো. ইসরাইল হাওলাদার টঙ্গীর বিখ্যাত মাদকের আখড়া হিসেবে পরিচিত মাজার বস্তিতে দীর্ঘদিন ধরে পরিচালিত অভিযানের বর্ণনা দেন। রাজউকের জমিতে গড়ে ওঠা এই অবৈধ বস্তিটি মাদকের কেন্দ্রস্থলে পরিণত হওয়ায় পুলিশকে নানা বাধাবিঘ্ন অতিক্রম করে অভিযান চালাতে হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। এ প্রসঙ্গে সেখানে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার কথা জানিয়ে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
সভায় আলোচনায় অংশ নিয়ে নিজ নিজ এলাকার সমস্যা ও সমাধান নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন, গাজীপুর-১ আসনের মো. মুজিবুর রহমান, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাউদ্দিন আইয়ুবী এবং জেলা পুলিশ সুপার মো. জসিম উদ্দিনসহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানরা।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, বর্তমান সরকারের মূল নীতি হলো ‘আমার আগে আমরা, আমাদের আগে দেশ, সবার আগে বাংলাদেশ’। তিনি স্মরণ করিয়ে দেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী মাদকের ব্যাপারে সর্বোচ্চ কঠোর মনোভাব পোষণ করেন এবং দেশ থেকে যেকোনো মূল্যে মাদক নির্মূলে সরকার অঙ্গীকারাবদ্ধ। তিনি নির্দেশ দেন, টঙ্গীর মাজার বস্তিসহ জেলার প্রতিটি অপরাধপ্রবণ এলাকায় দৃশ্যমান ও কার্যকর অভিযান পরিচালনা করতে হবে। পাশাপাশি আইন প্রয়োগের ক্ষেত্রে পুলিশকে সবসময় সরকারের পক্ষ থেকে পূর্ণ সহায়তা দেওয়া হবে বলেও আশ্বস্ত করেন তিনি।
এ সময় প্রতিমন্ত্রী জানান, আগামী সভায় প্রতিটি বিভাগের নির্দিষ্ট দায়িত্ব ও অর্জনের অগ্রগতি পর্যালোচনা করে জবাবদিহিতা নিশ্চিত করা হবে। এ জন্য জেলার সব বিভাগকে নির্দিষ্ট দায়িত্ব ও লক্ষ্য নির্ধারণ করে কাজ করার নির্দেশনা দিয়ে তিনি বলেন, ‘আগামী সভায় কার কী দায়িত্ব ছিল, কে কতটুকু পালন করেছেন, কেন পালন করতে পারেননি, তার স্থলে কাকে দিলে দায়িত্ব পালন সম্পন্ন করা যাবে—এসব বিষয় আমরা যেন বুঝতে পারি, সেভাবেই কাজ করুন।’
সভার সভাপতি ও জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করে বলেন, অতীতে প্রশাসনকে কাজ করার জন্য ওপর থেকে চাপিয়ে দেওয়া হতো, কিন্তু বর্তমানে প্রশাসনের কর্মকর্তারা নিজেরাই উদ্যোগী হয়ে কাজ করছেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ইনশাআল্লাহ আগামী সভার আগেই আজকের সভায় গৃহীত সব সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ