শিশুশ্রমিককে আটকে ৮০ হাজার টাকা দাবি, তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার ৪ সাংবাদিক
লক্ষ্মীপুরের রায়পুরে ১২ বছর বয়সী এক শিশুশ্রমিককে আটকে রেখে তার পরিবারের কাছে ৮০ হাজার টাকা দাবি করার অভিযোগ উঠেছে একটি বেকারির মালিক ও ম্যানেজারের বিরুদ্ধে। এ অভিযোগের সত্যতা যাচাই করতে গিয়ে চার সাংবাদিক মবের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শিশুটির পক্ষে তার মামা আলাউদ্দিন ও সাংবাদিকদের পক্ষ থেকে রায়পুর থানায় পৃথক এজাহার দেওয়া হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার আশ্রাফগঞ্জ বাজারের মহিলা কলেজ সড়কে পানির ট্যাংকির পাশে নিউ ইসলামীয়া বেকারিতে এ ঘটনা ঘটে বলে ভুক্তভোগী পরিবার, সাংবাদিক ও পুলিশ সূত্রে জানা গেছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ১২ বছর বয়সী যুবায়ের প্রায় দুই মাস আগে বাড়ি থেকে বের হয়ে ওই বেকারিতে কাজ নেয়। কয়েক দিন আগে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে তাকে বাড়িতে ফিরিয়ে নিতে চাইলে বেকারির মালিক ও ম্যানেজারের পক্ষ থেকে তাকে যেতে দেওয়া হয়নি।
পরিবারের দাবি, ঘটনার দিন সকালে বেকারির ম্যানেজার যুবায়েরের মাকে ফোন করে জানান, তার ছেলে গুরুতর অসুস্থ হয়ে পড়েছে এবং কথা বলতে পারছে না। খবর পেয়ে যুবায়েরের মা তার ভাইকে সঙ্গে নিয়ে বেকারিতে গেলে ম্যানেজার অভিযোগ করেন, যুবায়ের একটি প্রিন্ট মেশিনের তার কেটে ফেলেছে। এ জন্য ক্ষতিপূরণ হিসেবে ৭০ থেকে ৮০ হাজার টাকা না দিলে ছেলেকে নিয়ে যেতে দেওয়া হবে না বলে জানানো হয়।
এ সময় প্রতিবাদ করলে শিশুটির মা ও যুবায়েরকে ভয়ভীতি দেখানো এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও করেন পরিবারের সদস্যরা।
পরে অভিযোগের সত্যতা যাচাই ও সংবাদ সংগ্রহের জন্য ঘটনাস্থলে যান দৈনিক আমার দেশ-এর রায়পুর উপজেলা প্রতিনিধি এস এম জাকির হোসাইন, দৈনিক সকালের সময় -এর জেলা প্রতিনিধি নাঈম হোসাইন, এনপিবি নিউজ-এর উপজেলা প্রতিনিধি মাহবুবুল আলম রনি এবং দৈনিক আমার সকাল-এর উপজেলা প্রতিনিধি আব্দুল আহাদ।
সাংবাদিকদের অভিযোগ, তারা বেকারিতে গিয়ে তথ্য ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য নেওয়ার চেষ্টা করলে ম্যানেজার ও তার লোকজন তাদের ঘিরে ফেলেন। একপর্যায়ে স্থানীয় লোকজনকে সাংবাদিকদের বিরুদ্ধে উত্তেজিত করে মব পরিস্থিতি তৈরি করা হয়। নিজেদের নিরাপত্তার জন্য সাংবাদিকরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।
ঘটনাস্থলে গিয়ে সাংবাদিকরা বেকারিতে অল্পবয়সী একাধিক শিশুকে কাজ করতে দেখেন বলে জানান। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এসব শিশুকে দীর্ঘ সময় ধরে স্বল্প মজুরিতে কাজ করানো হচ্ছে। বেকারিটির উৎপাদন কার্যক্রমের পরিবেশ নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।
শিশু যুবায়ের সাংবাদিকদের কাছে দাবি করে, সে প্রিন্ট মেশিনের কোনো তার কাটেনি। এ বিষয়ে বেকারির সিসিটিভি ফুটেজ রয়েছে বলেও সে জানায়। তার অভিযোগ, মিথ্যা অভিযোগ তুলে তাকে ভয়ভীতি দেখানো হয়েছে।
এদিকে সাংবাদিকদের বিরুদ্ধে দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ তোলেন বেকারির মালিক মো. হারুনুর রশিদ পাটোয়ারী। তবে সাংবাদিকদের দাবি, সংবাদ সংগ্রহে যাওয়ার পর তাদের ওপর চাপ সৃষ্টি করে মব পরিস্থিতি তৈরি করা হয়। পরে তাদের বিরুদ্ধে পাল্টা চাঁদাবাজির অভিযোগ তোলা হয়েছে।
পুলিশ জানায়, সাংবাদিকদের বিরুদ্ধে করা চাঁদাবাজির অভিযোগের বিষয়ে সিসিটিভি ফুটেজ ও কল রেকর্ড যাচাই করা হয়েছে। এতে অভিযোগটির সত্যতা পাওয়া যায়নি।
এবিষয়ে অভিযুক্ত বেকারির মালিক ও ম্যানেজার শিশুকে আটকের বিষয়টি স্বীকার করে বলেন, " প্রিন্ট মেশিনের তার কাটার সময় যুবায়ের পাশে থাকায় ওর মাকে মিথ্যা বলে এনেছি। তার ঠিক করতে ৮০ থেকে ৯০ হাজার টাকা খরচ হবে সেটা সমাধান করে ছেলেকে নিয়ে যেতে বলছি।
শিশু যুবায়েরের পক্ষে তার মামা আলাউদ্দিন রায়পুর থানায় এজাহার দাখিল করেছেন বলে জানা গেছে। পাশাপাশি সাংবাদিকদের পক্ষ থেকেও থানায় পৃথক এজাহার দেওয়া হয়েছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, “শিশুশ্রমের বিষয়ে সত্যতা পাওয়া গেছে। শিশুদের উদ্ধার করে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। সাংবাদিকদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগের বিষয়ে সিসিটিভি ও কল রেকর্ড যাচাই করা হয়েছে। এতে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। বেকারির মালিক হারুন মিথ্যা রটনার জন্য দুঃখ প্রকাশ করে জনসম্মুখে ক্ষমা চেয়েছেন।"
এমএসএম / এমএসএম
ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার
সাতকানিয়া-শহরে গোসল করে এনে নিহতের লাশ লুকোচুরি করে দাফন,চেহারা দেখেনি স্ত্রী সন্তানেরাও
ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে তিতাস কমিউটারের স্টাফদের মারধরের অভিযোগ, টিকিট বিক্রি বন্ধ
প্রতিবেশীর লাঠির আঘাতে এক ব্যক্তি নিহত
মুকসুদপুরে বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১২ বার চুরি
সত্য ও ন্যায়ের পক্ষে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের
নওগাঁয় সার্ভার হ্যাক করে এনআইডি-সিডিআরসহ গোপন তথ্য সরবরাহ; যুবক গ্রেপ্তার
বরিশাল গৌরনদীতে প্রহসনের সালিশের দুইদিন পরই যুবতীর রহস্যজনক মৃত্যু
মাদারীপুরের কালকিনিতে ১৫পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদককারবারী গ্রেফতার!
দাউদকান্দিতে মাদরাসা শিক্ষা বিরোধী অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন
ঘোড়াঘাটে আদার জমিতে গাঁজা চাষ গাছ সহ যুবক গ্রেপ্তার
খাবার তৈরির পরিবেশ অপরিচ্ছন্ন, টুঙ্গিপাড়ায় দুই রেস্টুরেন্টকে জরিমানা