স্বাস্থ্য কমপ্লেক্সের চত্বরে গরুর খামার, ছয় মাসেও জানেন না কর্তৃপক্ষ
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চত্বরে সরকারি আবাসিক কোয়ার্টারের পাশে গরুর ঘর তৈরি করে ছয়টি গরু পালনের অভিযোগ উঠেছে এক কর্মচারীর বিরুদ্ধে। হাসপাতাল চত্বরে গরু পালন ও বর্জ্য জমে থাকায় গো-মূত্র ও গোবরের দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। এতে কোয়ার্টারে বসবাসকারী কর্মচারী, চিকিৎসক, রোগী ও স্বজনদের ভোগান্তিতে পড়তে হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ রয়েছে, স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই টেকনিশিয়ান আশ্রাফুল ইসলাম কয়েস গত ছয় মাস ধরে হাসপাতাল চত্বরের পূর্ব পাশে পুরোনো সরকারি কোয়ার্টারসংলগ্ন এলাকায় ছয়টি গরু পালন করছেন। গরু রাখার জন্য সেখানে টিন দিয়ে একটি চালা তৈরি করা হয়েছে। এর পাশের একটি অংশ বাঁশের বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে। হাসপাতাল চত্বরের ভেতরেই গরুগুলোকে ঘাস খাওয়ানো হয় বলেও অভিযোগ রয়েছে।
হাসপাতালসংশ্লিষ্ট ব্যক্তি ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আবাসিক কোয়ার্টারের পাশে গরুর ঘর তৈরি করায় সেখানে নিয়মিত গোবর ও গো-মূত্র জমছে। এসব বর্জ্য থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে আশপাশে। এতে কোয়ার্টারে বসবাসকারী কর্মচারীদের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হওয়ার পাশাপাশি হাসপাতালের পরিচ্ছন্নতা ও পরিবেশ নিয়েও প্রশ্ন উঠেছে।
নাম প্রকাশ না করার শর্তে কোয়ার্টারে বসবাসকারী এক কর্মচারী বলেন, “হাসপাতালের ভেতরে যেভাবে গরু পালন করা হচ্ছে, তা দেখে মনে হয় জায়গাটি যেন ব্যক্তিগত সম্পত্তি। কাউকে তোয়াক্কা না করে দিনের পর দিন এভাবে গরু পালন করায় আমরা অতিষ্ঠ।”
স্থানীয় বাসিন্দা মোশারফ হোসেন বলেন, “স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন ও দুর্গন্ধমুক্ত থাকা উচিত। এভাবে হাসপাতাল চত্বরের ভেতরে স্থায়ীভাবে গরু পালন করা ঠিক নয়। গো-মূত্র ও গোবরের দুর্গন্ধে মানুষের ভোগান্তি হচ্ছে। দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি।”
তবে গরু পালনের অভিযোগের বিষয়ে ইপিআই টেকনিশিয়ান আশ্রাফুল ইসলাম কয়েস বলেন, হাওরে দ্রুত পানি চলে আসায় গরুগুলো রাখার অন্য কোনো জায়গা না থাকায় পরিত্যক্ত কোয়ার্টারের পাশে চালা করে গরুগুলো রাখা হয়েছে। সরকারি হাসপাতালের ভেতরে ব্যক্তিগতভাবে গরু পালনের অনুমতি আছে কি না জানতে চাইলে তিনি বলেন, “দুই-তিন দিনের মধ্যে গরুগুলো বিক্রি করে দেব।”
দীর্ঘদিন ধরে হাসপাতালের ভেতরে গরু পালন করা হলেও বিষয়টি জানতেন না বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফিন আজিম। পরে তিনি বলেন, “যেদিকটায় গরুর ঘর করা হয়েছে, ওই দিকটা হয়তো চোখে পড়ে না। তাই এতদিন খেয়াল করিনি।” তিনি বিষয়টি খোঁজ নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানান।
এ বিষয়ে খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অলিদুজ্জামান বলেন, “সরকারি জায়গা ব্যক্তিগতভাবে ব্যবহারের কোনো সুযোগ নেই। স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
নেত্রকোনার জেলা সিভিল সার্জন ডা. গোলাম মাওলা বলেন, “এটা দেখার জন্য সেখানকার কর্মকর্তারা রয়েছেন। অভিযোগ পেলে তাঁরা এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবেন। তারপরও বিষয়টি আমি খোঁজখবর নিয়ে দেখব।”
সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের চত্বরে ব্যক্তিগতভাবে গরু পালন এবং সেখান থেকে সৃষ্ট বর্জ্য ও দুর্গন্ধ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ রয়েছে। হাসপাতালের পরিবেশ স্বাভাবিক রাখা এবং রোগী ও কর্মচারীদের দুর্ভোগ কমাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied