ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

ভূরুঙ্গামারীতে উদ্বোধনের পরও চালু হয়নি পাবলিক লাইব্রেরি


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ১৫-৯-২০২৬ দুপুর ২:১০

জনবল ও কার্যক্রম না থাকায় পরিত্যক্ত ভবন, রাতে আশ্রয় নিচ্ছেন অসহায় মানুষ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় অবস্থিত পাবলিক ক্লাব ও লাইব্রেরির মাঠে নির্মিত পাবলিক লাইব্রেরি ভবন উদ্বোধনের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো চালু হয়নি এর কার্যক্রম। জনবল নিয়োগ, বই সংগ্রহ, আসবাবপত্র ও অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা না থাকায় ভবনটি কার্যত পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। এমনকি রাতের বেলায় ভবনের সামনে অসহায় ও ছিন্নমূল মানুষকে মশারি টাঙিয়ে রাতযাপন করতেও দেখা যাচ্ছে। জানা গেছে, গত ২৭ নভেম্বর ২০২৫ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তৎকালীন মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে দেশের বিভিন্ন স্থানে নির্মিত পাবলিক লাইব্রেরি ভবনের উদ্বোধন ঘোষণা করেন। এরই অংশ হিসেবে ভূরুঙ্গামারী উপজেলায় নির্মিত পাবলিক লাইব্রেরি ভবনটিও উদ্বোধন করা হয়। এর আগে ১৯ জুন ২০২৫ তারিখে দেশের প্রতিটি উপজেলায় পর্যায়ক্রমে একটি করে পাবলিক লাইব্রেরি নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্তের অংশ হিসেবে প্রথম ধাপে দেশের ১১টি জেলার ৪৪টি উপজেলায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে লাইব্রেরি ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। ভিক্তি প্রস্তর স্থাপনের সংবাদটি সেই সময়( ২০জুন ২০২৫) ইং তারিখে দৈনিক সকালের সময় প্রকাশ করা হয়েছিল। পাবলিক লাইব্রেরী গুলো নির্মাণের উদ্দেশ্য ছিল উপজেলা পর্যায়ে শিক্ষার্থী, চাকরিপ্রার্থী, তরুণ সমাজ ও সাধারণ পাঠকদের জন্য একটি জ্ঞানচর্চার পরিবেশ তৈরি করা। পাবলিক লাইব্রেরির মাধ্যমে বই পড়ার সুযোগ সৃষ্টি, জ্ঞান ও তথ্যভিত্তিক সমাজ গঠন এবং তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ হিসেবে এই প্রকল্পকে দেখা হয়েছিল। কিন্তু উদ্বোধনের পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও ভূরুঙ্গামারীর পাবলিক লাইব্রেরিতে এখনো কার্যক্রম শুরু হয়নি। ভবনটির রক্ষণাবেক্ষণ ও নিয়মিত কার্যক্রম পরিচালনার জন্য এখন পর্যন্ত কোনো জনবল নিয়োগ দেওয়া হয়েছে কি না, সে বিষয়ে সংশ্লিষ্টদের কাছ থেকে কোনো সুস্পষ্ট তথ্য পাওয়া যায়নি। ফলে সরকারি অর্থে নির্মিত ভবনটি ব্যবহার না হয়ে ধীরে ধীরে অযত্ন ও অবহেলার মধ্যে পড়ে আছে। সরেজমিনে দেখা যায়, লাইব্রেরি ভবনের ভেতরে অল্প কিছু চেয়ার-টেবিল ছাড়া উল্লেখযোগ্য কোনো আসবাবপত্র নেই। পাঠকদের জন্য থাকার কথা বিভিন্ন ধরনের বই, পত্রিকা ও জ্ঞানমূলক সামগ্রী। কিন্তু ভবনটিতে কোনো বইপত্র চোখে পড়েনি। লাইব্রেরির জন্য বই, অন্যান্য সামগ্রী বা কার্যক্রম পরিচালনার জন্য কোনো বরাদ্দ দেওয়া হয়েছে কি না, সে বিষয়েও স্থানীয়ভাবে সুস্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে ভবনটি দীর্ঘদিন অব্যবহৃত থাকায় এর সামনের খোলা জায়গা এখন অসহায় ও ছিন্নমূল মানুষের আশ্রয়স্থলে পরিণত হয়েছে। রাতে কেউ কেউ সেখানে মশারি টাঙিয়ে ঘুমাচ্ছেন। একটি জনকল্যাণমূলক ও জ্ঞানচর্চার প্রতিষ্ঠান হিসেবে নির্মিত ভবনের এমন অবস্থা নিয়ে স্থানীয়দের মধ্যে হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, একটি পাবলিক লাইব্রেরি নির্মাণ নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। তবে শুধু ভবন নির্মাণ ও উদ্বোধন করলেই এর উদ্দেশ্য পূরণ হবে না। লাইব্রেরিতে পর্যাপ্ত বই, আসবাবপত্র, বিদ্যুৎ ও অন্যান্য সুবিধা নিশ্চিত করার পাশাপাশি নিয়মিত কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল নিয়োগ জরুরি। দ্রুত কার্যক্রম শুরু করা না হলে সরকারি অর্থে নির্মিত এই স্থাপনাটি অকার্যকর হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথের সঙ্গে কথা হলে তিনি জানান, পাবলিক লাইব্রেরি ভবনটির বর্তমান অবস্থা ও কার্যক্রম না চলার বিষয়টি সম্পর্কে তিনি অবগত ছিলেন না। গণমাধ্যমের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছেন। এ বিষয়ে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান। সচেতন মহলের দাবি, বর্তমানে তরুণ প্রজন্ম কে মাদকের হাতে রক্ষা করতে এই লাইব্রেরি টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তারা এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত উদ্যোগে গ্ৰহন করে । ভূরুঙ্গামারী পাবলিক লাইব্রেরিতে কার্যক্রম শুরু করা হোক। বই, আসবাবপত্র ও প্রয়োজনীয় উপকরণ সরবরাহের পাশাপাশি দক্ষ জনবল নিয়োগ করে পাঠকবান্ধব পরিবেশ নিশ্চিত করা হলে ভবনটি উপজেলার শিক্ষার্থী, তরুণ ও সাধারণ মানুষের জ্ঞানচর্চার গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হতে পারে। নির্মাণ ও উদ্বোধনের মধ্যেই যেন প্রকল্পের কার্যক্রম সীমাবদ্ধ না থাকে—এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। দ্রুত কার্যক্রম শুরু করে পাবলিক লাইব্রেরিটিকে সত্যিকার অর্থে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এমএসএম / এমএসএম

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস