বৃষ্টি উপেক্ষা করে বিসিক চামড়া ও চামড়াজাত পণ্যমেলায় দর্শনার্থীদের ভিড়
বৃষ্টির কারণে রাজধানীর জনজীবনে কিছুটা স্থবিরতা দেখা দিলেও থেমে নেই বিসিক চামড়া ও চামড়াজাত পণ্যমেলা। টানা বৃষ্টি উপেক্ষা করে মেলায় ভিড় করছেন দর্শনার্থীরা। পছন্দের চামড়াজাত পণ্য দেখতে ও কিনতে বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিতে জমে উঠেছে মেলা প্রাঙ্গণ।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁও বিসিক ভবনের নিচ তলায় চামড়া ও চামড়াজাত পণ্য মেলায় গিয়ে এমন চিত্র দেখা গেছে।
সকাল থেকেই আকাশ মেঘলা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় বৃষ্টি। তবে এতে দর্শনার্থীদের আগ্রহে ভাটা পড়েনি। ছাতা মাথায় কিংবা বৃষ্টির বিরতিতে মেলায় এসে বিভিন্ন স্টল ঘুরে দেখছেন তারা।
মেলায় দেশীয় উদ্যোক্তা ও ব্যবসায়ীরা চামড়ার তৈরি বিভিন্ন ধরনের পণ্য নিয়ে অংশ নিয়েছেন। জুতা, স্যান্ডেল, ব্যাগ, মানিব্যাগ, বেল্ট, জ্যাকেটসহ নানা ধরনের চামড়াজাত পণ্য সাজিয়ে রাখা হয়েছে বিভিন্ন স্টলে। তবে এখানে বড় মানুষের অন্য সবচেয়ে বেশি থাকলেও বাচ্চাদের জন্য চামড়াজাত পণ্য চোখে পড়েনি।
দর্শনার্থীরা ঘুরে ঘুরে পণ্যের মান, নকশা ও দাম যাচাই করছেন। অনেকে পছন্দের পণ্য কিনেও নিচ্ছেন। বিশেষ করে দেশীয় চামড়ার তৈরি পণ্যের প্রতি ক্রেতাদের আগ্রহ দেখা গেছে।
গাজীপুর থেকে মেলায় আসা দর্শনার্থী আহসানুল হক জানান, আমি গাজীপুরে ব্যবসা করি। মেলার খবর পেয়ে গাজীপুর থেকে আমি এখানে দেখতে এসেছি। মেলাতে এসে আমার খুব ভালো লাগছে, এখানে জুতা, বেল্ট, ব্যাগ দেখেছি। তিনি অভিযোগ করে বলেন, আমরা কোরবানির সময় গরুর চামড়ার দাম পাই না, অথচ এখানে প্রত্যেকটি চামড়া জাত পণ্যের দাম অনেক বেশি।
বাবা-মার সঙ্গে মেলায় আসা শিশু রিফা তাসমিয়া চৌধুরী বলেন, মেলায় ঘুরে অনেক কিছু দেখেছি। বেল্ট জুতা বিভিন্ন কিছু। কিছু পছন্দ হয়েছে কিনা জানতে চাইলে সে জানায়, এখানে বাচ্চাদের জন্য কিছু নেই।
আফতাবনগর থেকে মেয়েকে সঙ্গে নিয়ে মেলা দেখতে এসেছেন ফাতেমা। তিনি জানান, মেলা দেখতে এসেছি এখন পর্যন্ত কিছুই কিনতে পারেনি। মাত্রই ঢুকেছি ঘুরে দেখছি দেখি কি পছন্দ করে কেনা যায়। ঘুরে দেখার পরে দাম কেমন মনে হয়েছে আপনার কাছে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দাম রিজনেবল প্রাইসের মধ্যেই রয়েছে।
চামড়া শিল্পের জন্য মেলা কতটা দরকার বলে মনে করেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিভিন্ন এলাকায় যদি এটা হয় তাহলে আমাদের জন্য এটা ভালো। বাসা থেকে বের হলাম ঘুরাও হলো, কিছু কেনাও হলো।
হাজারীবাগ থেকে মেলায় অংশগ্রহণ করা এসপি লেদারের কর্মচারী রিফাত জানান, মেলার দ্বিতীয় দিনেও আমাদের বেচাকেনা আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে।
বাইরে অনেক লেদার পণ্য নকল থাকে আমরা এগুলা শনাক্ত কীভাবে করব? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কোরবানির পর থেকে অর্থাৎ কাঁচা চামড়া থেকে শুরু করে চামড়াত পণ্য তৈরি হওয়া পর্যন্ত আমাদের নিজেদেরই কারখানা এটি তৈরি হয়। আমাদের কাঁচা চামড়া ও পাকা চামড়ার ফ্যাক্টরি হাজারীবাগ ও হেমায়েতপুর রয়েছে। হাতের টেক্সচারের ওপর নির্ভর করে এটি আসল না নকল। হাজারীবাগে যারা ব্যবসা করে তারা অরজিনালি লেদার দিয়ে থাকে এবং যারা অন্য জায়গা থেকে লেদার পণ্য কিনে তারা প্রতারিত হতে পারে।
চামড়ার দাম কম কিন্তু পণ্যের দাম বেশি এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সিন্ডিকেটের কারণে লেদারের দাম বেশি পড়ে। এ ছাড়া কেমিক্যালেরও দাম অনেক বেশি। হ্যাঁ কোরবানির সময় অনেক চামড়া পচে যায়, পরবর্তী সময়ে এই সিন্ডিকেট দাম বাড়িয়ে দেয়।
কোনটি আসল পণ্য এবং কোনটি নকল পণ্য সেটি জানতে চাওয়া হলে গোল্ডেন লেদারের কর্মচারী মো. খোকন বলেন, আমরা সব সময় আসল লেদারের পণ্যই বিক্রি করি। চামড়াজাত কোন পণ্য যখন আপনি ভাস করবেন তখন এই জিনিসটা একটু কুচকে যাবে, এটা দেখেই মূলত চেনা যাবে আসল লেদার। আর সিন্থেটিক লেদার যেগুলো বাজারে পাওয়া যায় সেগুলো যদি আপনি ভাজ করেন কুচকাবে না। এটা দেখে মূলত আসলে লেদার চিনতে পারবেন।
বৃষ্টির কারণে বাইরে চলাচলে কিছুটা ভোগান্তি হলেও মেলার আয়োজন দেখতে তাদের আগ্রহ কমেনি। একই জায়গায় দেশীয় বিভিন্ন প্রতিষ্ঠানের চামড়াজাত পণ্য দেখার সুযোগ হওয়ায় তারা মেলায় এসেছেন।
বিক্রেতারাও বলছেন, বৃষ্টি থাকলেও দর্শনার্থীদের উপস্থিতি রয়েছে। বিভিন্ন ধরনের পণ্য দেখার পাশাপাশি ক্রেতারা কেনাকাটাও করছেন। ফলে মেলা ঘিরে ব্যবসায়ীদের মধ্যেও উৎসাহ দেখা গেছে।
মেলার স্টলগুলোতে দেশীয় চামড়াজাত পণ্যের পাশাপাশি আধুনিক নকশার নানা পণ্যও প্রদর্শন করা হচ্ছে। ক্রেতাদের আকৃষ্ট করতে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের পণ্যে বিশেষ মূল্যছাড় ও অফারও দিচ্ছে।
বৃষ্টির মধ্যে মেলা প্রাঙ্গণে আসা দর্শনার্থীদের কেউ ছাতা হাতে স্টল ঘুরে দেখছেন, আবার কেউ পরিবারের সদস্যদের নিয়ে পছন্দের পণ্য কিনছেন। সব মিলিয়ে বৈরী আবহাওয়ার মধ্যেও দর্শনার্থীদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে উঠেছে বিসিক চামড়া ও চামড়াজাত পণ্যমেলা।
বিসিকের এই বিশেষ উদ্যোগ চামড়া শিল্পের সামগ্রিক উন্নয়নে এবং নতুন নতুন উদ্যোক্তা তৈরিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই মেলা।
বিসিকের জনসংযোগ কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, এখানে আমাদের চামড়া এবং চামড়া জাত পণ্যের স্টল রয়েছে ৪৩টি। বাকি ছয়টি বিভিন্ন খাদ্য পণ্যের স্টল রয়েছে। এসব স্টলের ভাড়া কেমন জানতে চাইলে তিনি বলেন, আমাদের সরকারি একটি নীতিমালা অনুযায়ী যাদের নিবন্ধন রয়েছে তাদের ভাড়া স্টল প্রতি ৭০০ টাকা এবং যাদের নিবন্ধন নেই তাদের ভাড়া ১ হাজার টাকা করে দিতে হবে প্রতিদিন।
aliul / aliul
বন্ধ শিল্প চালু করতে ২০ হাজার কোটি টাকার স্কিম, ঋণে সুদ ৭%
অক্টোবর থেকে বাংলা কিউআরের টাকা সঙ্গে সঙ্গে যাবে মার্চেন্টের অ্যাকাউন্টে
ব্যাংকগুলোকে ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজ নিবন্ধন শেষের কড়া তাগিদ
সর্বজনীন পেনশন স্কিমে মুনাফা ১১.৬৮ থেকে ১১.৭২ শতাংশ ঘোষণা
এক যুগ পর ঢাকায় ফিরছে পোশাক খাতের ফ্ল্যাগশিপ প্রদর্শনী ‘বাটেক্সপো’
বৃষ্টি উপেক্ষা করে বিসিক চামড়া ও চামড়াজাত পণ্যমেলায় দর্শনার্থীদের ভিড়
গ্যাস পেয়ে উৎপাদনে, দুই দিন না যেতেই ফের বন্ধ সিইউএফএল
ঋণখেলাপি ইউনিটেক্সের কারখানা চালুর পরই কাঁচামাল সংকটে বন্ধ
টিসিবিতে এআই নজরদারির উদ্যোগ, ডিজিটাল কার্ডে মিলবে ভর্তুকির পণ্য
ভ্রমণ ও কেনাকাটায় বাড়তি সুবিধা, নতুন ক্রেডিট কার্ড আনল সিটি ব্যাংক
সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি
সবজি খাতে রপ্তানি বাড়াতে একমত সরকারি-বেসরকারি অংশীজন