এক যুগ পর ঢাকায় ফিরছে পোশাক খাতের ফ্ল্যাগশিপ প্রদর্শনী ‘বাটেক্সপো’
দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর দেশের পোশাক খাতের ফ্ল্যাগশিপ প্রদর্শনী ‘বাটেক্সপো’ আবারও ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১৮ ও ১৯ নভেম্বর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাটেক্সপোর রজতজয়ন্তী সংস্করণ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) আয়োজিত এবারের প্রদর্শনীর মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ব্র্যান্ডিং কান্ট্রি’। প্রচলিত বাজারের পাশাপাশি নতুন ও সম্ভাবনাময় বৈশ্বিক বাজারে বাংলাদেশের পোশাকশিল্পের অবস্থান শক্তিশালী করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিজিএমইএ কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান।
বিজিএমইএ জানায়, বিশ্বমঞ্চে বাংলাদেশের কান্ট্রি ব্র্যান্ডিং জোরদারের অংশ হিসেবে বর্তমান বোর্ডের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে বাটেক্সপোর এবারের আয়োজন করা হচ্ছে।
দুই দিনের এই মেগা ইভেন্টে থাকছে গ্লোবাল অ্যাপারেল এক্সপো, গ্লোবাল অ্যাপারেল সামিট, এআই ও ইনোভেশন হাব এবং সাস্টেইনেবিলিটি ও সার্কুলারিটি এক্সপোজিশন। এ ছাড়া থাকবে জিআইজেড প্রেজেন্টস সাসটেইনেবিলিটি লিডারশিপ অ্যাওয়ার্ড এবং ফ্যাশন রানওয়ে।
সংবাদ সম্মেলনে বিজিএমইএর পক্ষ থেকে জানানো হয়, বাটেক্সপোর পাশাপাশি আন্তর্জাতিক বাজার সম্প্রসারণেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে আগামী ২৮ ও ২৯ অক্টোবর বিজিএমইএ ও এইচএসবিসি বাংলাদেশের যৌথ উদ্যোগে হংকংয়ে অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশ অ্যাপারেল রোডশো, হংকং ২০২৬’।
জাপানের বাজারের সম্ভাবনা কাজে লাগাতেও উদ্যোগ নিয়েছে বিজিএমইএ। এ জন্য বিজিএমইএ কার্যালয়ে বিশেষায়িত ‘বিজিএমইএ-জাপান ডেস্ক’ চালু করা হয়েছে। আগামী ২৩ সেপ্টেম্বর ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে ডেস্কটির উদ্বোধন করবেন।
সংবাদ সম্মেলনে দেশের পোশাক রপ্তানির বর্তমান পরিস্থিতি এবং বৈশ্বিক ভূরাজনৈতিক চ্যালেঞ্জ নিয়েও আলোচনা করা হয়। পাশাপাশি উদ্ভাবন, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং পোশাকপণ্যের বৈচিত্র্যকরণে বিজিএমইএর বর্তমান বোর্ডের নেওয়া উদ্যোগগুলো তুলে ধরা হয়।
জ্বালানি নিরাপত্তা, এলডিসি থেকে উত্তরণের পরবর্তী প্রস্তুতি, ব্যবসা সহজীকরণ, কাস্টমস ও বন্ড-সংক্রান্ত জটিলতা এবং ব্যাংকিং খাতের বিভিন্ন সমস্যা নিয়েও আলোচনা হয়। এসব ক্ষেত্রে শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে প্রয়োজনীয় নীতিগত সহযোগিতার আহ্বান জানানো হয়।
বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বলেন, আগামী নভেম্বরে বাটেক্সপো-২০২৬ সফল করতে গণমাধ্যমের সহযোগিতা গুরুত্বপূর্ণ। তিনি প্রদর্শনীর ব্যাপক প্রচার-প্রচারণায় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার জোরালো সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিজিএমইএর সহসভাপতি (অর্থ) মিজানুর রহমান, পরিচালক শাহ রাঈদ চৌধুরী, নাফিস-উদ-দৌলা, এ বি এম সামছুদ্দিন, এনামুল আজিজ চৌধুরী এবং ট্রেড ফেয়ার অ্যান্ড ইভেন্টস কমিটির চেয়ারম্যান সাজিদ করিম।
aliul / aliul
বন্ধ শিল্প চালু করতে ২০ হাজার কোটি টাকার স্কিম, ঋণে সুদ ৭%
অক্টোবর থেকে বাংলা কিউআরের টাকা সঙ্গে সঙ্গে যাবে মার্চেন্টের অ্যাকাউন্টে
ব্যাংকগুলোকে ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজ নিবন্ধন শেষের কড়া তাগিদ
সর্বজনীন পেনশন স্কিমে মুনাফা ১১.৬৮ থেকে ১১.৭২ শতাংশ ঘোষণা
এক যুগ পর ঢাকায় ফিরছে পোশাক খাতের ফ্ল্যাগশিপ প্রদর্শনী ‘বাটেক্সপো’
বৃষ্টি উপেক্ষা করে বিসিক চামড়া ও চামড়াজাত পণ্যমেলায় দর্শনার্থীদের ভিড়
গ্যাস পেয়ে উৎপাদনে, দুই দিন না যেতেই ফের বন্ধ সিইউএফএল
ঋণখেলাপি ইউনিটেক্সের কারখানা চালুর পরই কাঁচামাল সংকটে বন্ধ
টিসিবিতে এআই নজরদারির উদ্যোগ, ডিজিটাল কার্ডে মিলবে ভর্তুকির পণ্য
ভ্রমণ ও কেনাকাটায় বাড়তি সুবিধা, নতুন ক্রেডিট কার্ড আনল সিটি ব্যাংক
সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি
সবজি খাতে রপ্তানি বাড়াতে একমত সরকারি-বেসরকারি অংশীজন