ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

ঝিনাইদহে আমতলা-তৈলটুপি সড়কের বেহাল দশায় চরম ভোগান্তিতে জনসাধারণ


আসাদুজ্জামান  photo আসাদুজ্জামান
প্রকাশিত: ১৯-৯-২০২৬ দুপুর ৩:৩৪

দীর্ঘদিনের অযত্ন, অবহেলা, পর্যাপ্ত সংস্কারের অভাব ও বরাদ্দ সংকটে ঝিনাইদহের আমতলা-তৈলটুপি-আলমডাঙ্গা (জেড-৭৪০৪) জেলা সড়কটি বর্তমানে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। ফলে, দীর্ঘদিন মেরামত না হওয়ায় ৩৬.০২৫ কিলোমিটার দীর্ঘ সড়কটির বিভিন্ন অংশ জনসাধারণ ও যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে।

সড়কজুড়ে তৈরি হয়েছে অসংখ্য ফাটল ও ছোট-বড় খানাখন্দ। কোথাও কোথাও পিচ উঠে গিয়ে সৃষ্টি হয়েছে গভীর গর্ত। এতে প্রতিদিন এসড়ক ব্যবহারকারী শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

আমতলা-তৈলটুপি-আলমডাঙ্গা সড়কটি ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের আমতলা বাজার থেকে শুরু হয়ে হরিণাকুণ্ডু উপজেলার চাঁদপুর, ফলসী, রঘুনাথপুর, জোড়াদহ ও ভায়না ইউনিয়নের মধ্য দিয়ে কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া হয়ে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার সঙ্গে সংযোগ স্থাপন করেছে। কৃষিপণ্য পরিবহন ও স্থানীয় ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রেও খুবই গুরুত্বপূর্ণ এই সড়কটি।

দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়কটির বিভিন্ন অংশে যান চলাচল কঠিন হয়ে পড়েছে। বর্ষা মৌসুমে খানাখন্দে পানি জমে পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এতে যানবাহন চলাচলের সময় দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে। বিশেষ করে মোটরসাইকেল, ইজিবাইক, ভ্যানসহ ছোট যানবাহনের চালকদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, আমতলা বাজার, মকিমপুর, ছোট ভাদড়া, কন্যাদহ, জিন্দারের মোড়, দরিবিন্নী ও শড়াবাড়িয়াসহ বিভিন্ন স্থানে সড়কের অবস্থা অত্যন্ত নাজুক। বিভিন্ন অংশে তৈরি হয়েছে ফাটল ও অসংখ্য গর্ত। বৃষ্টির সময় এসব গর্তে পানি জমে সড়কটি আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এতে ছোট যানবাহন ও মোটরসাইকেল চালকদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মাঝে মাঝে সড়কের কিছু অংশে ইট, বালু ও মাটি ফেলে সামান্য মেরামত করা হলেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম। অল্প সময়ের মধ্যেই সংস্কার করা অংশে আবারও গর্ত ও ভাঙন দেখা দেয়। তাঁদের মতে, সড়কটির উন্নয়নে দীর্ঘমেয়াদি ও টেকসই পরিকল্পনা না থাকায় ভোগান্তি দিন দিন বাড়ছে। গুরুত্বপূর্ণ এই সড়কটির দ্রুত পূর্ণাঙ্গ সংস্কার এবং প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।

ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের তথ্য অনুযায়ী, এলজিইডি থেকে সওজে হস্তান্তরিত ৩৬.০২৫ কিলোমিটার দীর্ঘ সড়কটির মাত্র ১৩ কিলোমিটার অংশ মোটামুটি চলাচলের উপযোগী রয়েছে। আমতলা বাজার থেকে শুরু করে ০-৪, ৫-১৩ এবং ২৫-৩৪ কিলোমিটার অংশ সম্পূর্ণভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

বিভাগটি জানায়, ২০২৪-২৫ অর্থবছরে ৩ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে চারটি টেন্ডারের মাধ্যমে সড়কটির ৩ হাজার ৩৫০ মিটার অংশ সংস্কার করা হয়েছে। তবে ২০২৫-২৬ অর্থবছরে সড়কটির কোনো সংস্কারকাজ হয়নি।

ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী তুহিন আল মামুন বলেন, “আমাদের বরাদ্দের অপ্রতুলতা রয়েছে। বরাদ্দ পাওয়া সাপেক্ষে আমরা প্রয়োজনীয় সংস্কারকাজ শুরু করতে পারব। সড়কটি নিয়ে আমরা একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছি, যা সময়সাপেক্ষ ব্যাপার।”

তবে, স্থানীয়রা সরকার ও সওজ কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করে সড়কটি দ্রুত সংস্কারের জোর দাবি জানিয়েছেন।

এমএসএম / এমএসএম

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির