ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

বিএনপি আট দফা না মানলে আন্দোলন এক দফায় পরিণত হবে: সিরাজগঞ্জে শফিকুর রহমান


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১৯-৯-২০২৬ দুপুর ৩:৩৫

  বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, বিএনপি ১১ দলীয় ঐক্যের ঘোষিত আট দফা দাবি মেনে না নিলে আন্দোলন এক দফায় পরিণত হবে। তিনি বলেন, ‘আট দফা দাবি না মানলে এক দফার জন্য আপনারা প্রস্তুত হোন। দেখা হবে রাজপথে, ইনশাআল্লাহ।’

শনিবার (১৯ সেপ্টেম্বর) সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় ঢাকা-রংপুর লংমার্চের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউ থেকে লংমার্চ শুরু হয়ে দুপুরের দিকে হাটিকুমরুলে পৌঁছায়। এর আগে সকাল সাড়ে আটটা থেকেই সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে ১১ দলীয় জোটের নেতা-কর্মীরা মিছিল নিয়ে মহাসড়কে জড়ো হতে থাকেন। দুপুর ১২টার মধ্যে জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। প্রচণ্ড তাপদাহ উপেক্ষা করে পাকা মহাসড়কে অবস্থান নেন হাজারো মানুষ।

মঞ্চে উঠে উপস্থিত জনতার উদ্দেশে শফিকুর রহমান বলেন, কাঠফাটা রোদের মধ্যে মানুষের উপস্থিতি আট দফা দাবি আদায়ের প্রস্তুতির প্রমাণ। এ উপস্থিতি তাঁদের আস্থা বাড়িয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বক্তব্যে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক অভিযোগও তোলেন জামায়াত আমির। তিনি দাবি করেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর জনগণের প্রত্যাশা অনুযায়ী সংস্কার, গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন করা হয়নি। তিনি আরও অভিযোগ করেন, দেশে দখলদারি, চাঁদাবাজি, লুটপাট ও সন্ত্রাস চলছে। এসব বিষয়ে বিএনপির সংশ্লিষ্ট নেতাদের বক্তব্য পাওয়া যায়নি।

জনসভায় এনসিপির আহ্বায়ক ও সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, গণভোটের রায় বাস্তবায়নসহ জনগণের বিভিন্ন প্রত্যাশা পূরণ হয়নি। সংসদে প্রতিবাদ ও রাজনৈতিকভাবে বিষয়টি তুলে ধরার পরও দাবি পূরণ না হলে রাজপথে কর্মসূচি দেওয়া ছাড়া বিকল্প থাকে না বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, ১১ দলীয় জোটের পক্ষ থেকে শান্তিপূর্ণভাবে ঢাকা-রংপুর লংমার্চ করা হচ্ছে। লংমার্চে বাধা দেওয়ার চেষ্টা করা হলে জনগণ তার জবাব দেবে বলেও তিনি মন্তব্য করেন।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, খেলাফত মজলিসের চেয়ারম্যান মাওলানা মামুনুল হক, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুল, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও বিরোধীদলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও প্রধান সংগঠক সারজিস আলমসহ জাতীয় ও স্থানীয় নেতারা।

সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় স্থানীয় ১১ দলীয় জোটের নেতারাও উপস্থিত ছিলেন।

দুপুর ২টা ১০ মিনিটের দিকে প্রধান অতিথির বক্তব্য শেষ করে রংপুরের উদ্দেশে লংমার্চ নিয়ে হাটিকুমরুল ত্যাগ করেন ডা. শফিকুর রহমান।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ