ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ: প্রিতিশ হালদারের বিরুদ্ধে চার্জশিট


নারগিস পারভীন photo নারগিস পারভীন
প্রকাশিত: ২০-৯-২০২৬ দুপুর ৪:২০
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে প্রিতিশ কুমার হালদারের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বিষয়টি আজ বিকেল সাড়ে ৩টার দিকে দুদকের সংবাদ সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জানান দুদকের সহকারী পরিচালক তানজির আহমেদ।
দুদকের তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, প্রিতিশ কুমার হালদারের নামে ক্রয় ও বিনিয়োগ সূত্রে ৪ কোটি ৮৪ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা মূল্যের অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। একই সময়ে তার পূর্বের ব্যবসার পুঁজি, বিভিন্ন ব্যবসা ও ব্যক্তিগত ঋণ খাতে মোট ৪ কোটি ৮৯ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা আয় দেখানো হয়। তবে এর মধ্যে ৩ কোটি ৫০ লাখ টাকা ব্যবসা ও ব্যক্তিগত ঋণ হিসেবে দেখানোর বিষয়ে কোনো রেকর্ডপত্র বা তথ্য তদন্তে পাওয়া যায়নি। দুদকের তদন্তে ওই অর্থকে বৈধ আয়ের উৎস হিসেবে গ্রহণযোগ্য নয় বলে প্রতীয়মান হয়েছে।
দুদকের ভাষ্য অনুযায়ী, এ কারণে প্রিতিশ কুমার হালদার ৪ কোটি ৮৪ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত অস্থাবর সম্পদ অর্জন করে তা ভোগদখলে রেখেছেন। এ অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় অপরাধ সংঘটনের তথ্য পাওয়া গেছে।
এ ছাড়া তদন্তে তার নামে ব্যাংক এশিয়া লিমিটেডের কর্পোরেট শাখার একটি হিসাবে ৮ অক্টোবর ২০১৮ থেকে ১ জুলাই ২০২৪ পর্যন্ত মোট ৭ কোটি ৭১ লাখ ৯৩ হাজার ৩৬৬ টাকা ২৮ পয়সা লেনদেনের তথ্য পাওয়া যায়। এর মধ্যে মুনাফাসহ জমা হয়েছে ৪ কোটি ১৩ লাখ ১৯ হাজার ৬৩০ টাকা ৮৫ পয়সা এবং বিভিন্ন কর্তনসহ উত্তোলন হয়েছে ৩ কোটি ৫৮ লাখ ৭৩ হাজার ৭৩৫ টাকা ৪৩ পয়সা। তদন্তে ২০১৮ সালের ৮ অক্টোবর থেকে ২০১৯ সালের ১৯ নভেম্বর পর্যন্ত ওই হিসাবে অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া যায়।
দুদকের তদন্তে আরও বলা হয়েছে, ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে অর্থ স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তরের মাধ্যমে অবৈধ আয় বৈধ করার চেষ্টা করা হয়েছে। এ অভিযোগে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় অপরাধ সংঘটনের তথ্য পাওয়া গেছে।
এর আগে প্রিতিশ কুমার হালদারকে নিজের ও তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে অর্জিত স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস এবং সম্পদ অর্জনের বিস্তারিত বিবরণী দাখিলের জন্য ২০২১ সালের ৪ এপ্রিল আদেশ দেয় দুদক। নির্ধারিত ঠিকানায় তাকে না পাওয়ায় একই বছরের ২১ সেপ্টেম্বর সম্পদ বিবরণীর আদেশ মূল ফরমসহ তার ঠিকানায় লটকিয়ে জারি করা হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে তিনি সম্পদ বিবরণী দাখিল করেননি। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধের তথ্য পাওয়া যায়।
মামলাটি দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ মামলা নং-০২, তারিখ ১ ডিসেম্বর ২০২২ হিসেবে নথিভুক্ত হয়। মামলায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা অভিযোগ হিসেবে উল্লেখ করা হয়েছে।
মামলার বাদী দুদকের সাবেক উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান। তদন্ত কর্মকর্তা ছিলেন দুদকের সাবেক উপপরিচালক মো. শহীদুল আলম সরকার। তদন্ত শেষে প্রিতিশ কুমার হালদারের বিরুদ্ধে উল্লিখিত ধারায় আদালতে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে কমিশন।

এমএসএম / এমএসএম

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক

কেশবপুর থানার নবাগত ওসি হাফিজুর রহমান হাফিজ

সোনারগাঁয়ে একটি ঘরের জন্য একজন অসহায় দিনমজুরের আকুতি

ধামরাইয়ে ব্যাটারি কারখানায় চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুটের অভিযোগ

চাঁদপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারী নিহত, আহত ২

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ: প্রিতিশ হালদারের বিরুদ্ধে চার্জশিট

রাস্তা নির্মাণে ব্যবহার হচ্ছে মাটি মিশ্রিত বালু ও পুরোনো ইটের খোয়া

জয়পুরহাটে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের পরিচ্ছন্নতা অভিযান

৩১ লাখ টাকা আত্মসাৎ ও ৭ ঘণ্টা থানায় আটকে রাখার অভিযোগ: ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন, সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর তোপ

নাগরপুরে যুবদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পৌরসভার উন্নয়নমূলক কাজের টাকা আত্মসাতের অভিযোগ

ভূরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

রৌমারী ও রাজিবপুরে সার ডিলারদের নিয়ে কমিশনারের মতবিনিময় সভা