সাভারের রাজফুলবাড়ীয়া ভূমি অফিস ঘুষ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির আখড়া
সাভারের রাজফুলবাড়ীয়া ইউনিয়ন ভূমি অফিস এখন ঘুষ, অনিয়ম ও দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। সরকারি নিয়ম-নীতির তোয়াক্কা না করে চলছে অবাধ দুর্নীতি। দালাল চাক্রের খপ্পরে পড়ে সাধারণ ভূমি মালিকরা চরম হয়রানির শিকার হচ্ছেন।
অনুসন্ধানে জানা যায়, উচ্চ আদালত কর্তৃক অবৈধ ঘোষিত মেট্রো মেকার্স এন্ড ডেভেলপারস এর জমি থেকে দুটি অবৈধ নামজারি দেওয়া হয়েছে।
মেট্রো মেকার্স এন্ড ডেভেলপারস এর ব্যবস্থাপনা পরিচালকের নামে থাকা বিলামালিয়া মৌজার আরএস ৪৩৫৬, ৪৩৫৯ দাগ থেকে গত ০৯/০৭/২৫ তারিখে গুলশান আরা বেগমের নামে ৪১.২৫ শতাংশ জমি নামজারি অনুমোদন দিয়েছেন তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) মোঃ জহিরুল আলম। যার খতিয়ান নং ২০২৫-১০০২৫৩।
এছাড়াও মেট্রো মেকার্সের নামে থাকা একই মৌজার আরএস ৩২৬৮ দাগ থেকে গত ২৬/০৭/২৬ তারিখে মোঃ গোলাম আজমের নামে ৪.৯৫ শতাংশ জমি নামজারি দিয়েছেন তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লা আল-আমিন ও ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা (তহশিলদার) জাহাঙ্গীর আলমের যোগসাজশে। যার খতিয়ান নং ২০২৬-১০০৫৫৮। জানা গেছে শেষ কর্মদিবসের দিনই আব্দুল্লা আল-আমিন ওই নামজারির অনুমোদন দেন।
এ বিষয়ে সাভার উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মোঃ ইমন হাছান বলেন, "হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী মেট্রো মেকার্স কোম্পানির কিছু দাগে নামজারি বন্ধ রয়েছে। বিলামালিয়া মৌজার আরএস ৪৩৫৬, ৪৩৫৯ ও ৩২৬৮ দাগগুলো চেক দিয়ে নিশ্চিত হয়েছি যে দাগগুলো মেট্রো মেকার্সের তালিকায়।
বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা) সূত্রে জানা গেছে, উচ্চ আদালতের রায়ে নদী ভরাট করে গড়ে ওঠা মেট্রো মেকার্স প্রকল্পের সকল স্থাপনা উচ্ছেদ করে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে বলা হয়েছে এবং কোন উন্নয়নমূলক কার্যক্রম না করার জন্য নিষেধাজ্ঞা দেওয়া আছে।
এ বিষয়ে বেলার লিগ্যাল কো-অর্ডিনেটর হাসানুল বান্না বলেন, "আদালতের রায়ে নামজারির ওপর নিদ্রিষ্ট করে কোন নিষেধাজ্ঞা নেই। তবে রায়ের সার্বিক বিষয় পর্যালোচনা করলে নতুন করে কোন উন্নয়ন বা নামজারি করলে তা অবৈধ বলে গণ্য হবে। উচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে মেট্রো মেকার্স আপিল করেছিল, আপিলে উচ্চ আদালতের রায় বহাল রাখা হয়েছে। পরবর্তীতে রিভিউ করেছিল তারা, সেটাও খারিজ হয়ে গেছে। মেট্রো মেকার্স একটি অবৈধ প্রকল্প।"
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি বলেন, মোটা অংকের টাকার বিনিময়ে অবৈধ এই নামজারি দেন জাহাঙ্গীর আলম। তবে তিনি নিজে কোন টাকা পয়সা লেনদেন করেন না, তার দালাল চকে্রর মাধ্যমে লেনদেন করা হয়। বেশিরভাগ লেনদেন হয় ভূমি অফিসের বাইরে।
এ বিষয়ে সাভার উপজেলা ভূমি অফিসের সাবেক সহকারী কমিশনার (ভূমি) বর্তমান টাঙ্গাইলের মির্জাপুরের ইউএনও মোঃ জহিরুল আলম বলেন, "এটা আগের ঘটনা, সবকিছু মনে নেই, সে সময় কিছু নামজারি হয়েছে ডিসি অফিসের পরামর্শ অনুযায়ী। উচ্চ আদালতের রুলে নামজারির ব্যাপারে নির্দিষ্ট কোন নিষেধাজ্ঞা ছিল না, আইনগত ভিত্তির ওপরেই করা হয়েছে।"
অপর সাবেক সহকারী কমিশনার আব্দুল্লা আল-আমিনের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তহশিলদার জাহাঙ্গীর আলমের কাছে মেট্রো মেকার্সের নামে থাকা জমি কিভাবে নামজারি হলো জানতে চাইলে তিনি কোন উত্তর দেননি।
সরকারি প্রশাসনিক নীতিমালার ফাঁকে একই কর্মস্থলে ঘুরেফিরে তিনবার পদায়ন বাগিয়ে নিয়েছেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহশিলদার) জাহাঙ্গীর আলম।
জানা যায়, জাহাঙ্গীর আলম প্রথম দফায় ২০২১ সালের ২৬ জুলাই থেকে ২০২৪ সালের ৪ জুলাই পর্যন্ত দুই বছর ১১ মাস ৯ দিন একটানা কর্মরত ছিলেন। পরে বদলি হলেও রহস্যজনকভাবে কয়েক মাসের ব্যবধানে ওই বছরেরই ১২ নভেম্বর দ্বিতীয় দফায় একই কার্যালয়ে যোগ দেন এবং ২০২৫ সালের ২৪ এপ্রিল পর্যন্ত পাঁচ মাস ১২ দিন দায়িত্ব পালন করেন। এরপর আবারও বদলি হলেও মাত্র কয়েক মাসের মাথায় চলতি ২০২৬ সালের ৫ জানুয়ারি তৃতীয় বারের মতো ফের একই কার্যালয়ে পদে বহাল হন। বর্তমানেও তিনি এই কার্যালয়েই কর্মরত রয়েছেন।
সরেজমিনে জানা যায়, অফিসের গেট থেকে শুরু করে অফিসের ভেতরে অন্তত ৭-৮ জনের একটি সংঘবদ্ধ দালাল চক্র সক্রিয়। সরকারি কোন নিয়োগ ও বেতন না থাকলেও জনি, পিরু, নাঈম, গৌর চন্দ্র, টিটু, তুষার, মোহাম্মদ আলী আজগর, কামাল, নাঈম ও মারুফসহ একাধিক ব্যক্তি কাজ করছে এই অফিসে। সরকারি ফি ১১৭০ টাকা হলেও দালাল ছাড়া কাজ করালে কাগজে ভুল আছে এমন অজুহাতে মাসের পর মাস ঘোরানো হয়। পরবর্তীতে মোটা অংকের টাকার বিনিময়ে নামজারি করে দেন তারা। এছাড়াও রেকর্ড রুমের মতো স্পর্শকাতর রুমে অবাধে ঢুকছে দালাল চক্রের সদস্য ও বহিরাগতরা।
এছাড়াও ভুক্তভোগী সালমা আক্তার বলেন, "দক্ষিণ শ্যামপুর মৌজার আরএস ৪৩৫ খতিয়ানের ২৬ শতাংশ জমি আমার বাবা মোঃ জামাল উদ্দিন আল কামাল মার্কেন্টাইল ব্যাংক হেমায়েতপুর শাখায় মর্টগেজ রেখে লোন নেন। লোন চলাকালে এক পর্যায়ে আমার দুই ভাই বাবার টিপসই নিয়ে কমিশন করে তাদের নামে হেবা দলিল করেন। অথচ ব্যাংকের ঋণ তখনো পরিশোধ না হওয়ায় আমার বাবার নামে পুনঃসমর্পণ পত্র দেয়নি ব্যাংক। পরবর্তীতে আমার বাবা মারা যাওয়ার পর লোন পরিশোধ করা হয়েছে, কিন্তু আমার বাবার ওয়ারিশগণ আমরা দুই বোন, দুই ভাই ও আমার মায়ের নামে ব্যাংক থেকে পুনঃসমর্পণ পত্র দেয়নি এখনো। অথচ আমার দুই ভাই ওই হেবা দলিল দিয়ে নামজারি করে নিয়েছে। বিষয়টি ব্যাংকের মাধ্যমে ভূমি অফিসে জানানো হলেও মোটা অংকের টাকার বিনিময়ে তাদেরকে নামজারি দেওয়া হয়।
আরেক ভুক্তভোগী নিরঞ্জন চন্দ্র মৃধা বলেন, "ভাকুর্তা মৌজায় আমাদের ১৬ শতাংশ জমির খাজনা দিতে গিয়ে দেখি অন্য ৫ জনের নামে নামজারি করা হয়েছে, কিন্তু তাদেরকে আমরা চিনি না। পরবর্তীতে আমরা একটি মিসকেস দায়ের করি, মিসকেস চলমান অবস্থায় তাদের ঠিকানায় নোটিশ পাঠানো হলেও একদিনও তারা কোর্টে হাজির হননি। এর মধ্যেই ৫ জনের মধ্যে থেকে একজনকে বাদ দিয়ে ৪ জনের নামে সৃজিত আরেকটি নামজারি করে নেয় তারা। পরবর্তীতে আমরা এসিল্যান্ডের আদেশের ভিত্তিতে নামজারি করিয়েছি, কিন্তু একটি কুচক্রী মহলের কারণে যে পরিমাণ হয়রানির শিকার হতে হয়েছে, সরকারের কাছে আমি চাই এরকম হয়রানি যেন আর কেউ না হয়।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভুক্তভোগী বেনামে অবৈধ খতিয়ানের কপি সংযুক্ত করে ঢাকা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
এবিষয়ে ঢাকার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিস ফরিদা খানম বলেন, "নিয়ম বহির্ভূতভাবে যদি কোন নামজারি দেওয়া হয় কোর্টের আদেশ অমান্য করে, তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। ভূমি অফিসের রেকর্ড রুমে সরকারি নিয়োগপ্রাপ্তদের বাইরে অন্য কারও প্রবেশের সুযোগ নেই। তবে এমন ঘটনা ঘটে থাকলে ব্যবস্থা নেওয়া হবে।"
এমএসএম / এমএসএম
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক
উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার
নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা
ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের