ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

সহজে মিলবে বৈদেশিক মুদ্রা, বাড়বে বাণিজ্যে অর্থায়নের সুযোগ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১-৯-২০২৬ দুপুর ৪:৪৫

বৈদেশিক মুদ্রার তহবিল সংগ্রহ ও ব্যবস্থাপনা আরও সহজ করতে দেশের ব্যাংকগুলোর অফশোর ব্যাংকিং ইউনিটকে (ওবিইউ) সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে বিভিন্ন মুদ্রার মধ্যে ক্রস-কারেন্সি সোয়াপ লেনদেনও করতে পারবে ওবিইউগুলো। এতে আন্তর্জাতিক বাণিজ্যে তুলনামূলক কম খরচে বৈদেশিক মুদ্রায় অর্থায়নের সুযোগ বাড়তে পারে।

সোমবার (২১ সেপ্টেম্বর) জারি করা এক সার্কুলারে এ নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক বলেছে, গ্রাহকের লেনদেন সহজ করা, বৈদেশিক মুদ্রার তারল্য ব্যবস্থাপনা জোরদার, সম্পদ ও দায় ব্যবস্থাপনা আরও কার্যকর করা এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত ট্রেজারি কার্যক্রমের সঙ্গে দেশের অফশোর ব্যাংকিং কার্যক্রমকে সামঞ্জস্যপূর্ণ করতেই এ সুবিধা দেওয়া হয়েছে।

নতুন ব্যবস্থায় ওবিইউগুলো নিজেদের ডোমেস্টিক ব্যাংকিং ইউনিট (ডিবিইউ), অন্যান্য অনুমোদিত ডিলার (এডি) ব্যাংক ও ওবিইউ এবং সংশ্লিষ্ট বিদেশি কাউন্টারপার্টির সঙ্গে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচা করতে পারবে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী ক্রস-কারেন্সি সোয়াপ লেনদেনও করা যাবে।

এর ফলে ওবিইউগুলো তুলনামূলক কম খরচের উৎস থেকে বৈদেশিক মুদ্রার তহবিল সংগ্রহ করতে পারবে। একইসঙ্গে প্রয়োজন অনুযায়ী তহবিলের কাঠামো সাজানো এবং বৈদেশিক মুদ্রার বিনিময় হারজনিত ঝুঁকি ব্যবস্থাপনা বা হেজিং করার সুযোগ তৈরি হবে।

বিশেষ করে অনুমোদিত বাণিজ্য অর্থায়নে এ সুবিধা কাজে লাগাতে পারবে ব্যাংকগুলো। বৈদেশিক মুদ্রার তহবিল সংগ্রহের খরচ কমানো সম্ভব হলে আমদানি-রপ্তানি ও অন্যান্য অনুমোদিত আন্তর্জাতিক বাণিজ্য কার্যক্রমে তুলনামূলক সাশ্রয়ী অর্থায়নের সুযোগ বাড়বে।

তবে বৈদেশিক মুদ্রা কেনাবেচা ও ক্রস-কারেন্সি সোয়াপের ক্ষেত্রে কিছু শর্ত দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সার্কুলার অনুযায়ী, এসব লেনদেন অবশ্যই অনুমোদিত গ্রাহক লেনদেন, প্রকৃত তহবিলের প্রয়োজন, নিষ্পত্তির দায়, বৈদেশিক মুদ্রার তারল্য ব্যবস্থাপনা, সম্পদ-দায় ব্যবস্থাপনা অথবা বৈদেশিক মুদ্রার ঝুঁকি ব্যবস্থাপনার সঙ্গে সরাসরি সম্পর্কিত হতে হবে।

কেন্দ্রীয় ব্যাংক ওবিইউগুলোকে বিচক্ষণ বৈদেশিক মুদ্রা তহবিল ব্যবস্থাপনা কৌশল গ্রহণের পরামর্শ দিয়েছে। প্রয়োজনে তুলনামূলক কম খরচে বৈদেশিক মুদ্রার তহবিল সংগ্রহ করে উপযুক্ত বৈদেশিক মুদ্রা কেনাবেচা বা ক্রস-কারেন্সি সোয়াপের মাধ্যমে বিনিময় হারজনিত ঝুঁকি ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগে ওবিইউগুলোর বৈদেশিক মুদ্রার তারল্য ব্যবস্থাপনায় নমনীয়তা বাড়বে। পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের জন্য বৈদেশিক মুদ্রায় অর্থায়ন ও ব্যাংকিং সেবা আরও সহজ এবং প্রতিযোগিতামূলক হওয়ার সুযোগ তৈরি হবে।

aliul / aliul

তিন কোম্পানির লভ্যাংশ ঘোষণা, একটিতে না দেওয়ার সিদ্ধান্ত

সরবরাহ বাড়লেও কমেনি ইলিশের দাম

বিদেশে চিকিৎসায় পূর্বানুমোদন ছাড়াই ৩০ হাজার ডলার নিতে পারবেন বাংলাদেশিরা

শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার দাবি, ৪ দিন সময় চায় মালিকপক্ষ

চার কোম্পানির লভ্যাংশ ঘোষণা

৭ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ, মুনাফা বেড়েছে ৫টির

মজুরি বোর্ডের দ্বিতীয় সভা আজ, প্রস্তাব দেবে শ্রমিকপক্ষ

১২০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে যমুনা অয়েল

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি বেড়েছে ১০.১৬ শতাংশ, বড় হয়েছে অপ্রচলিত বাজার

শেয়ারভিত্তিক অনিয়ন্ত্রিত আবাসন ব্যবসা বন্ধের দাবি রিহ্যাবের

প্রাথমিক শিক্ষায় ৩০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন বিশ্বব্যাংকের

সবজিতে স্বস্তি, মাছ-মাংসে গুণতে হচ্ছে বাড়তি অর্থ

সংকটাপন্ন ব্যাংকে বিপিসির ৪৮১৩ কোটি টাকা, কমিশন বাণিজ্যের সন্দেহ