ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ


কে এম রায়হান  photo কে এম রায়হান
প্রকাশিত: ২২-৯-২০২৬ দুপুর ১:৩৩

রাজধানীর সূত্রাপুরের মালাকারটোলায় রাজউকের মোবাইল কোর্টে নির্মাণবিধির ব্যত্যয় ধরা পড়ার পর বৈদ্যুতিক সার্ভিস লাইন বিচ্ছিন্ন ও মিটার জব্দ করা হলেও ফের পুরোদমে নির্মাণকাজ চলার অভিযোগ উঠেছে। ৪, ৫ ও ৬ নম্বর মালাকারটোলা লেনের ১০ তলা নির্মাণাধীন ভবনটিতে নির্ধারিত সাইডব্যাক না রাখা, পাশের ভবনের দেয়াল ক্ষতিগ্রস্ত করা এবং প্রতিবেশী ভবনকে ঝুঁকিতে ফেলার অভিযোগ আগে থেকেই রয়েছে। এ নিয়ে রাজউকে লিখিত অভিযোগের পাশাপাশি থানায় সাধারণ ডায়েরিও করেছেন পাশের ভবনের মালিক দিলীপ কুমার দাস। এর মধ্যে মোবাইল কোর্টের পর প্রায় ২০ লাখ টাকায় গোপনে ‘রফাদফা’র অভিযোগও স্থানীয় পর্যায়ে ছড়িয়ে পড়েছে।

রাজউক জোন-৭/১-এর নথিভুক্ত তথ্য অনুযায়ী, গত ১০ আগস্ট সূত্রাপুর এলাকায় পরিচালিত মোবাইল কোর্টে ৪, ৫ ও ৬ নম্বর মালাকারটোলার নির্মাণাধীন ভবনে ব্যত্যয়কৃত অংশ আংশিক অপসারণ করা হয়। একই অভিযানে ভবনটির একটি বৈদ্যুতিক সার্ভিস লাইন বিচ্ছিন্ন করে ডিপিডিসির প্রতিনিধির কাছে হস্তান্তরের তথ্য রয়েছে। ওই দিন মোট ৯টি ভবন পরিদর্শন, ৩টি মিটার জব্দ এবং ৩টি সার্ভিস লাইন বিচ্ছিন্ন করা হলেও কোনো জরিমানা আদায়ের তথ্য নেই।

অভিযোগ রয়েছে, মোবাইল কোর্টের পরও নির্মাণকাজ স্থায়ীভাবে বন্ধ থাকেনি। বরং কিছুদিন পর আবারও ভবন নির্মাণের কার্যক্রম শুরু হয়। ভবন মালিক আমির হোসেনের ভাষ্য, রাজউক থেকে জব্দ করা মিটার এনে পুনরায় নির্মাণকাজ শুরু করা হয়েছে। তার এই বক্তব্যের সঙ্গে রাজউকের মাঠপর্যায়ের কর্মকর্তাদের বক্তব্যেরও পার্থক্য দেখা গেছে।

রাজউক জোন-৭-এর অথরাইজড অফিসার ইলিয়াস হোসেন জানিয়েছেন, ওই ভবনে একবার মোবাইল কোর্ট পরিচালনা করে মিটার জব্দ করা হয়েছিল। ভবন মালিকপক্ষ আবারও বিধিবহির্ভূতভাবে নির্মাণকাজ চালালে আইন অনুযায়ী পুনরায় মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। ইমারত পরিদর্শক রাফিউল আলমও মোবাইল কোর্টে অনিয়ম পাওয়ার কথা জানিয়েছেন। মিটার পুনরায় ব্যবহারের বিষয়ে তার বক্তব্য, এ ক্ষেত্রে আদালতের কোনো আদেশ থাকতে পারে।

এদিকে ২৩ এপ্রিল রাজউক জোন-৭ কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেন পাশের ৬/১ মালাকারটোলা লেনের বাসিন্দা দিলীপ কুমার দাস। অভিযোগে তিনি বলেন, ৪, ৫ ও ৬ নম্বর প্লটে বহুতল ভবন নির্মাণের সময় তাদের ভবনের সীমানার একেবারে ঘেঁষে নির্মাণকাজ করা হচ্ছে। এতে তার ভবন ঝুঁকির মধ্যে পড়েছে। নির্মাণকারী পক্ষ তাদের উত্তর দিকের তিনটি দেয়াল এবং পশ্চিম দিকের একটি দেয়ালের অংশবিশেষ ভেঙে ফেলেছে বলেও অভিযোগ করেন তিনি।

লিখিত অভিযোগে নির্মাণকাজের শব্দে পরিবারের অসুস্থ সদস্যের শারীরিক অবস্থার অবনতির কথাও উল্লেখ করা হয়। বিরোধের জেরে বিষয়টি পরে থানায়ও গড়ায়। গত ১০ আগস্ট সূত্রাপুর থানায় করা জিডি নং ৫১৮-তে দিলীপ কুমার দাস কয়েকজনের বিরুদ্ধে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকির অভিযোগ করেন। জিডিতে তার ও পরিবারের সদস্যদের উদ্দেশে হুমকিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ রয়েছে।

সবকিছুর মধ্যে মোবাইল কোর্টে ব্যত্যয় চিহ্নিত হওয়া, সার্ভিস লাইন বিচ্ছিন্ন ও মিটার জব্দের পরও নির্মাণকাজ ফের শুরু হওয়া এবং মিটার রাজউক থেকে এনে ব্যবহারের দাবি—পুরো ঘটনাকে নতুন করে আলোচনায় এনেছে। বিশেষ করে মিটার জব্দের পর সেটি কী প্রক্রিয়ায় ভবন মালিকের হাতে ফিরে গেছে, সেই বিষয়টি সংশ্লিষ্ট নথিপত্রের আলোকে খতিয়ে দেখার দাবি উঠেছে।

স্থানীয় পর্যায়ে এ ভবনকে ঘিরে রাজউকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে প্রায় ২০ লাখ টাকার কথিত ‘রফাদফা’র অভিযোগও রয়েছে। 

রাজউকের মোবাইল কোর্টের নথি, স্থানীয় বাসিন্দার লিখিত অভিযোগ, থানার জিডি এবং সংশ্লিষ্টদের বক্তব্য—সব মিলিয়ে মালাকারটোলার এই নির্মাণকাজ নিয়ে আইন প্রয়োগের ধারাবাহিকতা, জব্দ করা মিটারের ব্যবস্থাপনা এবং পরবর্তী নির্মাণ কার্যক্রমের বিষয়ে প্রশাসনিকভাবে যাচাইয়ের অবকাশ তৈরি হয়েছে।

জিডির বিষয় তদন্ত কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মোঃ রাসেল মোল্লা জানান, দুই পক্ষের জিডি আছে। উভয়পক্ষের জিডি তদন্তনাধীন আছে।

এমএসএম / এমএসএম

সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ