অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি বাতিল করতে হবে
জনস্বার্থ ও অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি বাতিল করতে হবে বলে দাবি জানিয়েছে ইনস্টিটিউট ফর প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট (আইপিডি)।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের (আইপিডি) নির্বাহী পরিচালক অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান বলেন, কোনো ধরনের আলোচনা, গণশুনানি, জনপরামর্শ ও অংশীজনের সঙ্গে কার্যকর আলোচনা কিংবা মূল্যবৃদ্ধির সামাজিক-অর্থনৈতিক প্রভাবের প্রকাশ্য মূল্যায়ন ছাড়াই আকস্মিকভাবে জ্বালানি তেলের অস্বাভাবিক দাম বাড়ানোর সিদ্ধান্তের নিন্দা ও প্রতিবাদ জানায় ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট (আইপিডি)।
আন্তর্জাতিক বাজারের অস্থিতিশীলতা ও রাজস্ব চাপের অজুহাতে ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর এই সিদ্ধান্ত জনস্বার্থবিরোধী, অপরিণামদর্শী ও অর্থনৈতিক স্থিতিশীলতার অন্তরায়। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করার সরকারের এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানাচ্ছে গবেষণা ও নীতি-বিশ সংস্থা ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট (আইপিডি)।
আইপিডি মনে করে - বৈশ্বিক অস্থিরতা, মধ্যপ্রাচ্যের চলমান সংকট বা আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামার কারণে তেলের দাম সরাসরি ভোক্তাপর্যায়ে অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেওয়া কোনো টেকসই বা পরিকল্পিত সমাধান নয়। আমাদের অর্থনীতিতে ব্যবহৃত জ্বালানি তেলের প্রায় দুই-তৃতীয়াংশই ডিজেল, যা দেশের পরিবহন, কৃষি ও পণ্য সরবরাহের মূল চালিকাশক্তি। ফলে জ্বালানির এই নজিরবিহীন মূল্যবৃদ্ধি বাস ও পণ্য পরিবহন ভাড়া অস্বাভাবিক বাড়িয়ে দেবে, যা উচ্চ মূল্যস্ফীতির এ সময়ে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির জীবনযাত্রাকে চরম সংকটে ফেলবে। অন্যদিকে, সাম্প্রতিক সময়ে সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর উদ্যোগ চলমান আছে। সে তুলনায় দেশের বিশাল সংখ্যক বেসরকারি চাকরিজীবী, শ্রমজীবী ও সাধারণ মানুষের আয় বৃদ্ধি পাচ্ছে না। পাশাপাশি দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থাও এই মূহুর্তে স্থিতিশীল নয়।
এই বছরের এপ্রিল মাসে সব ধরনের জ্বালানি তেলের দাম ১৫-২০ টাকা বাড়ানো হয়েছিল। ফলে বিগত পাঁচ মাসের মধ্যেই তিনবার জ্বালানি তেলের দাম বৃদ্ধি দেশের সামগ্রিক অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন পরিকল্পনাকে বিশাল সংকটের মধ্যে ফেলে দিয়েছে। একই সঙ্গে নিম্নবিত্ত ও প্রান্তিক মানুষের জীবনযাপন ও বেঁচে থাকার সংগ্রামকে সামনের দিনে আরও কঠিন করে তুলবে বলে উল্লেখ করা হয়।
আইপিডি মনে করে, জ্বালানি তেলের মূল্য নির্ধারণ শুধু বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এর আয়-ব্যয়ের বিষয় নয়। এর সঙ্গে গণপরিবহন, কৃষি, শিল্প, পণ্য সরবরাহ, খাদ্য মূল্য, মূল্যস্ফীতি এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় সরাসরি যুক্ত। ফলে এ ধরনের বড় মূল্যবৃদ্ধির আগে সংশ্লিষ্ট অংশীজন, কৃষক, পরিবহন খাত, শিল্পোদ্যোক্তা, ভোক্তা প্রতিনিধি ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা এবং সম্ভাব্য অভিঘাত মূল্যায়ন করা প্রয়োজন। জ্বালানির মূল্যবৃদ্ধি পরিবহন ব্যয় বাড়ানোর পাশাপাশি কৃষি উৎপাদন, পণ্য পরিবহন ও শিল্পের উৎপাদন ব্যয়ে চাপ তৈরি করবে এবং শেষ পর্যন্ত খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার ঝুঁকি তৈরি করবে।
আইপিডি মনে করে, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা এবং বিপিসির আর্থিক চাপ বাস্তব হলেও এর পুরো বোঝা একবারে জনগণের ওপর চাপিয়ে দেওয়া কোনো টেকসই সমাধান নয়। বিপিসির আর্থিক সংকট মোকাবিলার পাশাপাশি জনগণ ও উৎপাদনশীল খাতকে সুরক্ষায় বিকল্প নীতিও বিবেচনা করবার প্রয়োজন ছিল।
বৈশ্বিক সংকটে শুধু মূল্যবৃদ্ধিই যে একমাত্র পথ নয়, বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞতা আমাদের সে শিক্ষাই দেয়। সাম্প্রতিক জ্বালানি সংকটে মূল্যবৃদ্ধির বাইরে জ্বালানি সাশ্রয়, লক্ষ্যভিত্তিক সহায়তা, রেশনিং ও বিকল্প জ্বালানি ব্যবহারের নীতি নিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ।
শ্রীলঙ্কা জ্বালানি সরবরাহ সংকট মোকাবিলায় 'কিউআর-কোডভিত্তিক' ফুয়েল কোটা চালু করেছে। যানবাহনের ধরন অনুযায়ী সাপ্তাহিক জ্বালানি সীমা নির্ধারণ করেছে এবং কৃষি ও অন্যান্য জরুরি খাতের জন্য বিশেষ সরবরাহ ব্যবস্থা রেখেছে। থাইল্যান্ড তাদের জাতীয় 'অয়েল ফান্ড' ব্যবহার করে ডিজেলের ওপর বড় অঙ্কের ভর্তুকি বজায় রেখেছে নিবন্ধিত পণ্য পরিবহনকারী ট্রাক, পাবলিক বাস ও গণপরিবহন এর ক্ষেত্রে। এর ফলে মধ্যপ্রাচ্যের তেলের ঊর্ধ্বগতির মধ্যেও দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের পরিবহন ব্যয় বাড়েনি, যা সামগ্রিক মূল্যস্ফীতিকে বাড়তে দেয়নি।
ভারত কৃষিতে ডিজেলের ওপর নির্ভরতা কমাতে পিএম-কুসুম প্রকল্পের মাধ্যমে সৌর কৃষি পাম্প কর্মসূচি সম্প্রসারণ করছে। মরক্কো গণপরিবহন ও পণ্য পরিবহন খাতে লক্ষ্যভিত্তিক সহায়তা হিসেবে ভর্তুকি দিয়েছে।
এসব অভিজ্ঞতা দেখায়, জ্বালানি সংকটের দীর্ঘমেয়াদি সমাধান শুধু ভোক্তার কাছে দাম বাড়ানো নয়; একই সঙ্গে চাহিদা ব্যবস্থাপনা, প্রয়োজনীয় খাতে লক্ষ্যভিত্তিক সহায়তা, জ্বালানি দক্ষতা এবং নবায়নযোগ্য শক্তিতে রূপান্তর এর মাধ্যমে আপদকালীন সময়ে জ্বালানি সংকট মোকাবেলা সম্ভব।
একই সঙ্গে জার্মানি, স্পেন, দক্ষিণ কোরিয়ার মত অর্থনৈতিকভাবে উন্নত দেশও বিভিন্ন ধরনের শুল্ক ও করছাড়ের মাধ্যমেও এই সংকট মোকাবেলা করবার চেষ্টা করছে। ফ্রান্স জ্বালানি সংকটে ক্ষতিগ্রস্ত ও জ্বালানি-নির্ভর কৃষিসহ বিভিন্ন অর্থনৈতিক খাতে 'সুনির্দিষ্ট ফুয়েল সহায়তা' অব্যাহত রেখেছে। ফলে দেশের সামগ্রিক অর্থনীতিকে সুরক্ষা দিতে বাংলাদেশের মত উন্নয়নশীল দেশেও শুল্ক ও করছাড়ের মত নীতি সহায়তা দেবার বিষয়গুলোকে অগ্রাধিকার দেবার কোন বিকল্প নেই বলে মনে করে আইপিডি।
আইপিডি মনে করে, আন্তর্জাতিক বাজার ও রাষ্ট্রীয় আর্থিক সক্ষমতার পাশাপাশি জ্বালানি মূল্য নির্ধারণে জনগণের ক্রয়ক্ষমতা এবং উৎপাদনশীল খাতের সক্ষমতাকেও সমান গুরুত্ব দিতে হবে। দেশের অর্থনীতি, কৃষি, শিল্প উৎপাদন ও সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় সুরক্ষায় আইপিডি সরকারের কাছে দাবি তুলে ধরে।
দাবিগুলোর মধ্যে রয়েছে- অবিলম্বে জ্বালানি তেলের বর্ধিত মূল্য বাতিল, ভবিষ্যতে জ্বালানি মূল্য সমন্বয়ের আগে সংশ্লিষ্ট অংশীজন ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা এবং সামাজিক-অর্থনৈতিক প্রভাব মূল্যায়ন এর মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া,আন্তর্জাতিক বাজারের অস্বাভাবিক পরিস্থিতিতে জ্বালানি আমদানির ওপর প্রযোজ্য শুল্ক, কর ও ভ্যাট সাময়িকভাবে সমন্বয় করে ভোক্তার ওপর চাপ কমানো সহ আরও অন্যান্য।
aliul / aliul
জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি বাতিল করতে হবে
পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করবে রাশিয়া-বাংলাদেশ
বাংলাদেশ থেকে পণ্য আমদানি বাড়াতে ভারতকে গভর্নরের আহ্বান
দিল্লিতে বাংলাদেশের প্রস্তাবিত হাইকমিশনারকে সম্মতি ভারতের
বাবার বকুনিতে বাড়ি ছাড়ে আব্দুল্লাহ, ৭ দিন পর টঙ্গী স্টেশনে উদ্ধার
বিডিআর বিদ্রোহ ও জাতিসংঘ মিশনে হতাহতদের ৭০ পরিবার পেল ফ্ল্যাট
জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ
রাতের মধ্যে ১৩ অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস
বাসভাড়া বাড়ল কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন
পুলিশে বড় পরিবর্তনের পর এবার ৪ জেলায় নতুন পুলিশ সুপার
পুলিশের ঊর্ধ্বতন ২২ কর্মকর্তাকে বদলি