ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

মোহাম্মদপুরের ফার্মেসিতে গুলি, তদন্তে পুলিশ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-১১-২০২৬ দুপুর ১১:৪৪

রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডে সাবেক কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম রাষ্টনের ব্যবসাপ্রতিষ্ঠান ‘অনুরাগ ফার্মেসি’তে দুর্বৃত্তদের গুলির ঘটনার নেপথ্যে চাঁদাবাজি নাকি স্থানীয় রাজনীতি ও অন্য কোনো বিরোধ, তা খতিয়ে দেখছে পুলিশ।

তদন্তসংশ্লিষ্টরা একাধিক বিষয় সামনে রেখেই তদন্ত চালিয়ে যাচ্ছেন এবং গুলি ছোড়া যুবকদের পরিচয় শনাক্তের চেষ্টা করছেন। এদিকে, ঘটনার সময় অল্পের জন্য প্রাণে বেঁচে যাওয়া ফার্মেসির ম্যানেজার রাসেল তালুকদার অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে থানায় অভিযোগ দিয়েছেন।

এর আগে গতকাল শুক্রবার (১৩ নভেম্বর) রাত ১১টার দিকে ব্যবসাপ্রতিষ্ঠানটিতে গুলির ঘটনা ঘটে। এ সময় ফার্মেসি লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছুড়ে দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হননি।

প্রতিষ্ঠানের মালিক সৈয়দ হাসান নূর ইসলাম রাষ্টন জানান, গত ৬ নভেম্বর একটি বাংলাদেশি মোবাইল নম্বর থেকে ফোন করে শীর্ষ সন্ত্রাসীদের নাম ব্যবহার করে তার কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। তবে বিষয়টি আমলে না নিয়ে তিনি নম্বরটি ব্লক করে দেন। এর জের ধরে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা অনুরাগ ফার্মেসি ও রেস্তোরাঁর সামনের সড়কে ককটেল বিস্ফোরণ ঘটায়।

পুলিশের একটি সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে মোহাম্মদপুর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ও ৩২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম রাষ্টন বিদেশে পলাতক রয়েছেন। তার পরিবারের সদস্যরা বাবর রোডে ‘অনুরাগ’ নামে একটি রেস্তোরাঁ, একটি ফার্মেসি ও একটি সুপারশপ পরিচালনা করছেন। এর মধ্যে অনুরাগ ফার্মেসিকে লক্ষ্যবস্তু করে সন্ত্রাসীরা।

সাম্প্রতিক সময়ে রাজধানীজুড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ককটেল বিস্ফোরণ এবং বাসে আগুন দিয়ে নাশকতার ঘটনা ঘটায় প্রাথমিকভাবে এই ককটেল বিস্ফোরণগুলোকে সেই ধারাবাহিকতার অংশ হিসেবে দেখা হচ্ছিল। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলাও করে। তবে গত ১৩ নভেম্বর রাত ১১টার দিকে ফার্মেসিতে গুলির ঘটনার পর নেপথ্যের কারণ খুঁজতে নামে পুলিশ।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ওই যুবক একসময় মোহাম্মদপুরের একটি বেসরকারি প্রতিষ্ঠানে ডেলিভারি ম্যান হিসেবে কাজ করতেন। পরে কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িয়ে পড়েন এবং একপর্যায়ে এই পরিচয়ের আড়ালে এক শীর্ষ সন্ত্রাসীর হয়ে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চাঁদা আদায় শুরু করেন। এভাবেই সাবেক কাউন্সিলর রাষ্টনকে হুমকি দেওয়া হয়। চাঁদা দাবির বিষয়টি আমলে না নেওয়ায় ওই সন্ত্রাসীর সহযোগীরা গুলির ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তদন্তকারীরা।

মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, হামলাকারীদের শনাক্তে পুলিশের একাধিক টিম কাজ করছে। ভুক্তভোগীর পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। শনিবার রাতেই অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হবে। এতে তিনজন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হবে।

aliul / aliul

মোহাম্মদপুরের ফার্মেসিতে গুলি, তদন্তে পুলিশ

‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ কার্যক্রমে যুক্ত করা হবে ৩৯ হাজার সিনিয়র সিটিজেনকে

তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে শামা ওবায়েদের সাক্ষা‌ৎ

আদাবরে যুবদল নেতা সজীব আহমেদ রানা গ্রেপ্তার

জলবায়ু সম্মেলনে পাটের বহুমুখী ব্যবহার তুলে ধরলো বাংলাদেশ

শ্রমিকেরা কাজে যোগ না দিলে কারখানা বন্ধের সিদ্ধান্ত নিতে পারেন মালিকরা

ঢাবিতে ককটেল বিস্ফোরণ: যান চলাচল ও বহিরাগত প্রবেশে কড়াকড়ি

এক বছরে মোহাম্মদপুরে বসবে কয়েক শ সিসিটিভি ক্যামেরা: ববি হাজ্জাজ

মোহাম্মদপুরে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আবুল হোসেন গ্রেপ্তার

সোনারগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

বাণিজ্যিক আদালত আইন সংশোধন করবে সরকার: অ্যাটর্নি জেনারেল

ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু, শনাক্ত ১ হাজার ৮৪