ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

নগরকান্দা উপজেলা প্রশাসন স্কুলে বছরে আয় ২০ লাখ, ব্যয় নিয়ে প্রশ্ন


নগরকান্দা প্রতিনিধি photo নগরকান্দা প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৯-২০২৬ দুপুর ২:০

ফরিদপুরের নগরকান্দা উপজেলা প্রশাসন স্কুলে বছরে প্রায় ২০ লাখ ৫৪ হাজার টাকা আয় হয়। এর মধ্যে শিক্ষকদের বেতনসহ দৃশ্যমান ব্যয় প্রায় ৫ লাখ টাকা। বাকি অর্থ কীভাবে ব্যয় হচ্ছে, তার পূর্ণাঙ্গ হিসাব নিয়ে প্রশ্ন উঠেছে। পরিচালনা পর্ষদ না থাকা, আয়-ব্যয়ে স্বচ্ছতার ঘাটতি এবং শিক্ষকদের অপ্রতুল বেতন নিয়েও অভিযোগ রয়েছে।

১৯৯০ সালে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে সরকারি জায়গায় বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ৩৬ বছরেও প্রতিষ্ঠানটির নামে কোনো নিবন্ধন হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। চলতি বছরের জানুয়ারির হিসাব অনুযায়ী, শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বিদ্যালয়টিতে শিক্ষার্থী ৩০৯ জন।

সংশ্লিষ্ট ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী, শিক্ষার্থীদের কাছ থেকে শ্রেণিভেদে মাসে গড়ে ৪৫০ টাকা বেতন নেওয়া হয়। এতে বছরে আয় হয় প্রায় ১৬ লাখ ৬৮ হাজার টাকা। জানুয়ারিতে শিক্ষার্থীপ্রতি প্রায় ১ হাজার ২৫০ টাকা ভর্তি ফি নেওয়া হয়। এ খাত থেকে আয় হয় প্রায় ৩ লাখ ৮৬ হাজার টাকা। অর্থাৎ বেতন ও ভর্তি ফি থেকেই বছরে আয় প্রায় ২০ লাখ ৫৪ হাজার টাকা।

এর বাইরে পুকুর ইজারা, দোকানঘর ও দুটি কক্ষের ভাড়া, পুরোনো খাতাপত্র বিক্রি এবং বোর্ড নির্ধারিত বইয়ের বাইরে অতিরিক্ত বই বিক্রি থেকেও আয় হয় বলে অভিযোগ রয়েছে।

অন্যদিকে বিদ্যালয়ের আটজন শিক্ষক ও একজন আয়ার বেতন বাবদ মাসে প্রায় ৪০ হাজার টাকা, বছরে প্রায় ৫ লাখ টাকা ব্যয় হয় বলে জানা গেছে। ফলে বেতন ও ভর্তি ফি থেকে পাওয়া অর্থের বড় একটি অংশ উদ্বৃত্ত থাকার কথা। কিন্তু সেই অর্থের পূর্ণাঙ্গ হিসাব, ব্যাংক বিবরণী, ভাউচার, ইজারা ও ভাড়ার নথি নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কার্যকর পরিচালনা পর্ষদ ও শিক্ষক প্রতিনিধি না থাকায় বিদ্যালয়ের আর্থিক ব্যবস্থাপনায় যথাযথ নজরদারি নেই। এসব অভিযোগের কেন্দ্রে রয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা নূর খান।

এত আয় থাকার পরও শিক্ষকদের মাসিক বেতন ৩ থেকে সাড়ে ৩ হাজার টাকা। অপ্রতুল বেতনের কারণে যোগ্য ও অভিজ্ঞ শিক্ষক ধরে রাখা এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করা নিয়েও প্রশ্ন রয়েছে।

বিদ্যালয়ের অবকাঠামো ও পরিবেশ নিয়েও অভিযোগ আছে। পর্যাপ্ত নিরাপদ পানির ব্যবস্থা নেই এবং সরকারি অর্থায়নে নির্মিত টয়লেট নিয়মিত পরিষ্কার করা হয় না বলে কয়েকজন অভিভাবক দাবি করেছেন। ২০২৫ সালের ডিসেম্বরের দিকে সাবেক ইউএনও দবির উদ্দিনের সহযোগিতায় বিদ্যালয়ের কিছু সংস্কারকাজ করা হলেও ব্যবস্থাপনার সমস্যাগুলো পুরোপুরি কাটেনি বলে অভিযোগ রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, সাবেক ইউএনওর হস্তক্ষেপের পর আর্থিক লেনদেনে কিছুটা শৃঙ্খলা ফিরেছে। এরপর বিদ্যালয়ের ব্যাংক হিসাবে প্রায় ৮ থেকে ৯ লাখ টাকা জমা হয়েছে। তবে আগের বছরগুলোর আয়-ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব এখনো পরিষ্কার নয় বলে অভিযোগ রয়েছে।

এক শিক্ষার্থীর অভিভাবক মুন্সি জাহিদুল ইসলাম বলেন, ‘শ্রেণিকক্ষগুলোর সৌন্দর্য বৃদ্ধি করা দরকার। টয়লেটগুলো ব্যবহারের অনুপযোগী। শিশুদের জন্য পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে প্রতিষ্ঠানের আয়-ব্যয়ের হিসাবের স্বচ্ছতা নিশ্চিত করে মানসম্মত শিক্ষক নিয়োগের দাবি জানাই।’

নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ বলেন, বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন এবং আয়-ব্যয়ের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে একটি কার্যকর ম্যানেজিং কমিটি গঠন করা প্রয়োজন। শিক্ষকদের জন্যও যৌক্তিক ও সম্মানজনক বেতন কাঠামো চালু করা দরকার।

নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন বলেন, ‘প্রতিষ্ঠানটির শিক্ষার গুণগত মানোন্নয়নে শিগগির প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। অর্থনৈতিক অনিয়মের অভিযোগটিও খতিয়ে দেখা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘অল্প সময়ের মধ্যে শিক্ষক ও অভিভাবকদের নিয়ে একটি সমাবেশ আয়োজন করা হবে। শিক্ষকদের জন্য মানসম্মত বেতন কাঠামো নির্ধারণের বিষয়টিও বিবেচনা করা হবে।’

অভিযোগের বিষয়ে জানতে প্রধান শিক্ষক রোকসানা নূর খানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

এমএসএম / এমএসএম

হাওরের প্রত্যন্ত গ্রাম থেকে সহকারী জজ শুভ আহমেদ

নাচোলে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র ও পরিবার কেন্দ্রে চিকিৎসক সময়মতো না আসার অভিযোগ

ভূমি কর্মকর্তার কারসাজিতে প্রাপ্যের ১২ গুণ জমি নামজারি

নগরকান্দা উপজেলা প্রশাসন স্কুলে বছরে আয় ২০ লাখ, ব্যয় নিয়ে প্রশ্ন

সুন্দরবনে যাচ্ছে মুকসুদপুর প্রেসক্লাবের সাংবাদিকরা

মেঘনা নদী থাকবে নীরব, কীভাবে চলবে মনপুরার জেলে পরিবার?

নাগরপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে ছুরিকাঘাতে স্বামীর আত্মহত্যার চেষ্টা

মুকসুদপুরে মাতৃস্নেহ প্রতিবন্ধী যুব নারী উন্নয়ন সংস্থা আয়োজনে ফ্রি চিকিৎসা ও থেরাপি ক্যাম্পের উদ্বোধন

শালিখায় খেলার মাঠের দাবিতে ছাত্র-ছাত্রী ও গ্রামবাসীর মানববন্ধন

​রাঙ্গামাটিতে সেনাবাহিনী কর্তৃক তরুণ-তরুণীদের বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ

আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার কাচারি ঘর

চাঁপাইনবাবগঞ্জে এসবিআর অভিযানে হেরোইনসহ যুবক গ্রেফতার

সেপ্টেম্বর অন যশোর রোড: ইতিহাসের এক অদ্ভুত ফিরে দেখা