চাকরি হারানো কর্মী থেকে আদালতের মোহুরি: ‘আইও’ সেজে প্রতারণা
চট্টগ্রামে পুলিশের কর্মকর্তা সেজে মামলার বাদীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া চক্রের মূলহোতা মো. মোজাম্মেল হক কবিরকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
পিবিআই, সিআইডি কিংবা ডিবি পুলিশের কর্মকর্তা সেজে মামলার বাদীদের কাছে ফোন দিতেন কবির। বলতেন, ‘আমি আপনার মামলার তদন্ত কর্মকর্তা (আইও), তদন্তে মাঠে যেতে হবে, গাড়িভাড়া ও নাশতার খরচ লাগবে।’ খরচের বিনিময়ে তদন্ত প্রতিবেদন বাদীর অনুকূলে দেওয়ার প্রলোভন দিতেন। বিশ্বাস অর্জনে তুলে ধরতেন মামলার এমন সব গোপন তথ্য, যা বাদী ছাড়া আর কারো জানার কথা নয়। তবে শেষ রক্ষা হয়নি। আদালতের এক মামলার বাদীর কাছ থেকে বিকাশ ও নগদের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার এই কৌশলে শেষ পর্যন্ত ধরা পড়েন তিনি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেট্রো কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পিবিআই চট্টগ্রামের পুলিশ সুপার এম কে এইচ মো. জাহাঙ্গীর হোসেন গ্রেপ্তারের বিস্তারিত তথ্য তুলে ধরেন।
প্রতারণার এই চিত্রনাট্য কতটা সুনির্দিষ্ট ছিল, তার প্রমাণ মেলে পিবিআই কার্যালয়ে ঘটা একটি ঘটনায়। ফটিকছড়ির এক মামলার বাদীকে ফোন করে পিবিআইয়ের উপ-পরিদর্শক (এসআই) আবু সুফিয়ানের পরিচয় দেওয়া হয়। ফোনে বলা হয়, ২ হাজার টাকা পাঠালে ফটিকছড়িতে না গিয়েই দূর থেকে তদন্ত শেষ করে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হবে।
পরবর্তী সময়ে সেই বাদী পিবিআই চট্টগ্রাম কার্যালয়ে গিয়ে সরাসরি এসআই আবু সুফিয়ানের খোঁজ করেন। প্রতারক বলেছিলেন, ‘তিনি অফিসের বাইরে রয়েছেন’। কিন্তু কাকতালীয়ভাবে আসল এসআই আবু সুফিয়ান তখন কার্যালয়েই উপস্থিত ছিলেন। বাদী যখন টাকা পাঠানোর বিষয়টি তুলে ধরেন, তখন এসআই আবু সুফিয়ান স্পষ্ট জানান, তিনি কোনো টাকা চাননি এবং যে নম্বর থেকে ফোন গেছে, সেটি তার নয়।
বিষয়টি বুঝতে পেরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেন এসআই আবু সুফিয়ান। এরপর বুধবার (২৩ সেপ্টেম্বর) চট্টগ্রামের রাউজান থানায় মামলা করা হয়। মামলা হওয়ার পর তদন্তভার নেয় পিবিআই।
নোয়াখালীর সুধারাম থানার গৌরীপুর এলাকার বাসিন্দা মোজাম্মেল হক কবির। পূর্বে তিনি উৎপাদনকারী প্রতিষ্ঠান ইউনিলিভার-এ চাকরি করতেন। চাকরি হারানোর পর গত প্রায় দুই মাস ধরে চট্টগ্রাম আদালতে একজন আইনজীবীর সহকারী বা মোহুরি হিসেবে কাজ শুরু করেন।
তদন্তকারীদের মতে, এই দুই মাসের মোহুরি জীবনই তার প্রতারণার প্রধান অস্ত্র হয়ে দাঁড়ায়। আদালতের বারান্দায় ওঠাবসা করার সুবাদে সিআর মামলা, বাদীদের নাম, মোবাইল নম্বর এবং কোন সংস্থা বা কর্মকর্তার কাছে তদন্তের দায়িত্ব যাচ্ছে, এসব সংবেদনশীল তথ্য সংগ্রহ করার সুযোগ পান তিনি।
পিবিআই চট্টগ্রাম জেলার এসআই রবি চন্দ্র দাশের নেতৃত্বে একটি তদন্ত দল নোয়াখালীর সুধারামে অভিযান চালিয়ে মোজাম্মেলকে গ্রেপ্তার করে। একইসঙ্গে উদ্ধার করা হয় প্রতারণায় ব্যবহৃত একাধিক মোবাইল ফোন ও ডিভাইস।
প্রতারণার শিকার ফটিকছড়ির বাসিন্দা মোহাম্মদ মঈনুদ্দিন নয়ন জানান, গত ১৪ সেপ্টেম্বর আদালতে একটি সিআর মামলা করেন তিনি। এর কিছুদিন পরেই পিবিআই কর্মকর্তা পরিচয়ে ফোন আসে।
নয়ন বলেন, ‘ফোনের অপর পাশের ব্যক্তি আমার মামলার বিস্তারিত তথ্য জানতেন। এমনকি আমার বোনের স্বামী কী করেন, কোথায় থাকেন- সেই তথ্যও তার কাছে ছিল। তিনি আমাকে বলেন, চট্টগ্রামে অফিসে আসার দরকার নেই, টাকা পাঠালে দূর থেকেই তদন্ত প্রতিবেদন বাদীর পক্ষে দেওয়া হবে। তবে আমি যখন তার পদবি ও সুনির্দিষ্ট পরিচয় জানতে চাই, তিনি তা এড়িয়ে যান এবং পরে আর ফোন ধরেননি।’
পিবিআই জানায়, প্রতারকরা শুধু ২ বা ৩ হাজার টাকার ক্ষুদ্র অঙ্কই নয়, কোনো কোনো ক্ষেত্রে সুবিধাজনক পরিস্থিতি বুঝে ৬০ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নিয়েছে। জমিজমাসংক্রান্ত বিরোধ থেকে শুরু করে মারামারির মামলা, সব ধরনের বাদীরাই ছিল তাদের লক্ষ্য।
ডিজিটাল মাধ্যমে পুলিশ বা তদন্তকারী সংস্থার পরিচয় দিয়ে টাকা চাওয়া হলে তা যাচাই ছাড়া না দেওয়ার অনুরোধ জানায় পিবিআই।
এসআই আবু সুফিয়ান বলেন, ‘আমাদের নাম ব্যবহার করে এমন প্রতারণা চরম দুঃসাহস। এতে শুধু পুলিশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে না, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ বিচারপ্রার্থীরা। ঘটনার দিন বাদী যখন আমার কার্যালয়ে উপস্থিত ছিলেন, তখনও প্রতারক চক্রটি তাকে টাকা দেওয়ার জন্য প্রচণ্ড চাপ দিচ্ছিল। পরে বুঝতে পেরে প্রতারক সংযোগ কেটে দেয়।’
পুলিশ সুপার এম কে এইচ মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘কোনো সরকারি কর্মকর্তা বা তদন্তকারী সংস্থা ফোন করে এভাবে টাকা দাবি করে না। কেউ যদি পিবিআই, সিআইডি বা ডিবির পরিচয় দিয়ে টাকা চায়, তবে নিকটস্থ থানা বা সংশ্লিষ্ট কার্যালয়ে সরাসরি যোগাযোগ করে নিশ্চিত হতে হবে। তদন্তের প্রতিবেদন পক্ষে দেওয়ার কথা বলে টাকা চাওয়াটাই একটি বড় প্রতারণার লক্ষণ।’
বর্তমানে গ্রেপ্তার মোজাম্মেলকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তার এবং তথ্য ফাঁসের উৎস উদঘাটনে পিবিআইয়ের অভিযান চলমান রয়েছে।
aliul / aliul
ডেঙ্গু মুক্ত নগর ও অবৈধ দখল মুক্ত ফুটপাত গড়ে তোলার ঘোষণা ডিএনসিসির
ডিএসসিসির এমআর মপ-আপ ক্যাম্পেইন শুরু
রাজধানীতে নিরাপত্তাকর্মীদের বেঁধে রেখে লুটপাট, গ্রেপ্তার ৪
মোহাম্মদী হাউজিংয়ে গাড়িমুক্ত সড়কে শিশুদের খেলাধুলা
জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ. লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক
চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু
সিভিল নিউক্লিয়ার সহযোগিতা নিয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা সই
চাকরি হারানো কর্মী থেকে আদালতের মোহুরি: ‘আইও’ সেজে প্রতারণা
নবায়ন করা সনদ দলিল লেখকদের ফেরত দিতে নির্দেশ
পরিচ্ছন্নতা অভিযানের সাপ্তাহিক প্রতিবেদন চাইল মন্ত্রিপরিষদ বিভাগ
ভুয়া সচিবের জমি কেনার ফাঁদে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা
সালাউদ্দিন তানভীরের কারাগারে নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ ‘ভিত্তিহীন’