রাজারহাটের চর বিদ্যানন্দে জ্বালানি তেলের দামে কৃষকের দুশ্চিন্তা
চারদিকে নদী, মাঝখানে বিস্তীর্ণ চর। বর্ষায় পানির সঙ্গে যুদ্ধ,আর শুষ্ক মৌসুমে বালুচরে ফসল ফলানোর লড়াই।কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চর বিদ্যানন্দের কৃষকদের জীবন এভাবেই প্রকৃতির সঙ্গে সংগ্রাম করে চলে।এই চরের কৃষকের স্বপ্নজমিতে ধান ফলিয়ে সংসার চালানো। কিন্তু জ্বালানি তেলের দাম বাড়ায় সেই স্বপ্নের ফসল ঘরে তোলা নিয়েই এখন দুশ্চিন্তায় পড়েছেন তাঁরা।
চরের কৃষিজমিতে নেই বিদ্যুৎ সংযোগ,নেই বৈদ্যুতিক সেচ মোটর। ফলে সেচের জন্য কৃষকদের একমাত্র ভরসা স্যালো মেশিন। আর ডিজেলের দাম বাড়ায় সেই স্যালো মেশিন চালানোও কঠিন হয়ে পড়েছে। ধানের শীষ আসতে শুরু করলেও অনেক কৃষক তেল কেনার টাকা জোগাড় করতে পারছেন না।
চর বিদ্যানন্দ গ্রামের কৃষক মনসুর আলী(৫০)বছরের পর বছর স্যালো মেশিনের মাধ্যমে চরে আমন আবাদ করে আসছেন। বিদ্যানন্দ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের এই কৃষকের সংসার চলে কৃষিকাজের আয় দিয়ে।
মনসুর আলীর হিসাব অনুযায়ী,প্রতি আমন মৌসুমে সেচের কাজে প্রায় এক ব্যারেল ডিজেল প্রয়োজন হয়। খরা মৌসুমে প্রয়োজন হয় প্রায় দুই ব্যারেল। একটি ব্যারেলে প্রায় ১৫৯ লিটার ডিজেল ধরে।
আগে প্রতি লিটার ডিজেলের দাম ছিল ১১৫ টাকা। সে হিসাবে এক ব্যারেল ডিজেলের দাম পড়ত ১৮ হাজার ২৮৫ টাকা। বর্তমানে লিটারপ্রতি দাম ১৩৫ টাকা হওয়ায় একই পরিমাণ ডিজেলের দাম দাঁড়িয়েছে প্রায় ২১ হাজার ৪৬৫ টাকা। অর্থাৎ এক ব্যারেল ডিজেলেই কৃষকের বাড়তি খরচ হচ্ছে ৩ হাজার ১৮০ টাকা।
মনসুর আলী বলেন,চরের জমিতে বিদ্যুৎ নেই,মোটর নেই। স্যালো মেশিনই একমাত্র ভরসা। পকেটে টাকা নেই,তাই মেশিন বাড়িতে এনে রেখেছি।তেল কিনব কী দিয়ে। ধানের শীষ আসতে শুরু করায় তাঁর দুশ্চিন্তা আরও বেড়েছে। তিনি বলেন,এখন পানি না দিতে পারলে এতদিনের আবাদই গচ্ছা যাবে। তেল না কিনতে পারলে সেচ দেব কীভাবে।
শুধু সেচ নয়,চরজীবনের বাড়তি যাতায়াত ব্যয়ও কৃষকদের ওপর চাপ তৈরি করছে। মনসুর আলী জানান, চরে রাস্তাঘাট না থাকায় নদীর ওপারে যাতায়াতের জন্য নৌকার ওপর নির্ভর করতে হয়। যাওয়া-আসা ও অন্যান্য খরচ মিলিয়ে প্রায় ৪০০ টাকা ব্যয় হয়। অনেক সময় ফেরার সময় নৌকা না পাওয়ায় রাতেও থাকতে হয়। তখন থাকা-খাওয়ার খরচও যোগ হয়।
তিনি বলেন,তেলের দাম বাড়ছে। নৌকার ভাড়াও বাড়বে। সেচের খরচ বাড়বে। সার আনতেও একই ভোগান্তি। সারের জন্যও নদীর ওপারে যেতে হয়। সেখানেও যাওয়া-আসায় বাড়তি ভাড়া গুনতে হবে। আমরা কৃষকরা যাব কোথায়।
হতাশ কণ্ঠে মনসুর আলী বলেন,স্ত্রী-সন্তান নিয়ে কষ্ট করে চাষ করি। ফসল ফলিয়ে যদি খরচই তুলতে না পারি,তাহলে আবাদ করে লাভ কী।এভাবে দাম বাড়তে থাকলে চরের মানুষ আর আবাদ করতে পারবে না।’
চর বিদ্যানন্দের আরেক কৃষক খলিলুর রহমান বলেন, ‘চরে যাতায়াতের প্রধান মাধ্যম নৌকা। তেলের দাম বাড়লে নৌকার ভাড়াও বাড়তে পারে। এতে কৃষকের উৎপাদন খরচ আরও বেড়ে যাবে।
তিনি আরও বলেন,তেলের দাম বাড়লে নৌকার ভাড়া বাড়বে,সেচের খরচ বাড়বে। সার-বীজ আনতেও খরচ বাড়বে। তাহলে কৃষক যাবে কোথায়।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব সম্পর্কে রাজারহাট উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায় বলেন, ‘জ্বালানির দামের বিষয়টি আমাদের নয়।এটা সরকার সিদ্ধান্ত নেয়।ভর্তুকির ব্যবস্থা নেই। তবে কৃষিতে অবশ্যই প্রভাব ফেলবে।সাময়িক কষ্ট হবে তো হবেই।জ্বালানির দাম কমলে কষ্ট লাঘব হবে।
চর বিদ্যানন্দের কৃষকদের কাছে এই ‘সাময়িক কষ্ট’ই এখন বড় দুশ্চিন্তার কারণ। কৃষি তাঁদের কাছে শুধু একটি পেশা নয় এটাই পরিবারের খাবার,সন্তানের পড়াশোনা এবং বেঁচে থাকার প্রধান অবলম্বন।
চরের মাঠে এখন আমন ধানে শীষ আসতে শুরু করেছে। সবুজের ওপর দুলছে সম্ভাব্য ফসলের স্বপ্ন। অথচ সেই ফসল রক্ষা করতে প্রয়োজন পানি,আর পানি তুলতে প্রয়োজন ডিজেল।একদিকে জমিতে ধানের শীষ, অন্যদিকে বাড়ির উঠানে পড়ে আছে স্যালো মেশিন শুধু তেল কেনার সামর্থ্যের অভাবে সেটি চালাতে পারছেন না কৃষকরা।
ফসল ঘরে তোলার ঠিক আগমুহূর্তে তাই চর বিদ্যানন্দের কৃষকদের সামনে বড় প্রশ্ন তেল কেনার টাকা না থাকলে স্যালো মেশিন চলবে কীভাবে, আর পানি না পেলে বাঁচবে কীভাবে তাঁদের স্বপ্নের ধান।
Aminur / Aminur
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার
নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ
বোয়ালিয়া মৌজার জমির দলিলে ৯ জাল দাখিলা, রেজিস্ট্রি স্থগিত
কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
রাজারহাটের চর বিদ্যানন্দে জ্বালানি তেলের দামে কৃষকের দুশ্চিন্তা
আত্রাই মহিলা কলেজে নবীনবরণ ও এমপি শেখ রেজাউল ইসলামকে সংবর্ধনা প্রদান
বাকেরগঞ্জে জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজে নবীন বরণ
তারাগঞ্জে রিকশাচালকের অদম্য মেধাবী সন্তান তাপসের স্বপ্নভঙ্গ, মেধায় উত্তীর্ণ হয়েও ভেরিফিকেশনে বাদ
ধুনটে ককটেল হামলা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
বাঙ্গালহালিয়া হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে মধু পূর্ণিমা উদযাপন