ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ


নালিতাবাড়ী প্রতিনিধি photo নালিতাবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ২৬-৯-২০২৬ দুপুর ৪:১৭

শেরপুরের নালিতাবাড়ীর গারো পাহাড়ে সংরক্ষিত বনভূমি দখল ও নির্বিচারে গাছ কাটার অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, একটি সংঘবদ্ধ চক্র রাতের আঁধারে বন বিভাগের অনুমতি ছাড়াই পাহাড়ি বনের গাছ কেটে নিচ্ছে। পরে দিনের বেলা এসব কাঠ বিভিন্ন স্থানে পাচার করা হচ্ছে। এ কাজে বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশ রয়েছে বলেও অভিযোগ করেছেন তারা।
বন বিভাগের সংরক্ষিত জমি অর্থের বিনিময়ে দখল দেওয়ার অভিযোগ উঠেছে বন বিভাগের গোপালপুর বিট কর্মকর্তা আব্দুল বারীর বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, তাঁর যোগসাজশে বনভূমি দখল ও গাছ কাটার ঘটনা ঘটছে।
ময়মনসিংহ সদর রেঞ্জের গোপালপুর বিটের আওতায় ২ হাজার ৩ দশমিক ৭৯ একর বনভূমি রয়েছে। নালিতাবাড়ীর কালাকুমা, জঙ্গলিয়াপাড়া, বিশগিরিপাড়া, আনন্দবাজারসহ বিভিন্ন এলাকায় একসময় ছিল ঘন বন। পাখির কলকাকলিতে মুখর থাকত এসব এলাকা। বছরের পর বছর বন দখল ও গাছ কাটার কারণে এখন অনেক জায়গায় বন উজাড় হয়ে গেছে। কোথাও পড়ে আছে কাটা গাছের গুঁড়ি, কোথাও গড়ে উঠেছে বসতি কিংবা কৃষিজমি।
গোপালপুর বিটের আওতায় বিশগিরিপাড়া মসজিদের পুকুরসংলগ্ন প্রায় ১৫ শতাংশ বনভূমিতে আকাশমনি গাছের বাগান ছিল। ওই জমি বিট কর্মকর্তা আব্দুল বারী অবৈধ লেনদেনের মাধ্যমে স্থানীয় রফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে দখল করে দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। বর্তমানে ওই জমিতে আমন ধান চাষ করা হচ্ছে। বিশগিরিপাড়ার বাসিন্দা সমির চিসিম (৭৫) বলেন, ‘আগে এই বনে প্রচুর আকাশমনি গাছ ছিল। কয়েক মাস ধরে একটি সংঘবদ্ধ চক্র রাতের আঁধারে গাছ কেটে নিয়ে যাচ্ছে। বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীও এর সঙ্গে জড়িত বলে আমরা মনে করি।’
এদিকে একই বিটের আওতাধীন কালাকুমা বাওইবাধা এলাকায় বন বিভাগের প্রায় ৩০ শতাংশ জমিতে আকাশমনি বাগান ছিল। ফজর আলী নামে এক ব্যক্তি জায়গাটি ঘেরাও করে দখলে নেওয়ার পর কয়েক মাসে সেখানকার গাছগুলো কেটে বিক্রি করে দিয়েছে। বর্তমানে ওই জমিতে মেহগনির চারা লাগিয়েছেন তিনি। স্থানীয়দের অভিযোগ, বিট কর্মকর্তা আব্দুল বারীর যোগসাজশেই গাছ কেটে জমিটি দখল করা হয়েছে।
বিট কর্মকর্তা আব্দুল বারী দায়িত্ব নেওয়ার পর এই এলাকায় গাছ কাটার প্রবণতা বেড়েছে। সুযোগ বুঝে রাতের আঁধারে বিভিন্ন স্থান থেকে গাছ কাটা হলেও অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয় না। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কাঠ ব্যবসায়ী দাবি করেন, বন কর্মকর্তাকে ‘ম্যানেজ’ করেই সুযোগ বুঝে গাছ কাটা হয়।
সরেজমিনে বন বিভাগের কয়েকটি বাগানে কাটা গাছের গুঁড়ি ও শিকড় পড়ে থাকতে দেখা গেছে। স্থানীয়দের ধারণা, প্রতিটি বড় গাছের বাজারমূল্য পাঁচ থেকে দশ হাজার টাকা বা তার বেশি হতে পারে। সে হিসাবে সাম্প্রতিক সময়ে কয়েক লাখ টাকার গাছ কাটা হয়েছে বলে দাবী করেন স্থানীয়রা।
এছাড়াও পানিহাটা এলাকায় সামাজিক বনায়নের দুটি বাগানের অংশীদারদের চেক দেওয়ার কথা বলে ৪ লাখ ৯৭ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে একই বিট কর্মকর্তা আব্দুল বারীর বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, ‘৯১ বাগান’-এর ১০০ অংশীদারের কাছ থেকে জনপ্রতি ২ হাজার টাকা করে মোট ২ লাখ টাকা এবং ‘৯০ বাগান’-এর ৬৬ অংশীদারের কাছ থেকে দুই দফায় ২ হাজার ও ২ হাজার ৫০০ টাকা করে মোট ২ লাখ ৯৭ হাজার টাকা নেওয়া হয়েছে।
অংশীদারদের দাবি, চেক পাওয়ার আশ্বাসে তাঁরা এসব টাকা দিয়েছেন। তবে টাকা দেওয়ার পরও এখনো চেক পাননি। এতে তাঁদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
‘৯১ বাগান’-এর অংশীদার যোসেফ বলেন, ‘চেক দেওয়ার কথা বলে বিট অফিস থেকে টাকা নেওয়া হয়েছে। টাকা দেওয়ার পরও এখনো চেক পাইনি।’
‘৯০ বাগান’-এর আরেক অংশীদার বিজার কুবি বলেন, ‘বিট কর্মকর্তার কার্যালয়ে আমাদের জানানো হয়, টাকা দিলে চেক পাওয়া যাবে। আমরা সরল বিশ্বাসে টাকা দিয়েছি। কিন্তু এখনো চেক পাইনি।’
অংশীদারদের ভাষ্য, তাঁরা দীর্ঘদিন ধরে সামাজিক বনায়নের গাছ রোপণ ও পরিচর্যার সঙ্গে যুক্ত। গাছ বিক্রির পর চুক্তি অনুযায়ী প্রাপ্য অর্থের চেক পাওয়ার কথা। তবে চেক পেতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগে তাঁরা হতাশ।
অভিযোগের বিষয়ে জানতে গোপালপুর বিট কার্যালয়ে গেলে তিনি চেক দেওয়ার কথা বলে অংশীদারদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন ‘এসব গাছ চুরির খবর আমরা পেয়েছি। নিয়মিত মামলা করার প্রস্তুতি নিচ্ছি।’  তবে কথোপকথনের একপর্যায়ে বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ না করার জন্য গণমাধ্যমকর্মীদের অনুরোধ করেন তিনি।
এ বিষয়ে ময়মনসিংহ সদর রেঞ্জ কর্মকর্তা মেজবাউল হকের মুঠোফোনটি বন্ধ থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নূরুল করিম জানান, ‘অভিযোগ পেলে এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
স্থানীয়দের দাবি, গারো পাহাড়ের অবশিষ্ট বন রক্ষায় দ্রুত অবৈধ দখল উচ্ছেদ, গাছ কাটা বন্ধ এবং অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করতে হবে। একই সঙ্গে বনভূমি রক্ষায় দায়িত্বরত কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনারও দাবি জানিয়েছেন তারা।

Aminur / Aminur

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ

বোয়ালিয়া মৌজার জমির দলিলে ৯ জাল দাখিলা, রেজিস্ট্রি স্থগিত

কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

রাজারহাটের চর বিদ্যানন্দে জ্বালানি তেলের দামে কৃষকের দুশ্চিন্তা

আত্রাই মহিলা কলেজে নবীনবরণ ও এমপি শেখ রেজাউল ইসলামকে সংবর্ধনা প্রদান

বাকেরগঞ্জে জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজে নবীন বরণ

তারাগঞ্জে রিকশাচালকের অদম্য মেধাবী সন্তান তাপসের স্বপ্নভঙ্গ, মেধায় উত্তীর্ণ হয়েও ভেরিফিকেশনে বাদ

ধুনটে ককটেল হামলা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বাঙ্গালহালিয়া হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে মধু পূর্ণিমা উদযাপন

মানুষকে সচেতন করতে বর্জ্যের বিনিময়ে খাবার-গাছ দিচ্ছে ‘ক্লিন চাঁদপুর’