সুন্দরবনে আবারও বনদস্যুদের হানা: ট্রলারসহ ২১ জেলেকে অপহরণ, উপকূলে চরম আতঙ্ক
সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণার কয়েক বছরের মাথায় উপকূলে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে জলদস্যুদের অপহরণ বাণিজ্য। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের পৃথক স্থানে পরপর দুই দিন অভিযান চালিয়ে একটি ফিশিং ট্রলার, একাধিক নৌকা ও মালামালসহ অন্তত ২১ জন জেলেকে অপহরণ করেছে সশস্ত্র বনদস্যুরা। একের পর এক অপহরণের ঘটনায় সুন্দরবনভিত্তিক শুঁটকি ও মৎস্যজীবী জেলে এবং মহাজনদের মধ্যে চরম দস্যুআতঙ্ক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বন বিভাগ ও স্থানীয় জেলে-মহাজন সূত্রে জানা যায়, গত ২৫ ও ২৬ সেপ্টেম্বর (শুক্রবার ও শনিবার) দিবাগত রাতে সুন্দরবনের একাধিক পয়েন্টে এসব অপহরণের ঘটনা ঘটে। প্রথম দফায় শুক্রবার রাতে শরণখোলা রেঞ্জের আমবাড়িয়া ও কটকার কালামিয়ার ভারাণী এলাকায় হানা দেয় দুর্ধর্ষ ‘মজনু বাহিনী’। তারা অস্ত্রের মুখে চারটি মাছ ধরার নৌকা থেকে ৪ জেলেকে জিম্মি করে তুলে নিয়ে যায়। এ সময় দস্যুরা জেলেদের ব্যবহৃত ৫টি মোবাইল ফোন ও ১টি মাছ ধরার নৌকা লুট করে।
এর পরপরই শনিবার দিবাগত গভীর রাতে সাগরসংলগ্ন সুন্দরবনের ভাঙ্গা, আমবাড়িয়া ও নারিকেলবাড়িয়া এলাকায় অবস্থানরত জেলে বহরে ফের হামলা চালায় অজ্ঞাতপরিচয় দস্যুরা। বন বিভাগের বৈধ পাশ (অনুমতিপত্র) নিয়ে চরপাটা, পোকা জাল ও বড়শি দিয়ে মাছ ধরার সময় দস্যুরা প্রতিটি নৌকা থেকে একজন করে মোট ১৫ জেলেকে জিম্মি করে এবং একটি ট্রলারে তুলে গহিন বনে নিয়ে যায়।
একই রাতে ঝাপসি এলাকার ভদ্রা নদী থেকে ‘করিম-শরীফ বাহিনী’ পরিচয়ে মোংলার উলুকাটা চিলা এলাকার মাসুদ ইজারদার (২৮) ও ইমদাদুল ইজারদার (৩০) নামের আরও দুই জেলেকে অপহরণ করা হয়। সব মিলিয়ে গত দুই দিনে ২১ জন জেলে দস্যুদের হাতে অপহৃত হলেন।
অপহৃত ২১ জেলের মধ্যে ১৭ জনের প্রাথমিক পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— খুলনার আরিফ (২৫), সগীর (৩৪), মিঠু (৩০), ফেরদৌস (২৮) ও রিপন (২৬); বাগেরহাটের ফরিদ (৩০, শরণখোলা) ও রিপন (২৮, রামপাল); বরগুনার পাথরঘাটা ও তালতলী এলাকার ইব্রাহিম (৩৫), ইমরান (২৫), মোস্তাফিজুর (৩৫), আলামিন (২৮), হানিফ (৩৮) ও মারুফ (৪৯); এবং মোংলার মাসুদ ইজারদার ও ইমদাদুল ইজারদার। অপর ৪ জেলের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এখন পর্যন্ত অপহৃতদের মুক্তির বিষয়ে দস্যুরা কোনো মহাজনের কাছে ফোন বা মুক্তিপণ দাবি করেনি।
শরণখোলার স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা জানান, দস্যুমুক্ত সুন্দরবনে নতুন করে জলদস্যুদের এ ধরনের তাণ্ডবে উপকূলীয় জেলেদের জীবন-জীবিকা আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে। তারা অনতিবিলম্বে অপহৃত জেলেদের অক্ষত অবস্থায় উদ্ধার এবং সুন্দরবনে কোস্টগার্ড ও যৌথ বাহিনীর বিশেষ অভিযান জোরদারের দাবি জানান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের দুবলা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ফরেস্ট রেঞ্জার) মিল্টন রায় বলেন, “জেলে অপহরণের সংবাদ পাওয়ার পরপরই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে। অপহৃতদের অবস্থান শনাক্ত ও উদ্ধারে তৎপরতা চলছে।”
কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা) তথ্য কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব হোসেন জানান, জেলে অপহরণের তথ্য পাওয়ার পরই অনুসন্ধানের পাশাপাশি কোস্টগার্ডের বিশেষ অভিযান শুরু করা হয়েছে। সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে এবং অপহৃতদের দ্রুত উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।
এমএসএম / এমএসএম
আবারও র্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান