ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

কোটি টাকা ব্যয়ে বুড়িতিস্তা পুনঃখনন মিলছে না কাঙ্ক্ষিত সুফল


রাজারহাট প্রতিনিধি photo রাজারহাট প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৯-২০২৬ দুপুর ৩:৩২

কুড়িগ্রামের রাজারহাট ও উলিপুর উপজেলার ওপর দিয়ে প্রবাহিত বুড়ি তিস্তা নদীর প্রায় ৯ কিলোমিটার অংশ পুনঃখননে ব্যয় হয়েছে ৩ কোটি ৭৩ লাখ ৮৮ হাজার ৭০০ টাকা। তবে বিপুল অর্থ ব্যয়ে পুনঃখননের পরও কাঙ্ক্ষিত সুফল মিলছে না বলে অভিযোগ করেছেন স্থানীয় কৃষক,জেলে ও বাসিন্দারা।তাঁদের দাবি,তিস্তা নদীর সঙ্গে বুড়ি তিস্তার সংযোগস্থলে পানিপ্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় খননের পরও নদীর বড় অংশে পর্যাপ্ত পানি থাকছে না। এতে শুষ্ক মৌসুমে সেচ সুবিধা,মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্য বৃদ্ধির প্রত্যাশা পূরণ হচ্ছে না।

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ)ভূ-উপরিস্থ পানির সর্বোত্তম ব্যবহার ও বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে বৃহত্তর রংপুর জেলায় সেচ সম্প্রসারণ প্রকল্পের আওতায় বুড়ি তিস্তার এই পুনঃখনন করা হয়। প্রকল্পের আওতায় রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়ন থেকে উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়ন পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার নদীপথ পুনঃখনন করা হয়েছে।

বিএমডিএ কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ১৫টি ধাপে পুনঃখননের কাজ শেষ করতে ব্যয় হয়েছে ৩ কোটি ৭৩ লাখ ৮৮ হাজার ৭০০ টাকা। প্রতিটি ধাপে প্রায় ৫৯০ মিটার নদী ১২ ফুট গভীর করে খনন করা হয়েছে।

স্থানীয় কৃষক খয়বর আলী বলেন,বুড়ি তিস্তা খননের সময় আশা করেছিলাম, শুষ্ক মৌসুমেও খালে পানি থাকবে। সেই পানি দিয়ে জমিতে সেচ দিতে পারব। কিন্তু এখন তিস্তা নদীতে পানি থাকলেও বুড়ি তিস্তায় পর্যাপ্ত পানি দেখা যায় না। খনন করে যদি পানি ধরে রাখা না যায়, তাহলে কৃষকরা কাঙ্ক্ষিত সুফল কীভাবে পাবেন?

আরেক কৃষক আবু বক্কর বলেন,আগে তিস্তা থেকে পানি বুড়ি তিস্তায় আসত। খালে পানি থাকলে আশপাশের জমিতে সেচ দেওয়া যেত। এখন পানির প্রবাহ ঠিক না থাকায় খননের পরও সেই সুবিধা পাচ্ছি না। খালের ওপর বিভিন্ন জায়গায় মাটি ফেলে রাস্তা করা হয়েছে। এগুলো পানির স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করছে কি না, সেটিও দেখা দরকার।

স্থানীয় জেলে আইয়ুব আলী বলেন,আগে বুড়ি তিস্তায় বিভিন্ন ধরনের দেশীয় মাছ পাওয়া যেত। খালে পানি থাকায় অনেক জেলে মাছ ধরে সংসার চালাতেন। এখন অনেক জায়গায় পানি কম থাকে। পানিপ্রবাহ স্বাভাবিক না হলে মাছের বিচরণও কমে যাবে।খননের পর আমরা আশা করেছিলাম মাছ ও পানির পরিবেশ আবার আগের মতো হবে।

স্থানীয়দের অভিযোগ, পুনঃখননের পর নাজিমখানের বাছড়া থেকে হাসারপাড় পর্যন্ত বুড়ি তিস্তার দুই পাড়ের বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। কোথাও বসতভিটা,কোথাও রাস্তা,কালভার্ট ও সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে হাসারপাড় এলাকায় তিস্তা থেকে বুড়ি তিস্তায় পানি প্রবেশের অংশে ভাঙন দেখা দিলে সেখানে জিওব্যাগ ফেলে পানির প্রবাহ বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ স্থানীয়দের।

তাঁদের আরও অভিযোগ, পানির প্রবাহ বন্ধ হওয়ার পর খালের বিভিন্ন স্থানে মাটি ফেলে পাঁচ-ছয়টি রাস্তা তৈরি করা হয়েছে। কোথাও এসব রাস্তার পাশে সুপারি গাছও লাগানো হয়েছে। এতে ভবিষ্যতে খালের জায়গা ভরাট ও দখলের ঝুঁকি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

কৃষকদের দাবি,পুনঃখননের অন্যতম উদ্দেশ্য ছিল শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণ করে কৃষিতে সেচ সুবিধা বাড়ানো। কিন্তু তিস্তা-বুড়ি তিস্তার সংযোগস্থল দিয়ে পর্যাপ্ত পানি প্রবেশ না করলে খনন করা নদীর ধারণক্ষমতার পুরোপুরি ব্যবহার সম্ভব হবে না। এতে বিপুল অর্থ ব্যয়ে বাস্তবায়িত প্রকল্পের কাঙ্ক্ষিত সুফল থেকে কৃষক ও স্থানীয় জনগণ বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে বিএমডিএর নির্বাহী প্রকৌশলী মোস্তাক আহমেদ বলেন,এখানে একটি স্লুইসগেট থাকলে হয়তো ভালো হতো। তবে বর্তমানে এ বিষয়ে বিএমডিএর কোনো বাজেট বা প্রকল্প নেই। আমাদের প্রকল্প ছিল খাল পুনঃখনন। সে কাজ শেষ হয়েছে। এ প্রকল্পের আওতায় এখন আর কোনো কাজ নেই।

তিনি আরও বলেন,খালের ওপর স্থানীয়ভাবে রাস্তা নির্মাণ কিংবা দখলমুক্ত করার বিষয়টি বিএমডিএর ওই প্রকল্পের আওতাভুক্ত নয়।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে চেম্বার অব কমার্সের পরিচ্ছন্নতা অভিযান

পটুয়াখালীতে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হেয়ার আইল্যান্ড ও সোনার চর হতে পারে পর্যটন শিল্পের নতুন দিগন্ত

নবীনগরে আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি সত্য রঞ্জন দাস গ্রেপ্তার

কুমিল্লায় বিদেশি পিস্তলসহ ২ জন গ্রেপ্তার

শত শত শিক্ষার্থীর অনুপ্রেরণা এমরুল কায়েস খান

উলিপু‌রে মাদরাসার জ‌মি‌ দখল ক‌রে বসতবা‌ড়ি নির্মাণ, দখলমুক্ত করার দাবি

বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবিদ্ধ যুবক

রাজশাহীতে পররাষ্ট্র ও কুটনীতিতে জন মতামত বিষয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত

মোরেলগঞ্জে যুবকের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী, বিচারের দাবিতে মানববন্ধন

‎ত্রিশাল সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাবনায় অবৈধভাবে সার মজুত করায় দুই ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা ও ৩৮১ বস্তা সার জব্দ

নড়াগাতীতে পুলিশকে মারধরের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে মিজানুরের সংবাদ সম্মেলন