রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনা নজিরবিহীন : ফুয়াদ
রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেছেন, রাজনৈতিক দুর্বৃত্তপনা, চাঁদাবাজি, জমি ও বাড়ি দখলের ঘটনা দেশে অহরহ ঘটলেও রাতের আঁধারে একটি স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনা নজিরবিহীন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ও ইসিবি চত্বরে ভাঙচুরের শিকার কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, ‘স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ইতিহাস বাংলাদেশে এর আগে ঘটেনি। আমরা বিভিন্ন দেশে এমন ধ্বংসযজ্ঞের ঘটনা দেখেছি। কিন্তু বাংলাদেশে একটি জনকল্যাণমূলক স্বাস্থ্যকেন্দ্র রাতের আঁধারে গুঁড়িয়ে দেওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।’
তিনি বলেন, ১৯৭৪ সাল থেকে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র থেকে দরিদ্র মানুষ থেকে শুরু করে উচ্চবিত্ত পরিবারের সন্তানরাও চিকিৎসা ও টিকাদান সেবা পেয়ে আসছেন। বিদেশি দাতা সংস্থার সহযোগিতায় পরিচালিত এই স্বাস্থ্যকেন্দ্রটি জনস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
‘এমন একটি প্রতিষ্ঠান ভেঙে গুঁড়িয়ে দেওয়া শুধু একটি স্থাপনার ওপর হামলা নয়; এটি জনস্বাস্থ্য ও সাধারণ মানুষের অধিকারকে আঘাত করার শামিল’, বলেন তিনি।
এবি পার্টির সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী যখন জাতিসংঘ সফরে ছিলেন, ঠিক সেই সময়ে রাজধানীতে একটি ঐতিহ্যবাহী স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এতে দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এ ঘটনায় উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করেছেন বলেও দাবি করেন তিনি।
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র দখলের সঙ্গে ক্ষমতাসীন দলের স্থানীয় নেতাকর্মী ও একজন নারী সংসদ সদস্যের সম্পৃক্ততার অভিযোগ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে উল্লেখ করে ফুয়াদ বলেন, ‘আমরা কারও বিরুদ্ধে আগাম রায় দিতে চাই না। তবে গণমাধ্যমে যেসব অভিযোগ এসেছে, সেগুলোর নিরপেক্ষ তদন্ত করতে হবে।’
তিনি বলেন, হামলা, ভাঙচুর ও লুটপাটের সঙ্গে যারা জড়িত তাদের শনাক্ত করে গ্রেপ্তার ও আইনের আওতায় আনতে হবে। একইসঙ্গে ঘটনার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা তদন্ত করে দায় নির্ধারণের দাবি জানান তিনি।
ফুয়াদের অভিযোগ, ‘সারারাত ধরে হামলা ও ভাঙচুর চলেছে। ট্রাকে করে বিভিন্ন জিনিসপত্র নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, পাশেই পুলিশ অবস্থান করলেও তারা লুটপাট প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই ব্যর্থতার দায় অবশ্যই নির্ধারণ করতে হবে।’
সাম্প্রতিক কয়েকটি ঘটনার প্রসঙ্গ তুলে তিনি বলেন, রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রের ঘটনার দুই দিনের মধ্যে ইসিবি চত্বরে তরুণ প্রজন্মের পরিচিত মুখ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এরপর আদাবরে দিনদুপুরে অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগ, মুগদায় জমি দখলের অভিযোগ এবং আশুলিয়ার একটি মাদ্রাসায় চাঁদার দাবিতে ভাঙচুরের ঘটনা ঘটেছে।
‘সবকিছু মিলিয়ে দেশে যেন লুটপাট ও দখলের এক মহড়া চলছে’, বলেন এবি পার্টির এই নেতা।
তিনি আরও বলেন, দেশের তরুণ প্রজন্মের একজন পরিচিত ব্যক্তির প্রতিষ্ঠান যদি এভাবে হামলার শিকার হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তার অবস্থা কী, তা সহজেই অনুমেয়। রাষ্ট্র যদি নাগরিকের জানমাল, সম্পদ ও প্রতিষ্ঠান রক্ষা করতে ব্যর্থ হয়, তাহলে মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা আরও বাড়বে।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে ফুয়াদ বলেন, দেশের ভাবমূর্তি ও জনগণের নিরাপত্তার স্বার্থে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। রাজনৈতিক পরিচয় বা প্রভাব বিবেচনা না করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ীদের বিচারের আওতায় আনতে হবে।
একইসঙ্গে ধ্বংস হয়ে যাওয়া রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র দ্রুত পুনর্নির্মাণ করে জনসাধারণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবি জানান তিনি।
পরিদর্শনকালে এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. আবদুল ওহাব মিনার, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূইয়া ও আলতাফ হোসাইন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমান, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান, অ্যাডভোকেট মতিয়ার রহমানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
aliul / aliul
হুমায়ুন কবিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ
কম্বোডিয়ায় বসে অনলাইন প্রতারণা, বাংলাদেশে ৩৪ লাখ টাকা আত্মসাৎ
আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, যুবদল নেতা গ্রেপ্তার
জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে : হুমায়ুন কবির
প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
আইনি সেবা ডিজিটাইজেশনে তরুণদের উদ্যোগ প্রশংসনীয় : ইউএনডিপি
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনা নজিরবিহীন : ফুয়াদ
জর্দা-কাগজের সঙ্গে চালানে বিভিন্ন রঙের গুঁড়া পদার্থ
বীর মুক্তিযোদ্ধা ও জুলাইযোদ্ধাদের মর্যাদা রক্ষায় সচেষ্ট থাকার নির্দেশ
সারাদেশে অত্যাচারের উৎসব লেগে গেছে : মান্না
শেখ হাসিনার জন্মদিনে কেক কাটার ঘটনায় বায়েজিদে নারীসহ আটক ৭
চট্টগ্রামে মাদক কারবারের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, গ্রেপ্তার ১৫