ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

আইনি সেবা ডিজিটাইজেশনে তরুণদের উদ্যোগ প্রশংসনীয় : ইউএনডিপি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-৯-২০২৬ দুপুর ৪:১৭

প্রযুক্তি, মেধা ও জনসেবামূলক মানসিকতাকে কাজে লাগিয়ে দেশের আইনি সেবায় বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব-এমনই দৃষ্টান্ত উপস্থাপন করেছে দেশের তরুণ উদ্ভাবকরা। আইন ও প্রযুক্তি খাতের জটিল চ্যালেঞ্জগুলোর সহজ ও নাগরিকবান্ধব সমাধান উদ্ভাবনে সারা দেশের তরুণদের এই অংশগ্রহণকে এক অনন্য ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে আখ্যায়িত করেছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ডিজিটাল প্রযুক্তির কার্যকর ব্যবহারের মাধ্যমে দেশের সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের জন্য ন্যায়বিচার প্রাপ্তি সহজ করতে আয়োজিত ‘লিগ্যাল-টেক হ্যাকাথন ২০২৪ : ডিজিটাল লিগ্যাল এইড ফর ফিউচার’-এর সমাপ্তি হয়। 

গত ২৭ সেপ্টেম্বর ঢাকার একটি মিলনায়তনে দু'দিনব্যাপী এই জাতীয় হ্যাকাথনের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়। সারা দেশের তরুণদের দক্ষতা, প্রযুক্তিগত মেধা এবং জনসেবামূলক চিন্তা বিচার ব্যবস্থার ডিজিটাল রূপান্তরে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। ইউএনডিপির ঢাকা অফিস থেকে এ তথ্য জানানো হয়।

ইউএনডিপি জানায়, বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীন বাংলাদেশ লিগ্যাল এইড অধিদপ্তর (ডিবিএলএ) বাস্তবায়িত ‘অ্যাক্সিলারেটিং ডিজিটাল লিগ্যাল এইড সার্ভিসেস ইন বাংলাদেশ (এডলাসব)’ প্রকল্পের অধীনে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) কারিগরি সহযোগিতায় আয়োজিত এই হ্যাকাথনে আইন, কম্পিউটার সায়েন্স, ব্যবসায় প্রশাসন, শাসন ও জনপ্রশাসন এবং সমাজবিজ্ঞানের প্রায় ১,২৫০ জন শিক্ষার্থী অংশ নেন। মোট ২৫০টি দলে বিভক্ত হয়ে অংশগ্রহণকারীরা কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহার, অনলাইন বিরোধ নিষ্পত্তি, ডিজিটাল কেস ম্যানেজমেন্ট, অন্তর্ভুক্তিমূলক সেবা এবং কল সেন্টার ব্যবস্থার আধুনিকায়নের মতো বিভিন্ন বিষয়ে নিজেদের উদ্ভাবনী প্রস্তাব তুলে ধরেন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ লিগ্যাল এইড অধিদপ্তরের মহাপরিচালক মো. মনজুরুল হোসেন। তিনি তার বক্তব্যে প্রযুক্তি নির্ভর আইনি সেবার গুরুত্ব তুলে ধরে বলেন, কেবল কাগজের ফাইলকে কম্পিউটারে রূপান্তর করাই ডিজিটালাইজেশন নয়। প্রযুক্তির মূল উদ্দেশ্য হওয়া উচিত যেন আইনি সেবা প্রতিটি মানুষের জন্য আরও সহজ, দ্রুত ও সার্বজনীনভাবে পৌঁছানো সম্ভব হয়। সমাপনী পর্বে তরুণ উদ্ভাবকদের উপস্থাপিত ধারণাগুলো বিচার ব্যবস্থার সংস্কারে প্রত্যক্ষ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ইউএনডিপি বাংলাদেশের ডেমোক্র্যাটিক গভর্নেন্স ক্লাস্টারের অ্যাসিস্ট্যান্ট রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ আনোয়ারুল হক বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে এমন একদল তরুণের ওপর, যারা জ্ঞানের সঙ্গে কল্পনাশক্তি, প্রযুক্তির সঙ্গে অনুভূতি এবং উদ্ভাবনের সঙ্গে জনসেবার দায়িত্ববোধ মিলিয়ে কাজ করতে পারে। এই হ্যাকাথনে তরুণদের অংশগ্রহণ প্রমাণ করে যে, দেশের পরিবর্তন আনতে সক্ষম সেই তরুণ প্রজন্ম ইতোমধ্যেই তৈরি হয়েছে।

প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনালে বহুমুখী বিশেষজ্ঞ বিচারকমণ্ডলীর মূল্যায়নে প্রথম স্থান অধিকার করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দল ‘রেস জুডিকাটা ডিজিটালিস’। প্রতিযোগিতায় প্রথম রানার-আপ হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ‘সিওইউ জাস্টিসল্যাব’ এবং দ্বিতীয় রানার-আপ হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যৌথ দল ‘ল ডিবাগার্স’। বিজয়ী দলগুলোকে কেবল প্রযুক্তিগত দক্ষতার জন্যই নয়, বরং তাদের প্রস্তাবিত সমাধানগুলোর বাস্তবায়নযোগ্যতা, জনকল্যাণমুখী ভাব এবং অন্তর্ভুক্তিমূলক রূপরেখার জন্য পুরস্কৃত করা হয়।

ডিজিটাল আইনি সেবার বিস্তারে পাইলট প্রকল্প

প্রাথমিকভাবে দেশের আটটি পাইলট জেলায় জাতীয় আইনি সহায়তা প্রদান সংস্থাকে আরও দক্ষ, গতিশীল ও নাগরিকবান্ধব করার লক্ষ্যে কাজ করছে এডলাসব প্রকল্প। প্রাতিষ্ঠানিক সংস্কার ও প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে আইনি সাহায্য সহজে পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। দুই দিনব্যাপী অনুষ্ঠিত এই হ্যাকাথন তরুণদের জন্য দেশের মূলধারার আইনি ব্যবস্থার বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় সরাসরি অংশগ্রহণের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে।

aliul / aliul

হুমায়ুন কবিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

কম্বোডিয়ায় বসে অনলাইন প্রতারণা, বাংলাদেশে ৩৪ লাখ টাকা আত্মসাৎ

আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, যুবদল নেতা গ্রেপ্তার

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে : হুমায়ুন ক‌বির

প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আইনি সেবা ডিজিটাইজেশনে তরুণদের উদ্যোগ প্রশংসনীয় : ইউএনডিপি

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনা নজিরবিহীন : ফুয়াদ

জর্দা-কাগজের সঙ্গে চালানে বিভিন্ন রঙের গুঁড়া পদার্থ

বীর মুক্তিযোদ্ধা ও জুলাইযোদ্ধাদের মর্যাদা রক্ষায় সচেষ্ট থাকার নির্দেশ

সারাদেশে অত্যাচারের উৎসব লেগে গেছে : মান্না

শেখ হাসিনার জন্মদিনে কেক কাটার ঘটনায় বায়েজিদে নারীসহ আটক ৭

চট্টগ্রামে মাদক কারবারের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, গ্রেপ্তার ১৫

ভাঙাচোরা ভবনের ২ কক্ষে চলছে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রের সেবা, শুরু সংস্কার