ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

দীর্ঘমেয়াদি সহযোগিতা নি‌য়ে বাংলাদেশের প্রতি‌নি‌ধিদ‌লের আলোচনা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯-৯-২০২৬ দুপুর ১২:২

অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির (এএসইউ) প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা হোসাইন রাশেদ আল মাহমুদ তিতুমীরের নেতৃত্বে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

এ সময় সেমিকন্ডাক্টর খাতের বিকাশ, শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও দক্ষতা উন্নয়নে দীর্ঘমেয়াদি সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

স্থানীয় সময় রোববার (২৭ সেপ্টেম্বর) ক্যালিফোর্নিয়ার ফোর সিজনস হোটেল সিলিকন ভ্যালিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবা‌য়েদ ইসলাম, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা-২ কামরুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব-১ মো. জাহিদুল ইসলাম। 

এ ছাড়া, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম এবং লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশের কনসাল জেনারেল কাজী মুহাম্মদ জাবেদ ইকবালও অংশ নেন।

এএসইউর পক্ষে ভার্চুয়ালি অংশ নেন গ্লোবাল ডেভেলপমেন্টের পরিচালক মেঘান গিবসন, ইউনিভার্সিটি ডিজাইন ইনস্টিটিউটের ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ড. মিনু ইপে। আরও ছিলেন অ্যাডজাঙ্ক্ট প্রফেসর ও ইন্ডাস্ট্রি অ্যাডভাইজরি বোর্ডের সদস্য ড. ইব্রাহিম খলিল। 

আলোচনায় প্রকৌশল শিক্ষা, গবেষণা, দক্ষ জনশক্তি উন্নয়ন, শিল্প ও বিনিয়োগকে সমন্বিত করে বাংলাদেশে একটি কার্যকর সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়। সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র হিসেবে সেমিকন্ডাক্টর ও মাইক্রো ইলেকট্রনিকস বিষয়ে কারিকুলাম উন্নয়ন, শিক্ষক ও পেশাজীবীদের প্রশিক্ষণ, প্রয়োগভিত্তিক গবেষণা, বিশ্ববিদ্যালয়-শিল্পখাত অংশীদারত্ব এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির বিষয়গুলো উঠে আসে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষা, বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তি খাতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সহযোগিতা আরও গভীর করার সুযোগের কথা তুলে ধরেন। 

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এসটিইএম শিক্ষা, শিক্ষক উন্নয়ন এবং নতুন ও উদীয়মান শিল্পখাতের জন্য তরুণদের প্রস্তুত করার ওপর গুরুত্ব দেন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ শিক্ষা ও গবেষণাকে শিল্প, বিনিয়োগ ও বাণিজ্যিকীকরণের সঙ্গে যুক্ত করে একটি বাস্তবসম্মত সেমিকন্ডাক্টর রোডম্যাপ তৈরির প্রয়োজনীয়তার কথা বলেন।

এএসইউর ইউনিভার্সিটি ডিজাইন ইনস্টিটিউটের সঙ্গে উচ্চশিক্ষার রূপান্তর ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতার বিষয়েও আলোচনা হয়। ইনস্টিটিউটটি বিশ্ববিদ্যালয়, সরকার ও শিক্ষা ব্যবস্থার প্রাতিষ্ঠানিক রূপান্তর নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে কাজ করে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর টেকসই পরিকল্পনা, মানবসম্পদ উন্নয়ন এবং শিক্ষা ও শিল্পখাতের মধ্যে আরও শক্তিশালী সংযোগের ওপর গুরুত্বারোপ করেন। প্রযুক্তিগত অংশীদারিত্বকে দক্ষ কর্মসংস্থান, গবেষণা সক্ষমতা, উদ্ভাবন ও বিনিয়োগে রূপ দেওয়াই এর লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।

সহযোগিতার একটি কাঠামোবদ্ধ ভিত্তি তৈরির জন্য সেমিকন্ডাক্টর শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, গবেষণা, কারিকুলাম ও শিক্ষক উন্নয়ন, বিশ্ববিদ্যালয়-শিল্পখাতের সম্পৃক্ততা এবং উচ্চশিক্ষার রূপান্তর বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) প্রণয়নের বিষয়টি পরবর্তী গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে আলোচনায় আসে।

aliul / aliul

ঢাকায় মনোরেল করিডোরের প্রাক-সম্ভাব্যতা সমীক্ষার চুক্তি

দীর্ঘমেয়াদি সহযোগিতা নি‌য়ে বাংলাদেশের প্রতি‌নি‌ধিদ‌লের আলোচনা

দ্বিপক্ষীয় বিষয়ে হুমায়ুন কবিরের সঙ্গে দীনেশ ত্রিবেদীর আলোচনা

বাড়ির দখলের আসামি ধরতে গিয়ে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ৪

বাংলাদেশের ভিসা আবেদনের পোর্টাল ডাউন

সংস্কৃতি হারালে হারিয়ে যাবে আমাদের পরিচয় : ডিএসসিসি প্রশাসক

অপতথ্য ও এআইয়ের অপব্যবহার রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

ভ্যাটিকানের সঙ্গে শিক্ষা সহযোগিতা জোরদারে আলোচনা

পুরাতন বাণিজ্য মেলা মাঠ থেকে ককটেল ও বোমা উদ্ধার, চলছে নিষ্ক্রিয়ের কাজ

দেশে এলপিগ্যাসের কোনো সংকট নেই : জ্বালানি মন্ত্রীকে অপারেটরদের আশ্বাস

সৌদি প্রবাসীদের জন্য বিশেষ সতর্কতা

ডেঙ্গু বাড়ছে, ঘর-আঙিনা পরিষ্কার রাখার আহ্বান চসিক মেয়রের

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ২০৩৬