বলেশ্বর নদে কুমিরের হামলা: স্থানীয়দের সাহসিকতায় প্রাণে বাঁচল গাভী
সুন্দরবন-সংলগ্ন বাগেরহাটের শরণখোলা উপজেলার বলেশ্বর নদে এক বিশাল আকৃতির কুমিরের হামলার শিকার হয়েছে একটি গাভী। তবে স্থানীয়দের তাৎক্ষণিক পদক্ষেপ ও অসীম সাহসিকতায় কুমিরের মুখ থেকে গাভীটিকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের বগী গ্রামের বলেশ্বর নদের চরে এ রোমহর্ষক ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বগী গ্রামের বাসিন্দা পুতুল বেগমের চারটি গরু নদের চরে জমে থাকা কচুরিপানা খাচ্ছিল। হঠাৎ নদী থেকে একটি বিশালাকার কুমির উঠে এসে একটি গাভীর পেছনের অংশে কামড় বসায় এবং গভীর জলের দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় নদের পাড়ে বসে থাকা শহিদুল ইসলাম, রাসেল ও সুজনসহ কয়েকজন যুবক বিষয়টি দেখতে পেয়ে কালক্ষেপণ না করে লাঠিসোঁটা হাতে নদীতে নেমে পড়েন। জীবনের ঝুঁকি নিয়ে তারা কুমিরটিকে তাড়া করলে স্থানীয়দের তোপের মুখে একপর্যায়ে গাভীটিকে ছেড়ে দিয়ে গভীর পানিতে ডুব দেয় কুমিরটি।
আহত গাভীর মালিক পুতুল বেগম হতাশা ব্যক্ত করে জানান, গরুটিই তাঁর পরিবারের আয়ের অন্যতম সম্বল। কুমিরের ভয়ংকর আক্রমণে গাভীটির পেছনের অংশ মারাত্মকভাবে জখম হয়েছে। ব্যথায় গরুটি ঠিকমতো উঠে দাঁড়াতেও পারছে না। শেষ পর্যন্ত সেটি বাঁচবে কি না, তা নিয়ে তিনি চরম উৎকণ্ঠায় রয়েছেন।
খবর পেয়ে শরণখোলা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. মাসুম বিল্লাহ ঘটনাস্থলে গিয়ে আহত গাভীটিকে চিকিৎসা দেন। তিনি জানান, কুমিরের ধারালো দাঁতের কামড়ে গাভীটির পেছনের অংশ গভীরভাবে জখম হয়েছে। প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা দেওয়া হয়েছে এবং আপাতত গাভীটিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এদিকে, লোকালয়-সংলগ্ন এলাকায় কুমিরের এই হামলার খবর পেয়ে বন বিভাগের একটি দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে। সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শরীফুল ইসলাম জানান, লোকালয়ের কাছাকাছি চলে আসা কুমিরটির গতিবিধি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখতে বনরক্ষীদের নির্দেশ দেওয়া হয়েছে। নদী ও খালের পাড়ে চলাচলকারী এলাকাবাসী এবং গবাদিপশুর মালিকদের আতঙ্কিত না হয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন তিনি।
প্রকাশ্য দিবালোকে এমন রোমহর্ষক ঘটনার পর থেকে বলেশ্বর নদ তীরবর্তী বগী গ্রামের সাধারণ মানুষ ও গবাদিপশুর মালিকদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।
এমএসএম / এমএসএম
মাদারীপুরে প্রশিক্ষণার্থীদের সনদ ও নগদ অর্থ প্রদান
পার্বত্য শান্তি চুক্তি পুনর্মূল্যায়ন ও সশস্ত্র সংগঠনগুলোকে নিষিদ্ধের দাবি পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের
প্রগতি প্রি-ক্যাডেট স্কুলে প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ
কিশোর গ্যাংয়ের অভিযানে “বড় ভাই” তদবির করলে নাম প্রকাশ করে দেব - কুমিল্লা পুলিশ সুপার আনিসুজ্জামান
নোয়াখালী সোনাপুরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন
মেহেরপুরে হেরোইন ও নগদ টাকাসহ নারী মাদক কারবারি নাজমা গ্রেপ্তার
১০ মামলার পলাতক মাদক কারবারি কামরুল গ্রেপ্তার- পুরস্কার ছিল ২৫ হাজার টাকা
বড়াইগ্রামের রামাগাড়ী উচ্চ বিদ্যালয়ের ৩ শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
নেত্রকোণার দুর্গাপুরে বইয়ের নেশায় আলোর ফেরিওয়ালা নাজমুল হুদা সারোয়ার
রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা গোলাম তৌহিদের দাফন
দর্শনার্থীদের পদচারণায় মুখর দুমকির কাশবন
আসন্ন নির্বাচন নিয়ে ফেনী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত