ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

প্রান্তিক মানুষের কল্যাণে কাজ করবে স্থায়ী কমিটি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯-৯-২০২৬ বিকাল ৫:১৯

প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়ন ও দেশের দুস্থ জনগোষ্ঠীর জন্য যুগোপযোগী সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে একযোগে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বৈঠকে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমন্বিত ও যুগোপযোগী কার্যক্রম গ্রহণের পাশাপাশি ফ্যামিলি কার্ড কর্মসূচির পরিধি আরও বিস্তৃত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির সভাপতি মো. শাহজাহানের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটির সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন, সরওয়ার জামাল নিজাম, মোহাম্মদ সালমান ওমর, আরিফা সুলতানা, নিপুন রায় চৌধুরী এবং মো. মজিবুর রহমান অংশগ্রহণ করেন।

দিনের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে বৈঠকের কাজ শুরু হয়। এরপর স্থায়ী কমিটির সব সদস্যের সঙ্গে সমাজকল্যাণ মন্ত্রণালয়, এর আওতাধীন বিভাগ ও দপ্তরসমূহের কর্মকর্তাদের এক পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরে এক স্বাগত বক্তব্যে কমিটির সভাপতি মো. শাহজাহান প্রান্তিক পর্যায়ের মানুষের সামগ্রিক জীবনমান উন্নয়নে সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং সংসদীয় স্থায়ী কমিটিকে একযোগে ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করার আহ্বান জানান।

বৈঠক চলাকালে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং এর অধীনস্থ বিভিন্ন অধিদপ্তর ও সংস্থাসমূহের সার্বিক কার্যক্রম স্থায়ী কমিটির সদস্যদের সামনে বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়। এ সময় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন জানান, কোনো ধরনের সংকীর্ণ দলীয় দৃষ্টিভঙ্গিতে নয়, বরং সার্বজনীনভাবে দেশের প্রতিটি মানুষের কল্যাণের মনোভাব নিয়ে কাজ করতে চান তারা। তিনি মন্ত্রণালয়ের সার্বিক উন্নয়নে সবাইকে একত্রে কাজ করার আহ্বান জানান।

একই বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন জনকল্যাণে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে দেশের দুস্থ ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য আরও সমন্বিত ও যুগোপযোগী কার্যক্রম গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। অন্যদিকে কমিটির সদস্য মো. মজিবুর রহমান মাঠপর্যায়ের কার্যক্রম জোরদারের লক্ষ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপজেলা পর্যায়ের নানামুখী কর্মসূচিতে স্থানীয় সংসদ সদস্যদের সরাসরি সম্পৃক্ত করে কাজ করার জন্য জোর সুপারিশ জানান।

বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, চলতি বছরের ১০ মার্চ পাইলটিং হিসেবে শুরু হওয়া সরকারের ফ্ল্যাগশিপ প্রোগ্রাম ‘ফ্যামিলি কার্ড কর্মসূচি’র সফল বাস্তবায়ন চলছে। এ পর্যন্ত দেশের ৫২টি জেলার ৫৪টি উপজেলার ৫৬টি ওয়ার্ডে সফলভাবে এই কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। আগামীতে এর পরিধি আরও বড় করার পরিকল্পনা রয়েছে।

বৈঠকের সমাপনী বক্তব্যে কমিটির সভাপতি উপস্থিত সব সদস্য ও কর্মকর্তাকে ধন্যবাদ জানিয়ে সমন্বিত কাজের আশাবাদ ব্যক্ত করেন। এই গুরুত্বপূর্ণ বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয় ও বিভিন্ন দপ্তর-সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

aliul / aliul

প্রান্তিক মানুষের কল্যাণে কাজ করবে স্থায়ী কমিটি

দলীয় পরিচয় নয়, অপরাধী হিসেবেই ব্যবস্থা : আইজিপি

রোডক্র্যাশে তরুণদের হতাহত বেশি, সমন্বিত সড়ক নিরাপত্তা আইন চান তারা

মাছ বিক্রিতে কারচুপি ও মেয়াদোত্তীর্ণ পণ্য, চট্টগ্রামে জরিমানা ২৯ হাজার

গভীর বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল, ১৩ জেলেকে জীবিত উদ্ধার

ব্রহ্মপুত্র-যমুনার পানি কমবে আরও ৫ দিন

ঢাকার ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না : ডিএসসিসি প্রশাসক

১২-৪০ মিনিটের মধ্যে দিতে হবে যাত্রীদের লাগেজ, নাহয় জরিমানা

স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনয়ন আহ্বান, জমা ১ নভেম্বরের মধ্যে

চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ, প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের প্রত্যাশা

এআইয়ের অপব্যবহার করে সম্মানহানি করা হচ্ছে, পদক্ষেপ নিতে চায় সরকার

বিপিসির কাছে ব্যাখ্যা চাইল সংসদীয় কমিটি

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির প্রভাব রূপপুর বিদ্যুৎকেন্দ্রে পড়বে না