ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

২৬ লাখে ইতালি পাঠিয়ে নারীকে জিম্মি-নির্যাতনে আরও ১০ লাখ টাকা দাবি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০-৯-২০২৬ বিকাল ৫:৩১

ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে ২৫ লাখ ৯৫ হাজার টাকা নেওয়ার পরে লিবিয়ায় পাঠিয়ে আটকে রেখে আরও ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি ও নির্যাতনের অভিযোগে মো. আবুল হোসেন (৬৯) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. ছুফি উল্লাহ এ তথ্য জানান।

তিনি বলেন, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ৭টার দিকে গাজীপুরের কাপাসিয়া থানাধীন কাড়িহাতা গ্রামে অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় আসামি মো. আবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের বান্দুমিয়ার ছেলে।

সিআইডি জানায়, মামলার বাদীকে ইতালি পাঠানোর কথা বলে আসামিরা পরস্পর যোগসাজশে বিভিন্ন সময়ে তার কাছ থেকে মোট ২৫ লাখ ৯৫ হাজার টাকা নেন। পরে ২০২৪ সালের ১২ জুন তাকে লিবিয়ায় পাঠানো হয় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

লিবিয়ায় পৌঁছানোর পর মানব পাচার চক্রের সহযোগীরা তাকে একটি স্থানে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় তার পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণের টাকা দিতে না পারায় তাকে আরও নির্যাতন করা হয় বলে বাদিনী অভিযোগ করেছেন।

একপর্যায়ে সুযোগ বুঝে ওই স্থান থেকে পালিয়ে অন্যত্র আশ্রয় নেন তিনি। পরে লিবিয়া পুলিশ তাকে আটক করে এবং ২০২৪ সালের ১৬ অক্টোবর বাংলাদেশে ফেরত পাঠায়।

এ ঘটনায় ২০২৫ সালের ২১ সেপ্টেম্বর ঢাকার মিরপুর মডেল থানায় মামলা করেন ভুক্তভোগী। মামলাটি মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২-এর ৭, ৮, ৯ ও ১০ ধারায় করা হয়।

সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ বলেন, মামলার তদন্তভার পাওয়ার পর প্রাপ্ত তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করে মানব পাচারের সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করে সিআইডি। তদন্তের প্রাথমিক পর্যায়ে গ্রেপ্তার আবুল হোসেনের ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সিআইডি আরও জানায়, গ্রেপ্তার আবুল হোসেনের বিরুদ্ধে মিরপুর থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনের একই ধারায় আরও একটি মামলা রয়েছে। ২০২৫ সালের ২ অক্টোবর করা ওই মামলাতেও তিনি এজাহারনামীয় আসামি।

গ্রেপ্তার আবুল হোসেনকে জিজ্ঞাসাবাদের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে। মামলাটির তদন্ত অব্যাহত রয়েছে।

aliul / aliul

প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চায় পরিবার

যানজট নিরসনে সায়েদাবাদের দূরপাল্লার বাস কাঁচপুরে স্থানান্তর শিগগিরই

পলাতক সরকারের সূত্রেই বিরোধীদলের নেতারা চলছে : রুমন

রাজধানীতে ফুটপাতে দোকান উচ্ছেদ অভিযানে পুলিশের ওপর হামলা, আটক ৩০

ছুরিকাঘাতে নিহত রিকশা চালকের পরিচয় শনাক্তে সহযোগিতা চায় পুলিশ

যাত্রাবাড়ীতে অজ্ঞাত গাড়ির চাপায় নারী নিহত

আদাবরে নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের ৬ সদস্য গ্রেপ্তার

কলঙ্ক নয়, সহমর্মিতাই মাদকমুক্ত জীবনের পথ : মোহিত কামাল

২৬ লাখে ইতালি পাঠিয়ে নারীকে জিম্মি-নির্যাতনে আরও ১০ লাখ টাকা দাবি

আন্তর্জাতিক মাতৃভাষা পদক পেতে আবেদনের সময় বাড়ল

সাবেক সেনা কর্মকর্তা গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার

দুই বছরে যমুনা ফার্টিলাইজারে উৎপাদন হয়েছে মাত্র তিন দিন

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক