ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

কলঙ্ক নয়, সহমর্মিতাই মাদকমুক্ত জীবনের পথ : মোহিত কামাল


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০-৯-২০২৬ বিকাল ৫:৩২

মাদকাসক্তি থেকে সেরে ওঠার ক্ষেত্রে কলঙ্ক নয়, সহমর্মিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন মনোরোগ বিশেষজ্ঞ ও ইন্টারন্যাশনাল সোসাইটি অব সাবসটেন্স ইউজ প্রফেশনালসের (আইসাপ) বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান অধ্যাপক ডা. এম. এ. মোহিত কামাল। তিনি বলেছেন, একজন মানুষের বর্তমান সমস্যাই তার সম্পূর্ণ পরিচয় নয়। চিকিৎসার পাশাপাশি পরিবার, সমাজ ও কর্মক্ষেত্রের সহায়তা না পেলে মাদকমুক্ত থাকার পথ কঠিন হয়ে যেতে পারে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর শ্যামলীতে ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য ও পুষ্টি সেক্টরের সভাকক্ষে ‘রিকভারি ডে ২০২৬’ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ঢাকা আহ্ছানিয়া মিশন ও আইসাপ বাংলাদেশ চ্যাপ্টার যৌথভাবে এ সভার আয়োজন করে।

মোহিত কামাল বলেন, টেকসই রিকভারির জন্য শুধু চিকিৎসা যথেষ্ট নয়। এর সঙ্গে পারিবারিক সহায়তা, চিকিৎসা-পরবর্তী সেবা, সহায়তামূলক গোষ্ঠী, পুনরায় মাদক গ্রহণ প্রতিরোধ, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করা প্রয়োজন। চিকিৎসা শেষে একজন ব্যক্তি যদি আবার পুরোনো পরিবেশ, বেকারত্ব, পারিবারিক দ্বন্দ্ব ও সামাজিক কলঙ্কের মধ্যে ফিরে যান, তাহলে তার পুনরায় মাদক ব্যবহারের ঝুঁকি বাড়তে পারে।

মাদক ব্যবহারকারীকে ‘নেশাখোর’ বা অপমানজনক কোনো পরিচয়ে না ডেকে মাদক নির্ভরশীল ব্যক্তিকে একজন অসুস্থ মানুষ হিসেবে দেখার আহ্বান জানান তিনি। তার ভাষায়, ‘একজন মানুষের বর্তমান সমস্যাই তার সম্পূর্ণ পরিচয় নয়। কলঙ্ক নয়, সহমর্মিতাই রিকভারির পথকে সহজ করে।’

অনুষ্ঠানে ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য ও পুষ্টি সেক্টরের পরিচালক এবং আইসাপ বাংলাদেশ চ্যাপ্টারের সাধারণ সম্পাদক ইকবাল মাসুদ মূল প্রবন্ধ উপস্থাপন করেন। 

তিনি বলেন, মাদকাসক্তি থেকে সেরে ওঠা মানে শুধু মাদক গ্রহণ বন্ধ করা নয়। এটি এমন একটি চলমান পরিবর্তনের প্রক্রিয়া, যার মাধ্যমে একজন ব্যক্তি মাদকের ক্ষতিকর প্রভাব কাটিয়ে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতি, জীবনযাত্রার মান বাড়ানো, আত্মনির্ভরশীল জীবনযাপন এবং নিজের সম্ভাবনাকে বিকশিত করার দিকে এগিয়ে যান।

ইকবাল মাসুদ বলেন, সাম্প্রতিক জাতীয় গবেষণার তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রায় ৮২ লাখ মানুষ কোনো না কোনো মাদক ব্যবহার করছেন, যা মোট জনসংখ্যার প্রায় ৪ দশমিক ৮৮ শতাংশ। তাদের বড় একটি অংশ অল্প বয়সেই মাদক গ্রহণ শুরু করেন। গবেষণায় দেখা গেছে, ৩৩ শতাংশ ব্যবহারকারী ৮ থেকে ১৭ বছর বয়সে এবং ৫৯ শতাংশ ১৮ থেকে ২৫ বছর বয়সে প্রথম মাদক গ্রহণ করেন।

গবেষণার তথ্য তুলে ধরে তিনি আরও বলেন, প্রায় ৯০ শতাংশ ব্যবহারকারী জানিয়েছেন, তাদের কাছে মাদক সহজলভ্য। অন্যদিকে প্রায় ৬৯ শতাংশ মানুষ চিকিৎসা বা পুনর্বাসন চান এবং ৬২ শতাংশ কাউন্সেলিং সেবা নিতে চান। অথচ মাত্র ১৩ শতাংশ চিকিৎসা বা পুনর্বাসনের সুযোগ পেয়েছেন। চিকিৎসা ও পুনর্বাসনের চাহিদা এবং সেবা পাওয়ার ক্ষেত্রে এই ব্যবধান মাদক চিকিৎসা ব্যবস্থার ঘাটতিকে স্পষ্ট করে।

বক্তারা বলেন, মাদক নির্ভরশীলতা থেকে সেরে ওঠা একবারের কোনো ঘটনা নয়; এটি নিয়মিত চর্চা ও সহায়তার মাধ্যমে সুস্থ থাকার একটি চলমান প্রক্রিয়া। বিজ্ঞানভিত্তিক চিকিৎসার পাশাপাশি পরিবার, সমাজ ও রাষ্ট্রের সমন্বিত সহায়তা প্রয়োজন। মাদক সমস্যাকে শুধু আইনশৃঙ্খলার বিষয় হিসেবে না দেখে জনস্বাস্থ্য ও চিকিৎসার দৃষ্টিকোণ থেকেও বিবেচনা করা জরুরি।

তারা আরও বলেন, প্রয়োজনীয় চিকিৎসা, কাউন্সেলিং ও পুনর্বাসন সেবা সবার কাছে পৌঁছাচ্ছে না। এ কারণে জেলা পর্যায়ে সরকারি স্বাস্থ্যব্যবস্থার সঙ্গে মাদকাসক্তির চিকিৎসা ও কাউন্সেলিং সেবা যুক্ত করা, চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রগুলোর মান নিয়ন্ত্রণ জোরদার, প্রশিক্ষিত জনবল বাড়ানো এবং নারী ও কিশোর-কিশোরীদের জন্য বিশেষায়িত সেবা নিশ্চিত করা প্রয়োজন।

অনুষ্ঠানে ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য ও পুষ্টি সেক্টরের সিনিয়র সাইকোলজিস্ট রাখি গাঙ্গুলীর সঞ্চালনায় আরও বক্তব্য দেন দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার জামিউল আহ্সান শিপু, বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র ‘আশ্রয়’-এর পরিচালক মো. শামীম খান, সেফ হোম মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রের পরিচালক লুৎফর রহমান মানিক এবং ‘উৎস’ মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের পরিচালক মো. শাহাবুদ্দিন চৌধুরী সুমন।

সেপ্টেম্বর বিশ্বব্যাপী ‘রিকভারি মাস’ হিসেবে পালিত হয়। এ বছরের প্রতিপাদ্য—‘রিকভারি ইজ রিয়েল : রিস্টোরিং এভরি অ্যাসপেক্ট অব লাইফ’, যার অর্থ ‘সেরে ওঠা বাস্তব : জীবনের প্রতিটি দিক পুনরুদ্ধার’।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কলঙ্কের বদলে সহমর্মিতা, বিচারের বদলে সহায়তা এবং বর্জনের বদলে অন্তর্ভুক্তির পরিবেশ তৈরি করা গেলে মাদক নির্ভরশীল ব্যক্তিদের সুস্থ জীবনে ফিরে আসার পথ আরও সহজ হবে। তাদের মতে, মাদক থেকে সেরে ওঠা সম্ভব এবং যথাযথ সহায়তা পেলে নতুন জীবনও সম্ভব।

aliul / aliul

প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চায় পরিবার

যানজট নিরসনে সায়েদাবাদের দূরপাল্লার বাস কাঁচপুরে স্থানান্তর শিগগিরই

পলাতক সরকারের সূত্রেই বিরোধীদলের নেতারা চলছে : রুমন

রাজধানীতে ফুটপাতে দোকান উচ্ছেদ অভিযানে পুলিশের ওপর হামলা, আটক ৩০

ছুরিকাঘাতে নিহত রিকশা চালকের পরিচয় শনাক্তে সহযোগিতা চায় পুলিশ

যাত্রাবাড়ীতে অজ্ঞাত গাড়ির চাপায় নারী নিহত

আদাবরে নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের ৬ সদস্য গ্রেপ্তার

কলঙ্ক নয়, সহমর্মিতাই মাদকমুক্ত জীবনের পথ : মোহিত কামাল

২৬ লাখে ইতালি পাঠিয়ে নারীকে জিম্মি-নির্যাতনে আরও ১০ লাখ টাকা দাবি

আন্তর্জাতিক মাতৃভাষা পদক পেতে আবেদনের সময় বাড়ল

সাবেক সেনা কর্মকর্তা গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার

দুই বছরে যমুনা ফার্টিলাইজারে উৎপাদন হয়েছে মাত্র তিন দিন

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক