ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চায় পরিবার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০-৯-২০২৬ বিকাল ৫:৫৬

প্রিজনভ্যান থেকে পালিয়ে যাওয়া রাজা ওরফে পিচ্চি রাজার সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করে গুমের শঙ্কা প্রকাশ করেছেন তার স্ত্রী খুশি। একই সঙ্গে স্বামীকে কারাগার থেকে বের করে দেওয়ার কথা বলে বিপুল অর্থ আত্মসাৎ, ব্ল্যাকমেইল ও তাকে গুম করার অভিযোগও তুলেছেন কথিত এক সাংবাদিকের বিরুদ্ধে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করে পিচ্চি রাজার স্ত্রী খুশী। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তার স্বামীকে দ্রুত উদ্ধার এবং অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

পুলিশ ও কারা সূত্রের তথ্য অনুযায়ী, ঢাকার আদালতে হাজিরা শেষে গত ২৭ সেপ্টেম্বর কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ফেরার পথে গাজীপুরের নাওজোড় এলাকায় প্রিজনভ্যান থেকে পালিয়ে যান রাজা ওরফে পিচ্চি রাজা। প্রিজনভ্যানে থাকা অন্য ২৯ আসামিকে কারাগারে নেওয়া হলেও তিনি পালিয়ে যান।

কারা সূত্র জানায়, প্রিজনভ্যান থেকে নামিয়ে শৌচাগারে নেওয়ার পর সুযোগ বুঝে তিনি দৌড়ে পালিয়ে যান। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়। তাদের মধ্যে একজন উপ-পরিদর্শক (এসআই), তিনজন কনস্টেবল ও একজন নায়েক (চালক) রয়েছেন। ঘটনা তদন্তে কমিটিও গঠন করা হয়।

পিচ্চি রাজাকে পুনরায় গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ইউনিট অভিযান চালাচ্ছে বলে জানা গেছে।

পুলিশের তথ্য অনুযায়ী, রাজা ওরফে পিচ্চি রাজা মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পকেন্দ্রিক মাদক কারবারের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে মাদক, অস্ত্র ও বিস্ফোরকসহ অন্তত ২৫টি মামলার তথ্য রয়েছে। পুলিশ তাকে দীর্ঘদিন ধরে খুঁজছিল।

২০২৪ সালের ২৯ সেপ্টেম্বরও তাকে গ্রেপ্তার করা হয়েছিল। ওই সময় তার কাছ থেকে মাদক ও অস্ত্র উদ্ধারের কথা জানায় পুলিশ। পরে চলতি বছরের ১৯ মে নেপাল থেকে স্ত্রী ও শ্যালককে নিয়ে দেশে ফেরার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

কথিত সাংবাদিকের বিরুদ্ধে যে অভিযোগ তুলেছেন পিচ্চি রাজার স্ত্রী

সংবাদ সম্মেলনে পিচ্চি রাজার স্ত্রী খুশি অভিযোগ করে বলেন, তার স্বামীকে কারামুক্ত করে দেওয়া এবং নতুন মামলায় না জড়ানোর আশ্বাস দিয়ে কথিত সাংবাদিক জাহাঙ্গীর আলম তাদের কাছ থেকে ধাপে ধাপে বিপুল পরিমাণ অর্থ নিয়েছেন।

তার দাবি, নগদ, বিকাশ ও ব্যাংক হিসাবের মাধ্যমে প্রায় ৭০ থেকে ৮০ লাখ টাকা নেওয়া হয়েছে। এমনকি টাকা জোগাড় করতে তাদের গাড়ি ও স্বর্ণালঙ্কারও বিক্রি করতে হয়েছে। পরে জেলগেট থেকে রাজাকে বের করে দেওয়ার কথা বলে আরও ২০ লাখ টাকা নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

খুশির ভাষ্য, এতো টাকা দেওয়ার পরও তার স্বামী জামিনে মুক্তি পাননি। বরং তাকে একের পর এক নতুন মামলায় জড়ানো হয়েছে। জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ব্যক্তিগত ও অনৈতিক সম্পর্কের জন্য চাপ দেওয়ারও অভিযোগ করেন খুশি।

তিনি বলেন, রাজাকে কারাগার থেকে মুক্ত করে দেওয়ার আশ্বাস দিয়ে তাকে বিভিন্নভাবে চাপ দেওয়া হতো। জাহাঙ্গীরের সঙ্গে যোগাযোগ বন্ধ করলে তার স্বামীকে কখনো কারাগার থেকে বের হতে দেওয়া হবে না বলেও ভয় দেখানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এসব অভিযোগের পক্ষে মোবাইল ফোনের স্ক্রিনশট, বিকাশ লেনদেনের তথ্য ও কল রেকর্ডসহ বিভিন্ন তথ্য-প্রমাণ তাদের কাছে রয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।

স্বামী পিচ্চি রাজার সন্ধান দাবি ও গুমের শঙ্কা প্রকাশ করে স্ত্রী খুশি বলেন, আদালত থেকে কারাগারে নেওয়ার পথে পিচ্চি রাজা নিখোঁজ হওয়ার ঘটনায় তারা উদ্বিগ্ন। তার দাবি, কারাগার ও আদালত প্রাঙ্গণেও জাহাঙ্গীর আলম তার স্বামীকে নিয়ন্ত্রণ ও ব্ল্যাকমেইল করতেন। এ কারণে প্রিজনভ্যান থেকে পালানোর ঘটনার আড়ালে অন্য কোনো ঘটনা রয়েছে কি-না, তাও তদন্ত করে দেখার দাবি জানান তিনি।

তবে পুলিশ ও কারা সূত্রের প্রকাশিত তথ্যে বলা হয়, পিচ্চি রাজা শৌচাগারে যাওয়ার সময় দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান। এ ঘটনায় দায়িত্বে থাকা পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করে তদন্ত শুরু হয়েছে।

সংবাদ সম্মেলনে খুশি অভিযোগ করেন, জাহাঙ্গীর আলম নিজেকে স্বরাষ্ট্রমন্ত্রীর লোক ও ‘মাফিয়া সাংবাদিক’ হিসেবে পরিচয় দিয়ে প্রভাব বিস্তার করতেন। সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে তিনি প্রতারণার জাল তৈরি করেছেন বলেও অভিযোগ করেন তিনি।

জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকের মামলা রয়েছে এবং তিনি নিজেও মাদক কারবারে জড়িত ছিলেন বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়। এসব অভিযোগের সমর্থনে প্রয়োজনীয় নথি ও তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে খুশি বলেন, তার স্বামী পিচ্চি রাজা যেসব মামলায় কারাগারে ছিলেন, সেগুলোর পাশাপাশি প্রিজনভ্যান থেকে পালানোর ঘটনা এবং জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ওঠা অভিযোগ- সবকিছুর নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।

aliul / aliul

প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চায় পরিবার

যানজট নিরসনে সায়েদাবাদের দূরপাল্লার বাস কাঁচপুরে স্থানান্তর শিগগিরই

পলাতক সরকারের সূত্রেই বিরোধীদলের নেতারা চলছে : রুমন

রাজধানীতে ফুটপাতে দোকান উচ্ছেদ অভিযানে পুলিশের ওপর হামলা, আটক ৩০

ছুরিকাঘাতে নিহত রিকশা চালকের পরিচয় শনাক্তে সহযোগিতা চায় পুলিশ

যাত্রাবাড়ীতে অজ্ঞাত গাড়ির চাপায় নারী নিহত

আদাবরে নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের ৬ সদস্য গ্রেপ্তার

কলঙ্ক নয়, সহমর্মিতাই মাদকমুক্ত জীবনের পথ : মোহিত কামাল

২৬ লাখে ইতালি পাঠিয়ে নারীকে জিম্মি-নির্যাতনে আরও ১০ লাখ টাকা দাবি

আন্তর্জাতিক মাতৃভাষা পদক পেতে আবেদনের সময় বাড়ল

সাবেক সেনা কর্মকর্তা গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার

দুই বছরে যমুনা ফার্টিলাইজারে উৎপাদন হয়েছে মাত্র তিন দিন

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক