ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

এআই, সেমিকন্ডাক্টর ও রোবটিক্সে গবেষণায় তরুণদের নীতিসহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: জহির উদ্দিন স্বপন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০-৯-২০২৬ রাত ৮:২৪

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সেমিকন্ডাক্টর ও রোবটিক্সসহ উদীয়মান প্রযুক্তিতে গবেষণা ও উদ্ভাবনকে এগিয়ে নিতে তরুণ প্রযুক্তিবিদদের জন্য নীতিগত সহায়তার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান—এমন তথ্য জানিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশের নিজস্ব বাস্তব চাহিদা অনুযায়ী এআই প্ল্যাটফর্ম, ডেটাসেট ও প্রোগ্রামিং তৈরিতে তরুণদের গবেষণার গভীরতা ও প্রজ্ঞার পরিচয় দিতে হবে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) মিলনায়তনে ‘নিপ্পন এআই দোজো ২০২৬’-এর চূড়ান্ত প্রকল্প উপস্থাপন ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জহির উদ্দিন স্বপন বলেন, এআই এখন কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, ম্যানুফ্যাকচারিং ও ফ্রিল্যান্সিংসহ অর্থনীতির বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনছে। বাংলাদেশের জন্য উপযোগী এআই টুল, প্ল্যাটফর্ম ও ডেটাসেট তৈরির পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ, জিপিইউ ব্যবহারের সক্ষমতা এবং সমৃদ্ধ বাংলা ডেটাসেটের ঘাটতির মতো স্থানীয় চ্যালেঞ্জ বিবেচনায় নিয়ে গবেষণা করতে হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে রোবটিক্স, সেমিকন্ডাক্টর ও এআই গবেষণার প্রসারে নীতিগত সহায়তার কথা জানিয়েছেন। সরকার নীতিগত সমর্থন দেবে; তবে এআই কোন কোন ক্ষেত্রে কীভাবে কার্যকরভাবে প্রয়োগ করা যায়, তার সুনির্দিষ্ট পথনকশা প্রযুক্তি বিশেষজ্ঞদেরই তৈরি করতে হবে। তিনি বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় জাপানের উন্নয়ন অংশীদারিত্বের প্রশংসা করে নিপ্পন এআই দোজো ২০২৬-কে তরুণদের জন্য গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।
ইউএপি, জাপানের CHOWA GIKEN Corporation এবং AI SAMURAI JAPAN-এর যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিন-ইচি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএপির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য জনাব কাইয়ুম রেজা চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ইউএপির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. আবু সাঈদ এম. আহমেদ।
সমাপনী অনুষ্ঠানে ব্র্যাক ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের প্রশিক্ষণার্থীরা প্রশিক্ষণকালীন সময়ে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে তৈরি বিভিন্ন এআইভিত্তিক প্রকল্প উপস্থাপন করেন। প্রকল্পগুলোর মাধ্যমে এআইয়ের ব্যবহারিক প্রয়োগ, উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভর সমস্যা সমাধানের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
পরে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ এবং দক্ষতা, সৃজনশীলতা ও উল্লেখযোগ্য অবদানের জন্য নির্বাচিতদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
বক্তারা এআইসহ উদীয়মান প্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ তৈরিতে শিক্ষাপ্রতিষ্ঠান, শিল্পখাত ও আন্তর্জাতিক অংশীদারদের মধ্যে সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। নিপ্পন এআই দোজো ২০২৬ বাংলাদেশ ও জাপানের মধ্যে প্রযুক্তি, দক্ষতা উন্নয়ন ও জ্ঞান বিনিময়ের ক্ষেত্রে সহযোগিতার একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে তরুণদের এআই বিষয়ে ব্যবহারিক জ্ঞান অর্জনের সুযোগ তৈরি করেছে।
অনুষ্ঠানে ইউএপির বোর্ড অব ট্রাস্টিজের সদস্যবৃন্দ, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

aliul / aliul

এআই, সেমিকন্ডাক্টর ও রোবটিক্সে গবেষণায় তরুণদের নীতিসহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: জহির উদ্দিন স্বপন

প্রবীণদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করবে সরকার

বাংলাদেশ-জাপান সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

এলপিজির কৃত্রিম সংকট ও অতিরিক্ত দাম নেওয়ার বিষয়ে খতিয়ে দেখার নির্দেশ

উত্তরার জাপানিজ রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা

মানবিকতা-সেবার মনোভাব নিয়ে পুলিশি সেবা দিতে হবে : আইজিপি

প্রধানমন্ত্রী কন্যার জাতিসংঘ নিয়োগের বিষয়ে সরকারের কোনো সম্পৃক্ততা নেই

প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চায় পরিবার

যানজট নিরসনে সায়েদাবাদের দূরপাল্লার বাস কাঁচপুরে স্থানান্তর শিগগিরই

পলাতক সরকারের সূত্রেই বিরোধীদলের নেতারা চলছে : রুমন

রাজধানীতে ফুটপাতে দোকান উচ্ছেদ অভিযানে পুলিশের ওপর হামলা, আটক ৩০

ছুরিকাঘাতে নিহত রিকশা চালকের পরিচয় শনাক্তে সহযোগিতা চায় পুলিশ

যাত্রাবাড়ীতে অজ্ঞাত গাড়ির চাপায় নারী নিহত