ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

রাজনীতিতে সংঘাতের সংস্কৃতি বন্ধ করে সমঝোতার পরিবেশ সৃষ্টি করতে হবে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১-১০-২০২৬ বিকাল ৫:৫৭

সংঘাত ও প্রতিহিংসার সংস্কৃতি পরিহার করে দেশে রাজনৈতিক সমঝোতা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রাজনৈতিক সমঝোতা ছাড়া দেশ যথাযথভাবে আগাতে পারে না।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বঙ্গভবনে এম. বি. এ. অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব)-এর একটি প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি এ সময় সংগঠনটির প্রশংসা করে বলেন, প্রতিষ্ঠানটি দেশের বিভিন্ন ক্ষেত্রে তাদের যোগ্যতার স্বাক্ষর রেখে চলেছেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে তাৎপর্যপূর্ণ অবদান রাখছেন। তিনি আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের মিথ্যাচারের বিরুদ্ধে সংগঠনটি গবেষণামূলক সত্য তথ্য দিয়ে জনগণকে সচেতন ও গণতান্ত্রিক উত্তরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

রাষ্ট্রপতি বলেন, একে অপরকে দোষারোপ, প্রতিপক্ষকে ক্ষতিগ্রস্ত করা ও মামলা-মোকদ্দমার মাধ্যমে হয়রানির রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে এসে দেশের স্বার্থে সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে।

এ প্রসঙ্গে দক্ষিণ আফ্রিকার রাজনৈতিক পরিবর্তনে নেলসন ম্যান্ডেলার ভূমিকার কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, দীর্ঘদিনের সংঘাত ও রক্তপাতের অবসান ঘটিয়ে রাজনৈতিক সমঝোতার মাধ্যমে সেখানে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করা হয়েছিল। তিনি বলেন, রাজনৈতিক দূরদর্শিতা, সহনশীলতা ও পারস্পরিক সমঝোতার মাধ্যমে একটি দেশকে এগিয়ে নেওয়া সম্ভব।

তিনি বলেন, ‘ম্যাব’-এর মতো পেশাজীবী সংগঠনগুলো বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত ও গঠনমূলক পরামর্শ দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে। সংগঠনটি তার যোগ্য ও দক্ষ সদস্যদের অভিজ্ঞতা ও যোগ্যতা অনুযায়ী দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বিষয় রাষ্ট্রপতি তুলে ধরেন।

‘ম্যাব’-এর প্রতিনিধি দলের সদস্যরা রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান এবং তার দীর্ঘ রাজনৈতিক ও পেশাগত অভিজ্ঞতা, প্রজ্ঞা ও নেতৃত্বের প্রশংসা করেন। তারা সংগঠনের বিভিন্ন কার্যক্রমে রাষ্ট্রপতির অতীত সহযোগিতা ও উৎসাহের কথা উল্লেখ করে ভবিষ্যতেও তার পরামর্শ ও সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি এ সময় সহযোগিতার আশ্বাস দেন।

প্রতিনিধি দলে ম্যাবের সভাপতি সৈয়দ আলমগীর, মহাসচিব ড. মো. সামসুজ্জামান, সহ-সভাপতি প্রকৌশলী মো. নজরুল ইসলাম, প্রফেসর ড. মুহাম্মদ ফরিদ উদ্দিন, ফরিদা আহমেদ নিকু, যুগ্ম মহাসচিব মো. শহিদুর রহমান, আদনান সাবির, সাংগঠনিক সম্পাদক মো. আতাউর রহমান সরকার, কোষাধ্যক্ষ এস এম সুলতান কবির ও গবেষণা সম্পাদক ড. মনিরুল হাসান মাসুম উপস্থিত ছিলেন।

এছাড়া, সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিব, প্রেস সচিব ও সহকারী সামরিক সচিব উপস্থিত ছিলেন।

aliul / aliul

শেখ হাসিনা ফিরে আসার চেষ্টা করলে তার বিচার বলবৎ হবে : রিজভী

তুরস্কের সক্ষমতায় যা রয়েছে বাংলাদেশের জন্য আমি তা করবো : এরদোয়ান

কর্মদিবসের শুরুতেই রাজধানীতে তীব্র যানজট, রাজনৈতিক কর্মসূচিতে ভোগান্তি

শেখ হাসিনাকে নিয়ে প্রশ্নে প্রতিমন্ত্রী, ‘পরের ব্রিফিংয়ে কথা বলব’

ফুটপাত দখল করে ব্যবসা না করার নির্দেশ ডিএসসিসি প্রশাসকের

৭ নভেম্বরের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের

সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক চলছে

শিক্ষকদের সংবাদ সম্মেলন প্রায় বন্ধ প্রেসক্লাবের সামনের রাস্তা

গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

শিক্ষার্থী ভিসা আবেদন আরও সহজ করল জার্মান দূতাবাস

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, চার সমুদ্রবন্দরে দূরবর্তী সতর্কতা সংকেত

মোহাম্মদপুরে দেশীয় অস্ত্রসহ জাকির গ্রুপের চার সদস্য গ্রেপ্তার

ভোরে কড়াইল বস্তিতে আগুন, প্রাণ গেল তরুণের