শরণখোলায় গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে এজেন্ট ব্যাংক পরিচালক উধাও
বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের তাফালবাড়ি বাজারে ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকের পরিচালক মো. ওমর ফারুক রাজুর বিরুদ্ধে গ্রাহকদের প্রায় ৫ কোটি টাকা হাতিয়ে নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। গত সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে ব্যাংকটি তালাবদ্ধ রেখে গা ঢাকা দিয়েছেন তিনি। এ ঘটনায় প্রতারিত শত শত গ্রাহকের মাঝে তীব্র ক্ষোভ ও চরম হতাশা বিরাজ করছে। স্থানীয়দের ধারণা, বিশাল অঙ্কের এই টাকা আত্মসাৎ করে রাজু ইতোমধ্যে বিদেশে পাড়ি জমিয়েছেন। অভিযুক্ত ওমর ফারুক রাজু সাউথখালী ইউনিয়নের পূর্ব সোনাতলা গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. শাহ আলম হাওলাদারের ছেলে।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, ২০২১ সালে তাফালবাড়ি বাজারে ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকের শাখা খোলেন ওমর ফারুক রাজু। শুরুর দিকে অত্যন্ত বিনয়ী আচরণ ও নিরবচ্ছিন্ন ব্যাংকিং সেবা দিয়ে দ্রুতই স্থানীয়দের আস্থা অর্জন করেন তিনি। এরপরই শুরু হয় তার আসল প্রতারণা।
গ্রাহকদের আকৃষ্ট করতে ব্যাংকের স্বাভাবিক নিয়মের বাইরে গিয়ে তিনি ব্যক্তিগতভাবে ডিপোজিটের বিপরীতে প্রতি লাখে মাসে ২ হাজার টাকা করে মুনাফা দেওয়ার ঘোষণা দেন। অতিরিক্ত এই লাভের আশায় স্থানীয় ব্যবসায়ী, নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ হুমড়ি খেয়ে পড়েন। গ্রাহকরা সর্বনিম্ন ১ লাখ থেকে শুরু করে সর্বোচ্চ ৩৫ লাখ টাকা পর্যন্ত তার কাছে জমা রাখেন।
তাফালবাড়ি বাজারের ওষুধ ব্যবসায়ী মো. রাসেল শরীফ জানান, তিনিসহ স্থানীয় অনেকেই রাজুর কাছে টাকা জমা রেখেছিলেন। টাকা নেওয়ার পর রাজু ব্যাংকের সিস্টেম জেনারেটেড রসিদের বদলে নিজের হাতে লেখা ভুয়া রসিদ ধরিয়ে দিতেন। এমনকি গ্রাহকদের বিশ্বাস অর্জনের জন্য তাদের মোবাইল ফোনে জালিয়াতি করে কনফার্মেশন মেসেজও পাঠাতেন। কারিগরি বিষয়ে সাধারণ মানুষের অজ্ঞতার সুযোগ নিয়ে দীর্ঘ সময় ধরে এই জালিয়াতি চালিয়ে যান তিনি। একই বাজারের অপর ব্যবসায়ী মো. রাসেল মীর জানান, তার মাধ্যমে এক গ্রাহকের রাখা ৭ লাখ টাকার কোনো হদিস মিলছে না। বগী গ্রামের খালেক পঞ্চায়েত জানান, তিনি ৩৫ লাখ টাকা জমা রেখেছিলেন, যার বিপরীতে দেওয়া রসিদটি সম্পূর্ণ ভুয়া বলে এখন প্রমাণিত হয়েছে। একইভাবে খলিল সরদার, বাবুল হাওলাদার, জলিল ফরাজি, ছরোয়ার, বিউটি বেগমসহ প্রায় দেড় শতাধিক গ্রাহক এই ভয়ংকর প্রতারণার শিকার হয়েছেন। টাকা নিয়ে উধাও হওয়ার খবর ছড়িয়ে পড়লে ডাচ-বাংলা ব্যাংকের বাগেরহাট জেলা শাখার কর্মকর্তারা তাফালবাড়ি এজেন্ট শাখা পরিদর্শনে আসেন। তারা গ্রাহকদের কাছে থাকা জমার রসিদগুলো পরীক্ষা করে জানান, এর অধিকাংশই ভুয়া। কর্মকর্তারা স্পষ্ট জানিয়ে দেন, ব্যাংকের নির্ধারিত প্রাতিষ্ঠানিক সিস্টেমে (অ্যাকাউন্টে) টাকা জমা না দিয়ে ব্যক্তিগতভাবে হাতে হাতে লেনদেন করা হলে তার দায়ভার ব্যাংক বহন করবে না। তবে যেসব গ্রাহকের টাকা ব্যাংকিং সিস্টেমে সঠিকভাবে এন্ট্রি করা আছে, তারা ডাচ-বাংলা ব্যাংকের যেকোনো শাখা থেকে তা নির্বিঘ্নে উত্তোলন করতে পারবেন।
উপজেলা সদরের ব্যবসায়ী নাজমুল আহসান শিমুল গাজীসহ স্থানীয় সচেতন মহল জানান, শরণখোলায় এ ধরনের ঘটনা এটিই প্রথম নয়। এর আগে রায়েন্দা বাজারের ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকের পরিচালক ‘প্রিন্স’ নামের এক ব্যক্তি গ্রাহকদের প্রায় দেড় কোটি টাকা হাতিয়ে নিয়ে যুক্তরাষ্ট্রে পালিয়ে যান। তার বাড়িও এই সাউথখালী ইউনিয়নেই। ভদ্রতার মুখোশ পরে এসব প্রতারক সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে একের পর এক জালিয়াতি করে পার পেয়ে যাচ্ছে।
সার্বিক বিষয়ে শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম জানান, তাফালবাড়ি ডাচ-বাংলা এজেন্ট ব্যাংক থেকে বিপুল অঙ্কের টাকা নিয়ে পরিচালকের পালিয়ে যাওয়ার ঘটনায় ভুক্তভোগী গ্রাহকদের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’
দুই কিডনি নষ্ট, চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন শিশু সাফিয়ার
হাসিনা আসুক, তবে বিশৃঙ্খলা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে’ : নিতাই রায় চৌধুরী
পঞ্চগড়ে আমন ধানে পোকার আক্রমণ, বাড়ছে উৎপাদন খরচ; লোকসানের শঙ্কায় কৃষক
চাঁদপুরে পিকআপভ্যান-ছয় চাকার গাড়ির সংঘর্ষ, তরুণ নিহত
শরণখোলায় গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে এজেন্ট ব্যাংক পরিচালক উধাও
প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড : ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয়ের ৫ শিক্ষার্থী
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা