ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

পাটের সর্বোচ্চ মূল্য সংযোজনের পণ্য তৈরিতে জোর দিচ্ছে সরকার: পাটমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-১০-২০২৬ দুপুর ১:৩১

কাঁচা পাট রপ্তানি না করে সর্বোচ্চ মূল্য সংযোজন করা পণ্য তৈরির মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় বাড়াতে চায় সরকার। এজন্য পাটের বহুমুখী ব্যবহার বাড়ানোর পাশাপাশি প্যাকেজিং, ব্লেন্ডেড ফাইবারসহ উচ্চমূল্যের পণ্য উৎপাদনে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শনিবার (৩ অক্টোবর) রাজধানীর ফার্মগেটের ১৪৫ মণিপুরি পাড়ায় জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের (জেডিপিসি) কনফারেন্স সেন্টারে প্রতিষ্ঠানটির প্রদর্শনী কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পাটমন্ত্রী বলেন, তৈরি পোশাকের বাইরে পাটসহ অন্যান্য খাতের বিকাশ চায় সরকার।

এজন্য পাটজাত বহুমুখী পণ্যের প্রচার ও প্রসারে স্থায়ী শোরুম চালু করা হয়েছে। এসব পণ্যের প্রদর্শনীর মাধ্যমে দেশীয় ক্রেতাদের আকৃষ্ট করার পাশাপাশি বিদেশি ক্রেতাদের পণ্য সম্পর্কে পরিচিত করানো হবে।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, পাটের তৈরি অনেক পণ্য যন্ত্রনির্ভর হলেও বেশ কিছু পণ্য হাতে তৈরি। হাতে তৈরি পণ্যগুলো ক্ষুদ্র শিল্প হিসেবে গড়ে উঠছে।

এ খাতকে আগামীতে আরও বিকশিত পর্যায়ে নিতে চায় সরকার।
পাটের তৈরি পলিথিনসহ বহুমুখী পণ্যের সম্প্রসারণ এবং রপ্তানি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জেডিপিসি এবং এ খাতের ব্যক্তি উদ্যোক্তাদের সংগঠনগুলোর সমন্বয়ে একটি পরিকল্পনা করা হচ্ছে। এর মূল লক্ষ্য হবে পাটের সর্বোচ্চ মূল্য সংযোজন নিশ্চিত করা।

তিনি বলেন, কাঁচা পাট বিক্রি করে দিলে এতে মূল্য সংযোজন খুবই কম। এর পরের ধাপে পাটের স্লাইভার তৈরি করা যায়। আরও বেশি মূল্য সংযোজনের সুযোগ রয়েছে প্যাকেজিং পণ্য তৈরিতে।

মন্ত্রী জানান, গত বছর বাজারের সর্বোচ্চ সময়ে এক টন কাঁচা পাটের দাম প্রায় দেড় লাখ টাকা বা এক হাজার ২শ ডলারের মতো ছিল। ওই পাট প্যাকেজিং পণ্যে রূপান্তর করা হলে প্রতি টনে মূল্য প্রায় দুই হাজার ৪শ থেকে দুই হাজার ৫শ ডলারে উন্নীত হতে পারে।

এর চেয়েও বেশি মূল্য সংযোজন করা সম্ভব পাটের সঙ্গে তুলা বা অন্য কোনো তন্তু মিশিয়ে ব্লেন্ডেড ফাইবার তৈরি করলে। এ ধরনের পণ্যের মূল্য প্রতি টনে চার হাজার থেকে সাড়ে চার হাজার, এমনকি পাঁচ হাজার ডলার পর্যন্ত হতে পারে বলে জানান তিনি।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে, যে পরিমাণ পাট উৎপাদন হয়, তার সর্বোচ্চ পরিমাণকে মূল্য সংযোজিত পণ্যে রূপান্তর করা। এর মাধ্যমে বৈদেশিক মুদ্রা বা রাজস্ব আয় সর্বোচ্চ পর্যায়ে নেওয়া সম্ভব।

তিনি বলেন, দেশে কী পরিমাণ পাট উৎপাদিত হয় এবং এর কতটা কোন কোন মূল্য সংযোজনের খাতে ব্যবহার করা সম্ভব, তা নিয়ে কাজ করা হচ্ছে। এ পরিকল্পনার ফল পেতে কিছুটা সময় লাগবে। তবে এ বিষয়ে কার্যকর ফলাফল পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে পাটের বহুমুখী ব্যবহার বাড়ানো এবং নতুন নতুন পণ্য উদ্ভাবনের পাশাপাশি দেশি-বিদেশি ক্রেতাদের কাছে এসব পণ্যের পরিচিতি বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

aliul / aliul

পাটের সর্বোচ্চ মূল্য সংযোজনের পণ্য তৈরিতে জোর দিচ্ছে সরকার: পাটমন্ত্রী

সুদের চাপ কমাতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা: গভর্নর

তেল-চিনি ও ডিমে নাজেহাল ক্রেতা

শিমের কেজি ২০০, ব্রয়লার ১৮০ টাকা

ঢাকা ব্যাংক সিকিউরিটিজের সিইও আহসানুর রহমান

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

পুঁজিবাজারের কাঠামো বদলে যাওয়ায় আইসিবিকেও নতুনভাবে ভাবতে হবে

এসএমইকে বড় হতে সহায়তা করলেই বাড়বে উৎপাদনশীলতা : নাজনীন আহমেদ

ডিজিটাল অর্থনীতি গড়তে বাংলা কিউআর কোডের লেনদেনে কোনো চার্জ লাগবে না

সিলেটে ভাইব্রেন্টের ২২তম সেলস সেন্টার উদ্বোধন

৭৭ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল

বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদযাপন করবে বিএসইসি

নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি টাকা পাঠানো যাবে