পূর্বধলা সরকারি কলেজে বিক্ষোভ, ভোরে অধ্যক্ষের কক্ষে আগুন
নেত্রকোনার পূর্বধলা সরকারি কলেজে উপাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আনোয়ারুল হক রতনের অপসারণ, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত এবং দ্রুত পূর্ণাঙ্গ অধ্যক্ষ নিয়োগের দাবিতে বিক্ষোভ করেছেন বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। একই দিন ভোররাতে কলেজের অধ্যক্ষের কক্ষের দরজায় পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
রোববার (৪ অক্টোবর) সকাল ১০টার দিকে কলেজের প্রধান ফটকের সামনে বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ শুরু হয়। পরে তাঁরা কলেজ ক্যাম্পাসে মিছিল করেন। এ সময় ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণ ও বিচার এবং দ্রুত পূর্ণাঙ্গ অধ্যক্ষ নিয়োগের দাবি জানানো হয়।
আন্দোলনকারীদের অভিযোগ, কলেজে প্রতিবছর ফলাফল বিপর্যয় হলেও তা উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে না। শিক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত ফরম পূরণের টাকা নেওয়ার অভিযোগও করেন তাঁরা। তাঁদের দাবি, এসব কারণে কলেজের শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং শিক্ষার্থীরা ভর্তি না হয়ে শহরমুখী হচ্ছেন।
আন্দোলনকারীরা আরও বলেন, সম্প্রতি অধ্যাপক মোহাম্মদ আকবর আলীকে পূর্বধলা সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হলেও যোগদানের এক দিনের ব্যবধানে তাঁর পদায়ন বাতিল করা হয়েছে। এ ঘটনায় শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।
দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা।
বিক্ষোভ কর্মসূচির কয়েক ঘণ্টা আগে রোববার ভোররাত ৩টার দিকে কলেজের অধ্যক্ষের কক্ষের দরজায় পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া যায়। এতে দরজার কিছু অংশ কালচে হয়ে গেছে।
কলেজের নাইটগার্ড মাফিজ উদ্দিন বলেন, ভোররাত ৩টার দিকে হেলমেট পরা দুই ব্যক্তিকে অধ্যক্ষের কক্ষের দরজায় পেট্রোল ঢেলে আগুন দিতে দেখেন তিনি। এগিয়ে গেলে তাঁরা পালিয়ে যান। পরে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তবে আগুন দেওয়ার ঘটনায় কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। কলেজের সিসিটিভি ক্যামেরা নষ্ট থাকায় ঘটনার কোনো ফুটেজও পাওয়া যায়নি।
অভিযোগের বিষয়ে উপাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আনোয়ারুল হক রতন বলেন, একটি গোষ্ঠী তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে ষড়যন্ত্র করছে। কলেজে অগ্নিসংযোগের ঘটনা অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়।
তিনি বলেন, অজ্ঞাতনামা ব্যক্তিরা রাষ্ট্রীয় শিক্ষাপ্রতিষ্ঠানে আগুন দিয়ে পালিয়ে গেছে। তাঁর কক্ষের দরজায় আগুন দেওয়ার ঘটনাটিও ওই ষড়যন্ত্রের অংশ হতে পারে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ দেওয়া হবে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
অন্যদিকে আন্দোলনকারীদের দাবি, তাঁদের কর্মসূচিকে ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশ্যে কোনো গোষ্ঠী পরিকল্পিতভাবে আগুন দেওয়ার ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
পূর্বধলা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুন দেওয়ার ঘটনায় কারা জড়িত এবং এর পেছনে কী কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
পূর্বধলা সরকারি কলেজে অধ্যক্ষ নিয়োগকে কেন্দ্র করে সম্প্রতি নতুন করে আলোচনা শুরু হয়। গত ২৭ সেপ্টেম্বর অধ্যাপক মোহাম্মদ আকবর আলীকে কলেজটির অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়। পরদিন তিনি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) যোগদান করেন।
৩০ সেপ্টেম্বর বেলা আড়াইটার দিকে তিনি পূর্বধলা সরকারি কলেজে গিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। তবে এর একদিন পরই তাঁর বদলি ও পদায়নসংক্রান্ত আদেশ বাতিল করে শিক্ষা মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে পদায়ন বাতিলের কারণ হিসেবে ‘প্রশাসনিক কারণ’ উল্লেখ করা হয়।
অধ্যক্ষের পদায়ন বাতিলের ঘটনায় কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে নানা আলোচনা তৈরি হয়েছে।
১৯৬৯ সালে প্রতিষ্ঠিত পূর্বধলা ডিগ্রি কলেজ ২০১৮ সালের ৮ আগস্ট জাতীয়করণ করা হয়। জাতীয়করণের পর থেকে প্রায় আট বছর ধরে উপাধ্যক্ষ মো. আনোয়ারুল হক রতন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।
এমএসএম / এমএসএম
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়
গোপালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা প্রস্তুতি সভা অনুষ্ঠিত
খাবার পরিবেশনে ওয়ান টাইম প্লেটে বাডছে স্বাস্থ্য ঝুঁকি
পিরোজপুরে দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা জোরদারে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের অবহিতকরন সভা
নিজ উদ্যোগে এগিয়ে চলছে মধ্য নিজপাড়া দুর্গা মন্দিরের উন্নয়ন কাজ
কালিহাতীতে ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২
ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা
রাণীনগরে পুলিশ চেকপোস্টের শুভ উদ্বোধন
সুন্দরবনের কটকায় পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, বনরক্ষীদের গুলিতে পিছু হটল দস্যুরা