ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

বিদ্যুৎ সংকটের প্রতিবাদ করায় গ্রাহকদের ওপর হামলার অভিযোগ, উত্তাল মনপুরা


মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা photo মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা
প্রকাশিত: ৫-১০-২০২৬ দুপুর ২:৩৩

ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় দীর্ঘদিন ধরে বিদ্যুৎ সরবরাহে অনিয়ম ও কথিত ‘ভিআইপি লাইন’-এ অতিরিক্ত সময় বিদ্যুৎ সরবরাহের অভিযোগ নিয়ে প্রশ্ন করায় গ্রাহকদের ওপর হামলার অভিযোগ উঠেছে উপজেলা ওজোপাডিকোর সহকারী প্রকৌশলী মনিরুজ্জামানের বিরুদ্ধে।

সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হাজীরহাট বাজারে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও ভুক্তভোগী গ্রাহকেরা।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে মনপুরায় সাধারণ গ্রাহকেরা নিয়মিত বিদ্যুৎ না পেলেও কথিত ‘ভিআইপি লাইন’-এর মাধ্যমে কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানে প্রায় আট ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। এ বিষয়ে জানতে হাজীরহাট বাজারের ব্যবসায়ী ও ভুক্তভোগী কয়েকজন গ্রাহক উপজেলা ওজোপাডিকোর সহকারী প্রকৌশলী মনিরুজ্জামানের কাছে গেলে তিনি তাদের কথা না শুনে চলে যাওয়ার চেষ্টা করেন।

এ সময় স্থানীয়রা তাকে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ স্থানীয়দের। এতে কয়েকজন স্থানীয় বাসিন্দা আহত হয়েছেন বলেও তারা দাবি করেন।

ঘটনার প্রতিবাদে হাজীরহাট বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা মনপুরার প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় তারা সহকারী প্রকৌশলী মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

পরে বিক্ষুব্ধ লোকজন স্লোগান দিতে দিতে উপজেলা পরিষদ ভবনের নিচে অবস্থান নেন। সেখানে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে লিখিত অভিযোগ দেন।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, “আমাদের নিয়মিত ও পর্যাপ্ত বিদ্যুৎ দেওয়া হয় না। অথচ টাকার বিনিময়ে কথিত ভিআইপি লাইনে দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে বলে আমরা জানতে পারছি। আমরা আমাদের ন্যায্য অধিকার ও বিদ্যুৎ সরবরাহের বিষয়ে জানতে গেলে বিদ্যুৎ অফিসের লোকজন আমাদের ওপর হামলা চালিয়েছেন। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।”

তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা ওজোপাডিকোর সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান বলেন, “স্থানীয় লোকজন বিদ্যুৎ অফিসে এসে আমার ওপর হামলা চালিয়েছে। আমি হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করব।”

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, “দুই পক্ষ থেকেই আমরা লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার অনিয়মের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এমএসএম / এমএসএম

বাঘায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপিত

সুবর্ণচরে আশার আলো সমাজ কল্যাণের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শিক্ষকের ৫ বছরের কারাদণ্ড

ব্যাপক অনিয়মের অভিযোগ সিসিএফ’র বিরুদ্ধে, তদন্তে দুদক

​কাউখালীতে গৃহবধূকে গণধর্ষণ ও হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

পত্নীতলায় ২০পিচ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

রাজস্থলীতে বিশ্ব শিক্ষক দিবসে র ্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা

বিশ্ব শিক্ষক দিবসে ফুল-উপহারে শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত শিক্ষকরা

তারাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

জয়পুরহাটে বিশ্ব বসতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

সবুজ লতায় কৃষকের স্বপ্ন: উল্লাপাড়ায় মাচা ভরা 'প্যাশন' বিপ্লব বিশুর

শিক্ষকদের বটবৃক্ষের সাথে তুলনা করলেন মধুখালী নির্বাহী অফিসার মাসুদুর রহমান