বাংলাদেশকে কৌশলগত অংশীদার মনে করে কানাডা : হাইকমিশনার
কানাডা বাংলাদেশকে কেবল বাণিজ্যের গন্তব্য হিসেবে দেখে না, বরং একটি উন্নত ও অন্তর্ভুক্তিমূলক আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার অজিত সিং।
সোমবার (৫ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত তিন দিনব্যাপী ‘বে অব বেঙ্গল কনভারসেশন-২০২৬’-এর সমাপনী দিনে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাইকমিশনার বলেন, পাঁচ দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ও কানাডার মধ্যে গভীর ও নিবিড় সম্পর্ক গড়ে উঠেছে। বাংলাদেশের স্বাধীনতাকে প্রথম দিকে স্বীকৃতি দেওয়া দেশগুলোর একটি হতে পেরে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে সহায়তা করতে পেরে কানাডা অত্যন্ত গর্বিত। আমরা সেই ইতিহাস নিয়ে অনেক গর্ব করি।
তিনি আরও বলেন, বর্তমানে বাংলাদেশের চ্যালেঞ্জিং সময়েও দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ২৫ শতাংশের বেশি বৃদ্ধি পেয়ে ৪ বিলিয়ন কানাডিয়ান ডলার ছাড়িয়েছে। এছাড়া গত মাসে কানাডিয়ান পটাশ সার সরবরাহের জন্য সরকার-টু-সরকার একটি নতুন চুক্তি ঘোষণা করেছে। ২০১৪ সাল থেকে এই ব্যবস্থার ফলে ৩.৫ মিলিয়ন টনেরও বেশি কানাডিয়ান পটাশ বাংলাদেশে সরবরাহ করা হয়েছে।
অজিত সিং বলেন, আমরা কৃষি, খাদ্য নিরাপত্তা, জ্বালানি, জলবায়ু, প্রযুক্তি, অ্যারোস্পেস, শিক্ষা ও দক্ষতা, ডিজিটাল প্রযুক্তি, উদ্ভাবন এবং বিনিয়োগের ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরও বহুদূর নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে।
তিনি আরও বলেন, একটি প্রাথমিক সাহায্যভিত্তিক সম্পর্ক থেকে বেরিয়ে এসে এমন একটি অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্কের দিকে এগিয়ে যাওয়া, যেখানে দুটি দেশ একে অপরের পরিপূরক শক্তিগুলোকে কাজে লাগাবে। আর এটি উভয় দেশের মানুষের জন্য এক উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করবে।
এক সঙ্গে কাজ করার প্রসঙ্গে বলতে গিয়ে কানাডিয়ান হাইকমিশনার বলেন, আমরা অনেক কিছু করেছি। আমরা গণতান্ত্রিক, রাজস্ব ও অর্থনৈতিক সংস্কার, শ্রমিক ও বিচার বিভাগীয় সংস্কার নিশ্চিত করতে কাজ করছি। এগুলো এমন বিষয় যা, বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করবে এবং সেই সঙ্গে কানাডার জন্যও এক নতুন দিগন্ত উন্মোচন করবে। সুতরাং এই সম্পর্কটি এখন আর কেবল দাতা ও গ্রহীতার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি এখন যৌথ সমৃদ্ধি ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির অংশীদারিত্বে পরিণত হচ্ছে।
কৌশলগতভাবে মধ্যবর্তী অবস্থানে থাকা দেশগুলোর ভূরাজনৈতিক অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, কৌশলগত মধ্যবর্তী অবস্থানের দেশগুলোকে সার্বভৌমত্ব এবং উন্মুক্ততার মধ্যে যেকোনো একটিকে বেছে নিতে হবে না। তাদের জাতীয় স্বার্থ ও বহুপাক্ষিক সহযোগিতার মধ্যে কোনো একটিকে বেছে নেওয়ার প্রয়োজন নেই। বহু-মেরুবিশিষ্ট বিশ্ব মানে যে অনিবার্যভাবে সংঘাত আর বিশৃঙ্খলা, তা নয়। সেখানে আরেকটি সম্ভাবনাও রয়েছে।
কানাডিয়ান হাইকমিশনার বলেন, আমরা এমন দেশগুলোর মধ্যে একে অপরের ওপর পরিপক্ব নেটওয়ার্ক গড়ে তুলতে পারি, যারা সুনির্দিষ্ট চ্যালেঞ্জগুলোতে সহযোগিতা করতে চায়। একটি জোট হয়তো সংকটপূর্ণ খনিজ সরবরাহ শৃঙ্খলকে শক্তিশালী করবে, আরেকটি জোট খাদ্য নিরাপত্তায় মনোযোগ দেবে, অন্যটি সামুদ্রিক নিরাপত্তায়, জলবায়ু পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তা, স্বাস্থ্য কিংবা বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কারে কাজ করবে এবং এই তালিকা চলতে থাকবে।
তিনি বলেন, সব জোটের সদস্যপদ এক হতে হবে তা নয়, যা গুরুত্বপূর্ণ তা হলো এই নেটওয়ার্কগুলো যেন বাস্তবসম্মত, দূরদর্শী এবং আমাদের নাগরিকদের জন্য সুনির্দিষ্ট ফলাফল দিতে সক্ষম হয়। এটি বহুপাক্ষিক প্রতিষ্ঠানগুলোর জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক সহযোগিতা এবং বহুপাক্ষিক ব্যবস্থাকে কার্যকর রাখতে কানাডা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।
কানাডিয়ান হাইকমিশনার বলেন, কেবল আকার কিংবা সামরিক শক্তির ওপর ভিত্তি করে চলা বিশ্বব্যবস্থা কখনোই সাধারণ দেশের স্বার্থ রক্ষা করতে পারে না। বাংলাদেশ, কানাডা ও বঙ্গোপসাগর অঞ্চলের দেশগুলোর একটি কার্যকর, নিয়মভিত্তিক ব্যবস্থা ও প্রতিষ্ঠানের ওপর অনেক কিছু নির্ভর করে।
তিনি আরও বলেন, আমাদের স্বার্থে কাজ করে এমন একটি ব্যবস্থা যেখানে সার্বভৌমত্ব গুরুত্বপূর্ণ, আন্তর্জাতিক আইন গুরুত্বপূর্ণ এবং দেশগুলো নিজেদের স্বাধীনতা বিসর্জন না দিয়েই একে অপরের সঙ্গে সহযোগিতা করতে পারে। আর এমন একটি ব্যবস্থা বজায় রাখার জন্য প্রচলিত বৃহৎ শক্তিগুলোর বাইরে গিয়েও নেতৃত্বের প্রয়োজন হয় কানাডা এবং বাংলাদেশের মতো দেশগুলোর তরফ থেকে।
aliul / aliul
আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যানের দায়িত্ব নিলেন স্পিকার
মঙ্গোলিয়ার প্রার্থীকে হারিয়ে আইপিইউ-এর নির্বাহী কমিটিতে জহরত আদিব
বিরোধী দলকে গঠনমূলক ভূমিকা পালনের আহ্বান ডেপুটি স্পিকারের
আলজেরিয়াকে বাংলাদেশ থেকে ফার্মাসিউটিক্যালস পণ্য আমদানির আহ্বান
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি দিয়ে ই-মেইল, তদন্তে পুলিশ
বিমানবন্দরে নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার : মন্ত্রী
গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই : তথ্যমন্ত্রী
নিউ গিনি প্রপার্টিজে হামলায় লোক ভাড়া করা ঠিকাদার বিকাশ গ্রেপ্তার
বাংলাদেশকে কৌশলগত অংশীদার মনে করে কানাডা : হাইকমিশনার
‘ফাইভ স্টার’ হোটেলে বসে কর্মপরিকল্পনা করলে নারীর সমতা আসবে না
আঞ্চলিক সহযোগিতা গড়ে তুলতে পারলে বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাবে
ঢামেকের বাথরুম থেকে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার