গাজীপুরে নয় ঢাকার তাঁতীবাজার থেকে এসআই প্রবীর কুমার ‘পিচ্চি রাজাকে' পালাতে সাহায্য করেন
আদালত থেকে গাজীপুরের কাশিমপুর কারাগারে ফিরিয়ে নেওয়ার পথে পুলিশের প্রিজন ভ্যান থেকে আসামি ‘পিচ্চি রাজা’ পালিয়ে যাওয়ার যে নাটক সাজানো হয়েছিল, তার প্রকৃত রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। মূলত পুলিশ সদস্য এসআই প্রবীর কুমার নিজে প্রিজন ভ্যানের তালা খুলে ওই আসামিকে প্রাইভেটকারে তুলে দিয়ে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেন এবং পরবর্তীতে বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করতে সাজানো নাটক তৈরি করেন। সোমবার (৫ অক্টোবর) বেলা ১২টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার এসব চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন।
এই ঘটনায় আসামিকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়ার ও সহযোগিতার অভিযোগে উপপরিদর্শক (এসআই) প্রবীর কুমার বিশ্বাস, প্রিজন ভ্যানের চালক নায়েক কামাল হোসেন এবং পলায়নকারী আসামি পিচ্চি রাজার বোন তাসলিমাকে গ্রেপ্তার করা হয়েছে।
সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার জানান, গত ২৭ সেপ্টেম্বর ঢাকা জেলা জজ কোর্ট থেকে ২৯ জন আসামিকে প্রিজন ভ্যানে করে কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হচ্ছিল। পথিমধ্যে ঢাকার তাঁতীবাজার এলাকার পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে প্রিজন ভ্যানটি থামানো হয়। সে সময় প্রিজন ভ্যানের ইনচার্জ এএসআই প্রবীর কুমার বিশ্বাস চালকের কাছ থেকে ভ্যানের চাবি নিয়ে হাজতি পিচ্চি রাজা ও আরেক হাজতি খাইরুল বাশারকে ভ্যান থেকে নিচে নামিয়ে আনেন।
পরবর্তীতে খাইরুল বাশারকে পুনরায় ভ্যানের সামনে নিয়ে যাওয়া হলেও পিচ্চি রাজা ও এসআই প্রবীর কুমার আর ভ্যানে ওঠেননি। পূর্বপরিকল্পনা অনুযায়ী ঘটনাস্থলে আগে থেকেই অপেক্ষমাণ একটি ব্যক্তিগত গাড়িতে (প্রাইভেটকার) পিচ্চি রাজা চড়ে পালিয়ে যান। এরপর দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পর রাত সাড়ে আটটার দিকে এসআই প্রবীর কুমার ঘটনাস্থলে ফিরে আসেন এবং স্কোয়াড পার্টির সদস্যদের নিয়ে আসামি পালিয়ে যাওয়ার একটি ভুয়া নাটক সাজান।
পরবর্তীতে প্রাপ্ত সাক্ষ্যপ্রমাণ, সিসিটিভি ফুটেজ ও নিবিড় তদন্তের ভিত্তিতে ঘটনার সত্যতা নিশ্চিত করে এসআই প্রবীর কুমার বিশ্বাস, চালক নায়েক কামাল হোসেন এবং পিচ্চি রাজার বোন তাসলিমাকে গ্রেপ্তার করা হয়। পলাতক পিচ্চি রাজা এবং এই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য সহযোগীদের গ্রেপ্তার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
মামলা ও কারা সূত্র জানায়, গত ২৭ সেপ্টেম্বর সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে বিভিন্ন মামলার শুনানির জন্য আসামি পিচ্চি রাজাসহ অন্যদের ঢাকার আদালতে নেওয়া হয়েছিল। আদালতের আইনি কার্যক্রম শেষে কারাগারে ফেরার পথেই এই নাটকীয় পলায়নের ঘটনা ঘটে। ঘটনার পরপরই পিচ্চি রাজাকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান শুরু হয়।
এদিকে, প্রাথমিক তদন্তে দায়িত্ব পালনে অবহেলার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ায় প্রিজন ভ্যানের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কনস্টেবল মো. জাকির হোসেন, কনস্টেবল মো. সাকিব এবং কনস্টেবল শাকিল হোসেনকে ইতোমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বর্তমানে তারাও পুলিশের উচ্চপর্যায়ের জিজ্ঞাসাবাদ ও নজরদারির মধ্যে রয়েছেন।
এমএসএম / এমএসএম
নেত্রকোণায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
রাজশাহীতে চাঁদা না পেয়ে যুবককে মারধর, বাড়িতে হামলা-লুট
বেকুটিয়া সেতুর নিচে পাইপ চুরির অভিযোগে ইউপি বিএনপি সভাপতিসহ আটক ৯
মাদারগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
উলিপুরে মাদরাসায় গোপনে নিয়োগ, অর্থের বিনিময়ে ধামাচাপার অভিযোগ
উল্লাপাড়ায় প্রকৌশলীকে এমপির আলটিমেটাম, এক সপ্তাহে ড্রেন শেষ করার নির্দেশ
বাঘায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপিত
সুবর্ণচরে আশার আলো সমাজ কল্যাণের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি
চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শিক্ষকের ৫ বছরের কারাদণ্ড
ব্যাপক অনিয়মের অভিযোগ সিসিএফ’র বিরুদ্ধে, তদন্তে দুদক
কাউখালীতে গৃহবধূকে গণধর্ষণ ও হত্যার প্রধান আসামি গ্রেপ্তার
পত্নীতলায় ২০পিচ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার