ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

এনএভি যাচাই করে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের পরামর্শ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫-১০-২০২৬ দুপুর ৪:৪৯

শেয়ারবাজারে মিউচুয়াল ফান্ডের বাজারদর বাড়ছে, এমন তথ্যের ভিত্তিতে বিনিয়োগ না করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

কমিশন জানিয়েছে, শেয়ারবাজারে কিছু মিউচুয়াল ফান্ডের ইউনিট সংশ্লিষ্ট ফান্ডের নিট সম্পদ মূল্য (এনএভি) থেকে উল্লেখযোগ্য বেশি দামে লেনদেন হচ্ছে। এমন পরিস্থিতিতে বিনিয়োগকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বিএসইসি। একইসঙ্গে গুজব, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রচার কিংবা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্ররোচনায় না পড়ে ইউনিটের প্রকৃত মূল্য বা এনএভি যাচাই করে বিনিয়োগের সিদ্ধান্ত নিতে বলেছে কমিশন।

সোমবার (৫ অক্টোবর) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো মিউচুয়াল ফান্ডের ইউনিটের বাজারমূল্য ও এর অন্তর্নিহিত নিট সম্পদমূল্যের (এনএভি) মধ্যে উল্লেখযোগ্য ও অস্বাভাবিক ব্যবধান থাকলে বিনিয়োগের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। কারণ, মিউচুয়াল ফান্ডের ইউনিটের মূল্যায়নে ফান্ডের অন্তর্নিহিত সম্পদের মূল্য বা এনএভি একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়।

মিউচুয়াল ফান্ড একটি নিয়ন্ত্রিত বিনিয়োগ মাধ্যম। এখানে বিনিয়োগকারীদের কাছ থেকে সংগৃহীত অর্থ বিভিন্ন আর্থিক ইন্সট্রুমেন্ট ও বিনিয়োগযোগ্য সম্পদে বিনিয়োগ করা হয়। এসব সম্পদের বাজারমূল্যের ভিত্তিতে ফান্ডের মোট সম্পদের মূল্য নির্ধারণ করা হয়। এরপর ফান্ডের দায়-দেনা বাদ দিলে যে নিট সম্পদমূল্য পাওয়া যায়, সেটিই ফান্ডের এনএভি। আর মোট নিট সম্পদমূল্যকে ফান্ডের মোট ইউনিট সংখ্যা দিয়ে ভাগ করে নির্ধারণ করা হয় প্রতি ইউনিটের এনএভি। সম্পদ ব্যবস্থাপক নির্ধারিত বিধিবিধান অনুযায়ী নিয়মিতভাবে ফান্ডের এনএভি ও সংশ্লিষ্ট তথ্য প্রকাশ করে থাকে।

বিএসইসি জানিয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, কোনো কোনো মিউচুয়াল ফান্ডের ইউনিট সংশ্লিষ্ট ফান্ডের প্রতি ইউনিটের এনএভির তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি দামে শেয়ারবাজারে লেনদেন হচ্ছে। এ ধরনের ব্যবধান বিনিয়োগকারীদের জন্য ঝুঁকির কারণ হতে পারে।

কমিশন আরও বলেছে, কোনো মিউচুয়াল ফান্ড অবসায়ন করা হলে ইউনিটহোল্ডারদের ওই ফান্ডের নিট সম্পদমূল্যের তুলনায় বেশি অর্থ পাওয়ার সুযোগ নেই। ফলে অন্তর্নিহিত সম্পদের মূল্যের তুলনায় উল্লেখযোগ্য বেশি দামে ইউনিট কেনার ক্ষেত্রে বিনিয়োগকারীদের সতর্ক থাকা প্রয়োজন।

এ অবস্থায় শুধু কোনো মিউচুয়াল ফান্ডের ইউনিটের বাজারদর বেড়েছে, এমন তথ্যের ভিত্তিতে বিনিয়োগ না করার পরামর্শ দিয়েছে বিএসইসি। একইসঙ্গে গুজব, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্য কিংবা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্ররোচনায় বিনিয়োগের সিদ্ধান্ত না নেওয়ার জন্য সতর্ক করেছে কমিশন।

বিএসইসি বলেছে, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ক্ষেত্রে শুধু বাজারদর নয়, ফান্ডের প্রকৃত সম্পদমূল্য, আর্থিক অবস্থা, ফান্ডের মেয়াদ, বিনিয়োগের ধরন বা পোর্টফোলিও এবং প্রকাশিত অন্যান্য তথ্য বিবেচনা করতে হবে। তাই সাধারণ বিনিয়োগকারীদের এসব তথ্য যাচাই করে সচেতনভাবে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছে কমিশন।

aliul / aliul

তিন কোম্পানির লভ্যাংশ ঘোষণা, একটিতে না দেওয়ার সিদ্ধান্ত

সরবরাহ বাড়লেও কমেনি ইলিশের দাম

বিদেশে চিকিৎসায় পূর্বানুমোদন ছাড়াই ৩০ হাজার ডলার নিতে পারবেন বাংলাদেশিরা

শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার দাবি, ৪ দিন সময় চায় মালিকপক্ষ

চার কোম্পানির লভ্যাংশ ঘোষণা

৭ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ, মুনাফা বেড়েছে ৫টির

মজুরি বোর্ডের দ্বিতীয় সভা আজ, প্রস্তাব দেবে শ্রমিকপক্ষ

১২০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে যমুনা অয়েল

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি বেড়েছে ১০.১৬ শতাংশ, বড় হয়েছে অপ্রচলিত বাজার

শেয়ারভিত্তিক অনিয়ন্ত্রিত আবাসন ব্যবসা বন্ধের দাবি রিহ্যাবের

প্রাথমিক শিক্ষায় ৩০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন বিশ্বব্যাংকের

সবজিতে স্বস্তি, মাছ-মাংসে গুণতে হচ্ছে বাড়তি অর্থ

সংকটাপন্ন ব্যাংকে বিপিসির ৪৮১৩ কোটি টাকা, কমিশন বাণিজ্যের সন্দেহ