কাপ্তাইয়ে হাসিনা হত্যা মামলা: প্রধান আসামি মোহিবুল্লাহর মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা
রাঙামাটির কাপ্তাই উপজেলায় আলোচিত হাসিনা বেগম ওরফে সুমি হত্যা মামলায় প্রধান অভিযুক্ত মোহাম্মদ মাহিবুর কামাল প্রকাশ মোহিবুল্লাহকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালতের ইতিহাসে এটি দ্বিতীয় মৃত্যুদণ্ডের রায়।
মঙ্গলবার (৬ অক্টোবর) জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এই রায় ঘোষণা করেন। রায় প্রদানের সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরবর্তীতে তাকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কারাগারে পাঠানো হয়।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২২ সালের ১১ মার্চ সন্ধ্যায় রাঙ্গুনিয়ার দোবাসী বাজারের ভাড়া বাসা থেকে বের হয়ে কাপ্তাই নতুন বাজারে যান হাসিনা বেগম। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। নিখোঁজের পরদিন কাপ্তাইয়ের চন্দ্রঘোনা-কাপ্তাই ইউনিয়নে অবস্থিত বিএফআইডিসি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে একটি পরিত্যক্ত টয়লেট থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত মরদেহে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন ও শরীরে আগুনে পোড়ানোর আলামত পাওয়া যায়। এ ঘটনার পরদিন (১৩ মার্চ ২০২২) নিহতের মা আমেনা বেগম বাদী হয়ে কাপ্তাই থানায় দণ্ডবিধির ৩০২ ও ২০১ ধারায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রথম দফার তদন্ত শেষে ২০২২ সালের ২৯ অক্টোবর আদালতে প্রথম অভিযোগপত্র পেশ করা হয়। তবে তদন্ত নিয়ে বাদীর আপত্তির মুখে আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) দায়িত্ব দেন। পিবিআই দীর্ঘ তদন্ত শেষে ২০২৪ সালের ৯ জানুয়ারি একই আসামির বিরুদ্ধে পুনরায় অভিযোগপত্র দাখিল করে।
মামলা চলাকালে রাষ্ট্রপক্ষ মোট ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও তথ্যপ্রমাণ আদালতে উপস্থাপন করে। আসামি পক্ষ থেকে কোনো সাফাই সাক্ষী দেওয়া হয়নি এবং আসামি নিজেকে নির্দোষ দাবি করেছিলেন। তবে সার্বিক সাক্ষ্য-প্রমাণ ও আলামত পর্যালোচনা করে আদালত আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এই রায় দেন। রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে সাজা কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) সিনিয়র অ্যাডভোকেট প্রতিম রায় পাম্পু রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, "এই রায়ের মাধ্যমে স্পষ্ট বার্তা গেল যে, অপরাধ করে কেউ পার পেতে পারে না। দেরিতে হলেও অপরাধীকে আইনের আওতায় আসতেই হবে।"
অন্যদিকে, রায়ে অসন্তোষ প্রকাশ করে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মাসুম রহিম জানান, তারা এই ধরনের সাজা প্রত্যাশা করেননি। আসামির সঙ্গে পরামর্শ করে দ্রুতই উচ্চ আদালতে (হাইকোর্ট) আপিল করার সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, আইনের বিধান অনুযায়ী এই রায়ের বিরুদ্ধে আগামী সাত দিনের মধ্যে উচ্চ আদালতে আপিল করার সুযোগ রয়েছে।
এমএসএম / এমএসএম
আমন ধানের পরিচর্যায় ব্যস্ত কৃষকরা
'শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের’ পুরস্কার পেল রাসিক
রাজস্থলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার মাঝে পুরস্কার বিতরণ
চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলায় হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র উন্নয়নে সেমিনার
সাতক্ষীরায় চঞ্চল্যকর কলেজ ছাত্র জাকারিয়া হত্যাকাণ্ডের ফাঁসির দাবিতে প্রতিবাদ মিছিল
গুরুদাসপুরে তিন নারীকে জুতার মালা পড়িয়ে রাস্তায় ঘোরানোর অভিযোগ
আত্রাইয়ে উপজেলা আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
পাঁচবিবিতে কৃষকের বাড়িতে মিলল ৭৬ বস্তা সার
মাদক নিরাময় কেন্দ্র উচ্ছেদ, নিরপেক্ষ তদন্ত দাবি
আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত
মানিকগঞ্জে ঐতিহ্যবাহী নৌকাবাইচে চ্যাম্পিয়ন রৌমারীর ‘মায়ের দোয়া’: উপজেলা প্রশাসনের সংবর্ধনা
গোদাগাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতঘর ভস্মীভূত