ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সুবিধাবঞ্চিত শিশুদেরও শিশু অ্যাকাডেমির আওতায় আনা হবে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭-১০-২০২৬ দুপুর ৩:১৯

সমাজের সুবিধাবঞ্চিত শিশুদেরও বাংলাদেশ শিশু অ্যাকাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, শুধু সুবিধাপ্রাপ্ত শিশুরাই নয়, সমাজের সুবিধাবঞ্চিত শিশুদেরও শিশু অ্যাকাডেমির কার্যক্রমে যুক্ত করা হবে। ধর্ম, বর্ণ ও শ্রেণি নির্বিশেষে সব মানুষের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক ও বাসযোগ্য বাংলাদেশ বিনির্মাণই সরকারের লক্ষ্য।

বুধবার (৭ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ শিশু অ্যাকাডেমি মিলনায়তনে ‘শিশু অধিকার দিবস ২০২৬’ ও বাংলাদেশ শিশু অ্যাকাডেমির সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘শিশুর স্বপ্নে পঞ্চাশ বছর : অর্জন, অভিজ্ঞতা ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে মন্ত্রী বলেন, তৃণমূল পর্যায়ে শিশুদের সুপ্ত প্রতিভা ও গুণাবলি বিকাশের সুযোগ পৌঁছে দিতে দেশের প্রতিটি উপজেলায় পর্যায়ক্রমে শিশু অ্যাকাডেমির কার্যক্রম ও অবকাঠামো সম্প্রসারণ করা হবে।

তিনি বলেন, শিশুদের শুধু পুঁথিগত শিক্ষার মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। তাদের খেলাধুলা, কবিতা আবৃত্তি, গান, নৃত্যসহ বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করতে হবে।

এ লক্ষ্যে ‘নতুন কুঁড়ি’ ও ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালু করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, নতুন কুঁড়ি স্পোর্টসে ১৪টি ক্রীড়া ইভেন্ট অন্তর্ভুক্ত করে দেশব্যাপী বিশেষ ক্রীড়া কর্মসূচি নেওয়া হয়েছে।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেন, আজকের শিশুরাই আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে এবং বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেবে। তাই শিশুদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব বর্তমান প্রজন্মের।

তিনি শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও মূল্যবোধ অনুসরণের আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সেলিমা রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শিশুদের সুরক্ষা ও বিকাশে যে পদক্ষেপ নিয়েছিলেন, তা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

বর্তমান সরকারও শিশুদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধার দ্বার উন্মুক্ত করেছে উল্লেখ করে তিনি শিশুদের মানবিক গুণাবলি ও নৈতিক শিক্ষায় গড়ে তুলতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে শিশু অ্যাকাডেমির কার্যক্রম আরও বিস্তৃত করার অনুরোধ জানান তিনি।

সেমিনারে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদ মূল প্রবন্ধ উপস্থাপন করেন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ।

মুক্ত আলোচনায় অংশ নেওয়া আলোচকরা শিশুশ্রম নিরসন, অপুষ্টি দূরীকরণ, শিশুস্বাস্থ্য নিশ্চিত করা, বাল্যবিবাহ এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সমন্বিত সামাজিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। শিশুদের সার্বিক কল্যাণে একটি ‘সার্ক শিশু সম্মেলন’ আয়োজনের প্রস্তাবও তুলে ধরা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মহিলা ও শিশু বিষয়ক সচিব ড. রওশন আরা বেগম ও বাংলাদেশ শিশু অ্যাকাডেমির মহাপরিচালক মোছা. আরজু আরা বেগম।

সেমিনারে বাংলাদেশ শিশু অ্যাকাডেমির বোর্ড সদস্য, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর-সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা, শিশু অধিকার বিষয়ক সংস্থার প্রতিনিধি, সাহিত্যিক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন জেলার শিশু অ্যাকাডেমির শিশুরা উপস্থিত ছিলেন।

aliul / aliul

নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের সুপারিশ

বাংলাদেশে তৈরি প্রবাসীদের ভোটিং মডেলে আকৃষ্ট নেপাল

দরিদ্র-সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা কার্যক্রম বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

অ-মুক্তিযোদ্ধাদের বাদ দিতে চুলচেরা যাচাই-বাছাই করা হচ্ছে

প্রাথমিকে শূন্য পদে দ্রুত প্রধান শিক্ষক নিয়োগের নির্দেশ সংসদীয় কমিটির

বিক্রম মিশ্রির সঙ্গে হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর বিদায়ী সাক্ষাৎ

গুলশান-বারিধারার লেকের পানি ঠিক না করতে পারলে দেশ কীভাবে ঠিক করব?

গঠনমূলক সমালোচনা এবং শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য

সুবিধাবঞ্চিত শিশুদেরও শিশু অ্যাকাডেমির আওতায় আনা হবে

কি হচ্ছে কারিগরি জিডি পদে!

দুর্গাপূজায় মিলছে ৫ দিনের ছুটি, সরকারের প্রজ্ঞাপন জারি

বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালকের স‌ঙ্গে ব্রুনাইয়ের হাইকমিশনারের সাক্ষাৎ

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে জাতিসংঘে বাংলাদেশের প্রস্তাব গৃহীত