ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

কেএনএফের পোশাক তৈরিতে অর্থায়ন, নাথান বমসহ ৯ জনের বিরুদ্ধে মামলা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-১০-২০২৬ দুপুর ১:৫৩

কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ৪০ হাজার সেট চার রঙের ক্যামোফ্লেজ ইউনিফর্ম তৈরিতে ১ কোটি ৬২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা লেনদেনের অভিযোগে সংগঠনটির প্রধান নাথান বমসহ নয়জনের বিরুদ্ধে মানিলন্ডারিং মামলা করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ধারায় মামলাটি করা হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. ছুফি উল্লাহ এ বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার এজাহারে যাদের নাম রয়েছে তারা হলেন- কেএনএফের প্রধান নাথানা লনচেও ওরফে নাথান বম (৪৯), মংহলাসিন মারমা ওরফে মং (৩৮), নিয়াজ হায়দার (৩৯), মো. গোলাম আজম (৪৭), সাহেদুল ইসলাম (২৭), মোহাম্মদ কামরুজ্জামান (৫৮), জামালুল ইসলাম (৪৫), মো. তৌহিদুল ইসলাম (৩৮) ও মো. মতিউর রহমান (৪৩)।

বিশেষ পুলিশ সুপার ছুফি উল্লাহ জানান, ঘটনাটির সূত্রপাত ২০২৫ সালের ১৮ মে। ওই দিন রাত আড়াইটার দিকে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) একটি বিশেষ দল বায়েজিদ বোস্তামী থানার মোজাফফরনগর আবাসিক এলাকায় অভিযান চালিয়ে কেএনএফের পোশাক তৈরির সঙ্গে জড়িত একজনকে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হালিশহর থানার ছোটপুল এলাকার দুটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে আরও দুজনকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্য যাচাই করে বায়েজিদ বোস্তামী থানার একটি গোডাউন ও একটি গার্মেন্টস কারখানা থেকে কেএনএফের ২০ হাজার ৩০০ সেট চার রঙের ক্যামোফ্লেজ ইউনিফর্ম উদ্ধার করা হয়।

এর মধ্যে একটি গোডাউন থেকে ১১ হাজার ২০০ সেট এবং একটি কারখানা থেকে ৯ হাজার ১০০ সেট ইউনিফর্ম জব্দ করা হয়। প্রতিটি সেটে একটি শার্ট ও একটি প্যান্ট ছিল। এ ঘটনায় বায়েজিদ বোস্তামী থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। এরপরই কেএনএফের ইউনিফর্ম তৈরির সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর আর্থিক কর্মকাণ্ড নিয়ে অনুসন্ধান শুরু করে সিআইডি। এ সময় সংশ্লিষ্টদের ব্যাংক হিসাব, চেক, নগদ অর্থ প্রদান, ক্রয়াদেশ, ব্যবসায়িক পরিচয় এবং পারস্পরিক যোগাযোগ ও আর্থিক লেনদেন বিশ্লেষণ করা হয়।

সিআইডির অনুসন্ধানে পাওয়া নথি ও সাক্ষীদের বক্তব্যের বরাতে জানানো হয়, কেএনএফের প্রতিনিধি হিসেবে মংহলাসিন মারমা ওরফে মং প্রথমে নিয়াজ হায়দারের সঙ্গে এবং পরে তার মাধ্যমে গোলাম আজমের সঙ্গে যোগাযোগ করেন। এরপর তারা ওয়েল কম্পোজিট নিট লিমিটেডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে কেএনএফের ইউনিফর্মের ক্যামোফ্লেজ প্রিন্টের ফ্যাব্রিক তৈরির ব্যবস্থা করেন।

অনুসন্ধানে কেএনএফের ইউনিফর্ম তৈরির জন্য ফ্যাব্রিক কেনা ও পোশাক সেলাই বাবদ বিপুল অর্থ লেনদেনের তথ্য পাওয়া গেছে। অভিযোগ রয়েছে, ব্যাংক হিসাব, চেক ও নগদ অর্থের মাধ্যমে এসব লেনদেন করা হয় এবং অর্থের প্রকৃত উৎস গোপন করার চেষ্টা করা হয়েছে।

সিআইডির দাবি, মংহলাসিন মারমা নিজেকে এমআই এন্টারপ্রাইজের সহকারী কমার্শিয়াল ম্যানেজার হিসেবে পরিচয় দিয়ে ২০২৪ সালের ২০ নভেম্বর ও ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি দুটি পারচেজ অর্ডার দাখিল করেন। এর বিপরীতে ওয়েল কম্পোজিট নিট লিমিটেডকে মোট ৯০ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা দেওয়া হয়।

এ ছাড়া কেএনএফের ৪০ হাজার সেট ইউনিফর্মের শার্ট ও প্যান্ট সেলাইয়ের জন্য মংহলাসিন মারমার নির্দেশনায় নিয়াজ হায়দার ও গোলাম আজম তাদের প্রতিনিধিদের মাধ্যমে রিংভো অ্যাপারেলস, এনএন ফ্যাশন ও নূর ফ্যাশনের সঙ্গে যোগাযোগ করেন। সিআইডির অনুসন্ধানে এসব প্রতিষ্ঠানে ইউনিফর্ম সেলাই বাবদ আরও ৭২ লাখ টাকা দেওয়ার তথ্য পাওয়া গেছে।

সব মিলিয়ে কেএনএফের ৪০ হাজার সেট ইউনিফর্ম তৈরির পুরো প্রক্রিয়ায় ১ কোটি ৬২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা লেনদেনের তথ্য পেয়েছে সিআইডি। এর মধ্যে ৯০ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা ফ্যাব্রিক তৈরিতে এবং ৭২ লাখ টাকা ইউনিফর্ম সেলাইয়ে ব্যয় করা হয়েছে বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় গত ৭ অক্টোবর বায়েজিদ বোস্তামী থানায় মামলা নম্বর-১৩ দায়ের করা হয়। মামলায় সন্ত্রাস ও সন্ত্রাসী কার্যে অর্থ জোগান এবং সংঘবদ্ধ অপরাধ সংঘটনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে। তবে মামলার অভিযোগ এখন তদন্তাধীন এবং আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগকে অভিযোগ হিসেবেই বিবেচনা করতে হবে।

সিআইডি জানিয়েছে, মামলাটির তদন্তে কেএনএফের সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহারের জন্য অর্থের উৎস ও প্রবাহ, সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব ও অন্যান্য আর্থিক লেনদেন, অর্থ দেওয়ার প্রকৃত উদ্দেশ্য এবং এই আর্থিক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত অন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পৃক্ততা শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

aliul / aliul

ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ

দেশে নিরাপদ পানি নিশ্চিত করতে ২.১ বিলিয়ন ডলারের পরিকল্পনা

কেএনএফের পোশাক তৈরিতে অর্থায়ন, নাথান বমসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

ইয়াবার তথ্য ফাঁস সন্দেহে হত্যা, অটোরিকশা বিক্রি করে টাকা ভাগাভাগি

শিক্ষকদের চাকরি জাতীয়করণ আজ হোক কাল হোক হবেই

ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

পানি সহযোগিতা নিয়ে ক‌মি‌টি : ভারতীয় প্রতিনিধিদের নাম চেয়েছে ঢাকা

দেশজুড়ে বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণ হতে পারে

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২৮, মামলা ৫৩

চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু

নভেম্বর ঢাকা সফরে আসছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার

জাতিসংঘ মানবাধিকার পরিষদের উপদেষ্টা হলেন সুফিউর রহমান

দেশজুড়ে বাজারে অভিযান, ১১৬ প্রতিষ্ঠানকে প্রায় ১১ লাখ টাকা জরিমানা