মুকসুদপুরে ইব্রাহিম খোন্দকারের বিরুদ্ধে সরকারি ৩.৫১ একর জমি দখল ও মাটি বিক্রির অভিযোগ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর
ইউনিয়নের অর্জুনদাহ গ্রামের আবুল হোসেন খোন্দকারের ছেলে মো: ইব্রাহিম খোন্দকারের বিরুদ্ধে সরকারি প্রায় ৩ একর ৫১ শতক জমি নিজেদের দাবি করে ভোগদখল এবং ওই জমি থেকে বিপুল পরিমাণ মাটি কেটে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় উপজেলা ভূমি প্রশাসনের তদন্ত প্রতিবেদনে ওই জমিতে পুকুর খনন করে মাটি উত্তোলন ও বিক্রির তথ্য পাওয়া গেছে। একই সঙ্গে ১৯৬৯ সালের একটি দলিলের অস্তিত্ব সাব-রেজিস্ট্রি অফিসে পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মুকসুদপুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) বরাবর দাখিল করা তদন্ত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। গত ৩০ আগস্ট ২০২৬ তারিখে সরেজমিনে তদন্ত করা হয়।
তদন্ত প্রতিবেদনে বলা হয়, মুকসুদপুর উপজেলার ২২ নং অর্জুনদাহ মৌজার এসএ ২৪০ ও ২৪১ নং খতিয়ানের সাবেক বিভিন্ন দাগের মোট ৩.৫১ একর জমি খাস করার জন্য এলাকাবাসীর পক্ষ থেকে আবেদন করা হয়। একই সঙ্গে মো. ইব্রাহীম খন্দকারের বিরুদ্ধে ওই জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন ও বিক্রির অভিযোগ করা হয়।
সরেজমিন তদন্তে দেখা যায়, ইব্রাহীম খন্দকার ২২ নং অর্জুনদাহ মৌজার বিআরএস ১/১ নং খতিয়ানের ৩২৫ ও ৩২৮ নং দাগের মোট ২.৩৯ একর অর্পিত সম্পত্তি থেকে একাধিকবার মাটি কেটে অন্যত্র স্থানান্তর কিংবা বিক্রি করেছেন। পরবর্তীতে ওই জমিতে বড় আকারের পুকুর খনন করে ব্যাপক পরিমাণ মাটি উত্তোলন ও বিক্রি করা হয়েছে বলেও তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদন সূত্রে জানা যায়, এর আগে চলতি বছরের ৮ মে সকাল ৬টা থেকে ৯ মে দুপুর ১২টা পর্যন্ত স্কেভেটর ও ট্রলি ব্যবহার করে বিআরএস ১/১ খতিয়ানের ৩২৫ নম্বর দাগের অর্পিত সম্পত্তি থেকে মাটি কেটে বিক্রির অভিযোগে ইব্রাহীম খন্দকারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। জবাবে ইব্রাহীম খন্দকার দাবি করেন, তার পিতার নামে রেকর্ডকৃত বিআরএস ১৪৪ নং খতিয়ানের ৩২৮ নং দাগের ০.০৪ একর জমি থেকে সীমিত পরিমাণ মাটি কাটা হয়েছে। এছাড়া ১৯৬৯ সালের ৯ ডিসেম্বরের ১০২৭৪ নং রেজিস্ট্রি দলিলের মাধ্যমে তার পিতা আবুল হোসেন খন্দকার জমিগুলো ক্রয় করেছিলেন এবং উত্তরাধিকারসূত্রে তিনি ওই সম্পত্তি ভোগদখল করছেন বলে দাবি করেন। তবে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ওই ১০২৭৪ নম্বর রেজিস্ট্রি দলিলের অস্তিত্ব মুকসুদপুর সাব-রেজিস্ট্রি অফিসে পাওয়া যায়নি। ইব্রাহীম খন্দকারকে দলিলটির সহিমহরার নকল দাখিল করতে বলা হলেও তিনি তা সংগ্রহ করে দিতে পারেননি। প্রতিবেদন অনুযায়ী, ১৯৬৯ সালের ওই দলিলে ২২নং অর্জুনদাহ মৌজার বিভিন্ন সাবেক দাগে মোট ৩.৬৮ একর জমি ক্রয়ের কথা উল্লেখ রয়েছে। কিন্তু বিআরএস রেকর্ড পর্যালোচনায় ওই ৩.৬৮ একর জমি অর্পিত সম্পত্তির ‘খ’ তালিকাভুক্ত এবং বাংলাদেশ সরকারের পক্ষে গোপালগঞ্জের জেলা প্রশাসকের নামে রেকর্ডভুক্ত রয়েছে। তদন্ত প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ইব্রাহীম খন্দকার ও তার গং ওই দলিলের ভিত্তিতে ৩.৫১ একর জমি নিজেদের নামে নামজারির আবেদন করেছিলেন। এবিষয়ে ৮২৬১(IX-I)/২০২২-২৩ নম্বর নামজারি মামলা হয়। সাব-রেজিস্ট্রি অফিসে সংশ্লিষ্ট দলিলের অস্তিত্ব না পাওয়ায় ওই নামজারি মামলা বাতিল করা হয়।
পরে ২০২৪ সালের ২০ ফেব্রুয়ারি মুকসুদপুর ইউনিয়ন ভূমি অফিসের স্মারক নং ইউঃভূঃঅঃ/মুকঃ/১৭৪২-এর মাধ্যমে ৩.৫১ একর জমি রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, ১৯৫০-এর ৯২ ধারা অনুযায়ী খাস খতিয়ানভুক্ত করার জন্য প্রস্তাব পাঠানো হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তদন্ত প্রতিবেদনের সুপারিশে বলা হয়েছে, সরকারি সম্পত্তি থেকে মাটি উত্তোলনের অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যেতে পারে। পাশাপাশি অর্জুনদাহ মৌজার সংশ্লিষ্ট ৩.৬৮ একর জমি অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (দ্বিতীয় সংশোধন) আইন, ২০১৩-এর ২৪ ধারা এবং রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, ১৯৫০ -এর ৯২ ধারা অনুযায়ী খাস খতিয়ানভুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।
এ বিষয়ে জানতে মো. ইব্রাহীম খন্দকারের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।
মুকসুদপুর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা দেবাশিস মণ্ডলের স্বাক্ষরিত তদন্ত প্রতিবেদনটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই সরকারি জায়গা দখলে রেখে সেখান থেকে মাটি কেটে বিক্রি করার কারনে সরকারি সম্পত্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত