ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ১১-১০-২০২৬ দুপুর ১২:৩৮

কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিন দিন বাড়ছে রোগীর চাপ। সীমিত শয্যা ও অবকাঠামোর মধ্যে অতিরিক্ত রোগীর চিকিৎসাসেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। বিশেষ করে শিশুদের মধ্যে হামের রোগী বাড়তে থাকায় হাসপাতালের বিদ্যমান ওয়ার্ডে চাপ আরও বেড়েছে। এ অবস্থায় পৃথক জরুরি ওয়ার্ডসহ পূর্ণাঙ্গ হাসপাতাল নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
হাসপাতালসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাগরবেষ্টিত কুতুবদিয়া উপজেলার দুই লাখের বেশি মানুষের সরকারি স্বাস্থ্যসেবার অন্যতম প্রধান ভরসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। হাসপাতালটি প্রথমে ৩১ শয্যা নিয়ে যাত্রা শুরু করলেও পরে ৫০ শয্যায় উন্নীত করা হয়। সম্প্রতি হাসপাতালটি ১০১ শয্যায় উন্নীত করার ঘোষণার কথা জানা গেছে। তবে প্রয়োজনীয় অবকাঠামো ও শয্যার অভাবে রোগীদের চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, ১৯৮০ সালে নির্মিত পুরোনো ৩১ শয্যার ভবনটি ২০২২ সালে পরিত্যক্ত ঘোষণা করা হয়। এর পাশে পরবর্তী সময়ে নির্মিত ১৯ শয্যার সম্প্রসারিত ভবনেই বর্তমানে রোগীর চিকিৎসাসেবা চলছে। সীমিত পরিসরের এই ভবনে শিশু, নারী ও পুরুষ রোগীদের একই ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। ফলে রোগীর চাপ বাড়লে শয্যাসংকট আরও প্রকট হয়ে ওঠে।
হাসপাতালে ডায়রিয়া, নিউমোনিয়া, যক্ষ্মা ও হামের মতো সংক্রামক রোগে আক্রান্ত রোগীদের পাশাপাশি দুর্ঘটনায় আহত ও সংকটাপন্ন রোগীদেরও চিকিৎসা দিতে হয়। একই ওয়ার্ডে বিভিন্ন ধরনের রোগী থাকায় বিশেষ করে শিশু ও বয়স্কদের মধ্যে সংক্রমণের ঝুঁকি নিয়ে উদ্বেগ রয়েছে। মৌসুমি রোগের প্রাদুর্ভাব এবং হামের রোগী বাড়তে থাকায় পৃথক ওয়ার্ডের প্রয়োজনীয়তা আরও বেড়েছে।
সরেজমিনে দেখা গেছে, হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন রোগীদের ভিড় লেগে থাকে। অন্তর্বিভাগেও নির্ধারিত শয্যার তুলনায় রোগীর সংখ্যা বেশি। ফলে অনেক রোগীকে শয্যা না পেয়ে মেঝে কিংবা বারান্দায় অবস্থান করে চিকিৎসা নিতে হচ্ছে। একই স্থানে সাধারণ রোগীদের পাশাপাশি জরুরি ও সংকটাপন্ন রোগীদের চিকিৎসা দিতে গিয়ে চিকিৎসক ও নার্সদের ওপরও অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে।
হাসপাতালসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, পৃথক জরুরি ওয়ার্ড না থাকায় সংকটাপন্ন রোগীদের তাৎক্ষণিক চিকিৎসা ও পর্যবেক্ষণের ব্যবস্থা সীমিত। প্রয়োজনীয় চিকিৎসক, পরীক্ষা-নিরীক্ষার সুবিধা কিংবা বিশেষায়িত চিকিৎসার অভাবে অনেক রোগীকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার বা চট্টগ্রামে পাঠাতে হয়। কুতুবদিয়া থেকে সড়কপথে সরাসরি মূল ভূখণ্ডে যাওয়ার সুযোগ না থাকায় নৌযানে করে রোগী স্থানান্তর করতে হয়। এতে জরুরি অবস্থায় সময়ক্ষেপণ, বাড়তি ব্যয় ও ভোগান্তির মুখে পড়েন রোগী ও তাঁদের স্বজনেরা।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জরুরি মুহূর্তে প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে অনেক রোগীকে দ্বীপের বাইরে নিতে হয়। বিশেষ করে মুমূর্ষু রোগীদের ক্ষেত্রে দ্রুত উন্নত চিকিৎসাকেন্দ্রে পৌঁছানো কঠিন হয়ে পড়ে। তাঁদের মতে, আধুনিক চিকিৎসা সরঞ্জাম, প্রয়োজনীয় জনবল ও পৃথক জরুরি ওয়ার্ডসহ পূর্ণাঙ্গ হাসপাতাল নির্মাণ করা হলে দ্বীপের মানুষের স্বাস্থ্যসেবার মান বাড়বে এবং জরুরি রোগীদের দুর্ভোগ কমবে।
এদিকে হাসপাতালের বিদ্যমান অবকাঠামোতে শয্যাসংকট নিরসনে অস্থায়ী ওয়ার্ড নির্মাণের প্রস্তাব দিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মারুফ।
তিনি বলেন, “সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন ভবন নির্মাণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কিছুটা সময় লাগতে পারে। এ অবস্থায় শয্যাসংকট নিরসনে জরুরি ভিত্তিতে একটি অস্থায়ী ওয়ার্ড নির্মাণ করা প্রয়োজন। বিদ্যমান ওয়ার্ডের পাশের খালি জায়গায় অস্থায়ী ওয়ার্ড নির্মাণ করা হলে রোগীদের ভর্তি ও চিকিৎসাসেবা দেওয়ার ক্ষেত্রে চলমান সংকট কিছুটা কমবে।”
তিনি আরও বলেন, সীমিত জনবল ও অবকাঠামোগত নানা সীমাবদ্ধতার মধ্যেও হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা রোগীদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছেন।
স্থানীয় বাসিন্দারা মনে করেন, অস্থায়ী ওয়ার্ড নির্মাণের পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন পূর্ণাঙ্গ হাসপাতাল নির্মাণ জরুরি। এ জন্য স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।

 

Aminur / Aminur

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২

চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক