ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

অনিয়ম দুর্নীতির অভয়ারণ্য বোয়ালমারী পশু হাসপাতাল,অর্থ ছাড়া মিলছে না সেবা


জাকির হোসেন, বোয়ালমারী photo জাকির হোসেন, বোয়ালমারী
প্রকাশিত: ১৪-১০-২০২৬ দুপুর ১:২৯

সরকারি প্রকল্পের আওতায় প্রত্যন্ত চরাঞ্চলের খামারিদের সেবা, প্রশিক্ষণ ও প্রাণিসম্পদের পরিচর্যা নিশ্চিত করার দায়িত্ব থাকলেও নির্ধারিত এলাকায় মাঠে যান না মাঠকর্মীরা। উল্টো হাসপাতালে বসে অবৈধভাবে চিকিৎসাসেবা প্রদান, বাড়ি বাড়ি গিয়ে অর্থের বিনিময়ে পশু চিকিৎসা, সরকারি ওষুধের যথেচ্ছ ব্যবহার এবং নিজেদের ‘পশুচিকিৎসক’ হিসেবে পরিচয় দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে।

খামারিদের অভিযোগ সূত্রে জানা যায়, সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ‘লাইভস্টক ফিল্ড ফ্যাসিলিটেটর’ কায়কোবাদ হোসেনের দায়িত্ব উপজেলার ঘোষপুর ইউনিয়নের লংকারচরসহ চরাঞ্চলে মাঠপর্যায়ে সেবা দেওয়া। কিন্তু তিনি এলাকায় না গিয়ে নিয়মিত উপজেলা হাসপাতালে বসে গবাদিপশুর চিকিৎসা দেন এবং নিজেকে ‘ডাক্তার’ দাবি করে ভিজিটিং কার্ড বিতরণ করেন। এমনকি ছাগলের বাচ্চার ক্যাস্ট্রেশন বা খাসি করানোর বিনিময়ে সেবাগ্রহীতাদের কাছ থেকে ৫০ থেকে ১০০ টাকা নেওয়ার অভিযোগও রয়েছে। অথচ তাঁর কোনো স্বীকৃত পশুচিকিৎসা সনদ নেই। একই ধরনের অভিযোগ রয়েছে ঘাস চাষ সম্প্রসারণ প্রকল্পে কর্মরত মো. আলীমুজ্জামান আলীর বিরুদ্ধেও; তিনি কোনো ডিগ্রি ছাড়াই বিগত তিন মাস ধরে গবাদিপশুর চিকিৎসা দিয়ে আসছেন। এছাড়া ময়না ইউনিয়নের চরাঞ্চলের দায়িত্বে থাকা প্রকল্পকর্মী আনোয়ার হোসেনের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলা এবং পাশাপাশি একটি বেসরকারি ওষুধ কোম্পানিতে বিপণন কর্মকর্তা হিসেবে কাজ করার অভিযোগ উঠেছে।

এদিকে দপ্তরটির সার্বিক শৃঙ্খলা নিয়েও উঠেছে প্রশ্ন। নির্ধারিত সময়ে কর্মকর্তা-কর্মচারীদের কার্যালয়ে পাওয়া যায় না বলে স্থানীয়দের ক্ষোভ রয়েছে। অবসরে যাওয়া ড্রেসারের নামে বরাদ্দকৃত দোতলার আবাসিক কক্ষে বর্তমানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ইউএলও) অবস্থান করছেন। এছাড়া গত ৩১ মার্চ পাঁচ বছর মেয়াদি এলডিডিপি প্রকল্পের মেয়াদ শেষ হলেও প্রকল্পভুক্ত একটি গাড়ি এখনো ব্যবহার করার অভিযোগ উঠেছে ওই কর্মকর্তার বিরুদ্ধে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রকল্পকর্মী কায়কোবাদ হোসেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং বলেন, ‘ইউএলও স্যার যেভাবে বলেন আমি সেভাবেই চলি। তিনি যদি ঘরে আগুন দিতে বলেন, আমি সেটাই করব।’ অন্যদিকে আনোয়ার হোসেন দাবি করেন, তিনি ইউএলও স্যারের নির্দেশেই হাসপাতালে আসা পশুর চিকিৎসায় সহায়তা করেন।

এ বিষয়ে বোয়ালমারী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শওকত আলী বলেন, দপ্তরের ১১টি পদের মধ্যে ৮টিই শূন্য থাকায় জনবলসংকটে বাধ্য হয়ে মাঠকর্মীদের দিয়ে কাজ চালাতে হচ্ছে। ক্যাস্ট্রেশনে অর্থ লেনদেন প্রসঙ্গে তিনি বলেন, ‘সব হাসপাতালেই এমন টাকা দেওয়ার প্রচলন আছে, এখানেও সেবাগ্রহীতারা স্বেচ্ছায় দেন। তবে কায়কোবাদ আগে নিলেও এখন আর নেয় না।’ আবাসিক কক্ষে থাকার বিষয়ে তিনি জানান, ডরমিটরির কক্ষ ফাঁকা থাকায় তিনি আপাতত সেখানে অবস্থান করছেন। মেয়াদোত্তীর্ণ প্রকল্পের গাড়ি ব্যবহারের ব্যাখ্যায় তিনি দাবি করেন, ফেলে রাখলে নষ্ট হয়ে যাবে বিধায় গাড়িটি মাঝে মাঝে চালানো হয়।

এসব অনিয়মের বিষয়ে ফরিদপুরের জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ কে এম আসজাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এমএসএম / এমএসএম

রৌমারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামুনে রেখে ৩নং বন্দবেড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী

সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

বাগেরহাট বাস টার্মিনালে দুই পক্ষের সংঘর্ষ

মনিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাবুগঞ্জের চাঁদপাশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড

দোহাজারীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগ

অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্টের হত্যার প্রতিবাদে বাদশাগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

রাণীনগরে আম বাগানে হলুদ চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

রাঙ্গামাটিতে রাস্তা সংস্কারের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ

ধামরাইয়ে পূজামণ্ডপে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ

নোয়াখালীর সদরে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪