ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

পঞ্চগড়ে সার ডিলার নিয়োগে অনিয়ম, একই পরিবারে পিতা-পুত্রের নামে লাইসেন্স


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ১৬-১০-২০২৬ বিকাল ৬:২
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। একই পরিবারের পিতা-পুত্রের নামে সার ডিলারের লাইসেন্স থাকায় এ নিয়ে স্থানীয় কৃষক ও ডিলার নিয়োগের আবেদনকারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় আব্দুল কাদেরের নামে দেওয়া সার ডিলারের লাইসেন্স বাতিল করে পুনরায় নিয়োগের দাবিতে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন আবেদনকারী ও স্থানীয় কৃষকরা।
অভিযোগ সূত্রে জানা যায়, চলতি বছরের ৩১ আগস্ট আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়নে একজন সার ডিলার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে ১৬ জন আবেদনকারী আবেদন করেন। পরে আবেদনকারীদের দাখিল করা কাগজপত্র যাচাই-বাছাই ও সরেজমিন তদন্ত শেষে উপজেলা কৃষি কর্মকর্তা প্রতিবেদন দেন। তবে আবেদনকারীদের অভিযোগ, যোগ্য ও বৈধ আবেদনকারী থাকা সত্ত্বেও সরকারি নীতিমালা উপেক্ষা করে মো. আব্দুল কাদেরের নামে সার ডিলার নিয়োগের সুপারিশ করা হয়েছে।
অভিযোগকারীদের দাবি, আব্দুল কাদেরের বাবা শফিকুর রহমানের নামে আগে থেকেই বিসিআইসি ও বিএডিসির সার ডিলারের লাইসেন্স রয়েছে। সার ডিলার নিয়োগ বিধিমালা-২০২৬ অনুযায়ী, একই পরিবারের সদস্যের ডিলারশিপ বা যথাযথ কর্তৃপক্ষের দেওয়া খুচরা বিক্রেতার পরিচয়পত্র থাকলে অন্য সদস্যের ডিলারশিপ বা খুচরা বিক্রেতার পরিচয়পত্র পাওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে বলে তারা দাবি করেন। এ অবস্থায় একই পরিবারের পিতা-পুত্রের নামে কীভাবে লাইসেন্স দেওয়া হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন আবেদনকারীরা। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।
তোড়িয়া ইউনিয়নের কৃষক আব্দুস সামাদ, রসুল, ইদ্রিস আলী, আজিজ ও আলালসহ কয়েকজন অভিযোগ করেন, আব্দুল কাদের তাঁর বাবার লাইসেন্স ব্যবহার করে গাড়িতে করে এলাকায় সার বিক্রি করেন। কিছুদিন আগে অবৈধভাবে সার পাচারের সময় তাঁরা একটি গাড়ি আটক করেছিলেন বলে দাবি করেন। পরে পরিষদের মাধ্যমে কৃষকদের মধ্যে ওই সার বিতরণ করা হয় বলেও জানান তাঁরা।
কৃষকদের অভিযোগ, শফিকুর রহমান ও আব্দুল কাদেরের বিরুদ্ধে সার বিতরণে অনিয়মের অভিযোগ রয়েছে। তাঁদের দাবি, আগে থেকেই থাকা ডিলারশিপের মাধ্যমে তাঁরা নিয়মিত সার পাননি। নতুন করে একই পরিবারের সদস্যের নামে ডিলারশিপ দেওয়া হলে কৃষকদের সার প্রাপ্তির ভোগান্তি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা।
কৃষকদের আরও অভিযোগ, শফিকুর রহমানের ডিলার পয়েন্ট তোড়িয়া বাজারে থাকার কথা থাকলেও তাঁর দোকান রয়েছে ফকিরগঞ্জ বাজারে। তোড়িয়া বাজারে ডিলার পয়েন্ট স্থাপন করা হলে স্থানীয় কৃষকদের সার সংগ্রহে সুবিধা হবে বলেও জানান তাঁরা।
অন্যদিকে, সার ডিলার নিয়োগের আবেদনকারী দেলোয়ার হোসেন, কফিল উদ্দিন, শাহিদুল ইসলাম ও আব্দুর রহমান অভিযোগ করেন, ১৬ জন আবেদনকারীর মধ্যে ১৫ জনকে অবৈধ বিবেচনা করে বাদ দেওয়া হয়েছে। তাঁদের দাবি, নীতিমালা অনুসরণ না করে আব্দুল কাদেরকে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। এ ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে লাইসেন্স বাতিল করে পুনরায় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানিয়েছেন তাঁরা।
এ বিষয়ে আটোয়ারী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তাক আহমেদ বলেন, “ডিলার নিয়োগের আবেদনকারীদের তথ্য কমিটির মাধ্যমে যাচাই-বাছাই করে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির কাছে সুপারিশ পাঠানো হয়েছে।”
 
এ বিষয়ে বক্তব্য জানতে পঞ্চগড়ের জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সাড়া পাওয়া যায়নি।

এমএসএম / এমএসএম

ধামইরহাটে ‘গল্প বলা’ প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর খুলনায় সফর ২২ অক্টোবর

আদমদীঘিতে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অবসরপ্রাপ্তদের ৭ম পূর্ণ মিলনী অনুষ্ঠিত

মুকসুদপুরের গেড়াখোলা কুমার নদীতে জমজমাট নৌকাবাইচ, হাজারো দর্শকের ঢল

লালমনিরহাটে দুর্গাপূজা ঘিরে ব্যাপক নিরাপত্তায় তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবি

পটিয়ায় এনসিপির ৮২ সদস্যের আহ্বায়ক কমিটি, নেতৃত্বে প্রকৌশলী-আইনজীবীসহ বিভিন্ন পেশার মানুষ

রায়গঞ্জে সম্প্রীতি রক্ষায় ইমামদের ভূমিকা নিয়ে আলোচনা অনুষ্ঠিত

মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের পাল্টাপাল্টি তথ্যে আটকে আছে কুড়িগ্রাম বালু গবেষণা কেন্দ্র

স্বেচ্ছাসেবকলীগ নেতার নির্দেশে জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল, থানায় মামলা

সাজেকে প্রথম দিনেই প্রবেশ করলো ৮০০ পর্যটক

নবীনগরে দুই বোনের নাম বাদ দিয়ে ওয়ারিশ সনদ, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ

আইনশৃঙ্খলা রক্ষার মহান দায়িত্ব পুলিশের: এসপি মোল্লা আজাদ হোসেন

২২ দিনের নিষেধাজ্ঞা উপেক্ষিত, মনপুরার মেঘনায় অবাধে মা ইলিশ শিকার