বিভ্রান্তিতে ৯০০ কোটি টাকার মেগা প্রকল্প
মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের পাল্টাপাল্টি তথ্যে আটকে আছে কুড়িগ্রাম বালু গবেষণা কেন্দ্র
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং কুড়িগ্রাম স্থানীয় প্রশাসনের পাল্টাপাল্টি মতামতের কারণে দেশের একমাত্র প্রস্তাবিত ‘বালু গবেষণা ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপন’ প্রকল্প বাস্তবায়ন নিয়ে চরম বিভ্রান্তি ও অনিশ্চয়তা দেখা দিয়েছে। ব্রহ্মপুত্র-যমুনার মূল্যবান খনিজ বালু আহরণ ও প্রক্রিয়াজাতকরণে প্রায় ৯০০ কোটি টাকা ব্যয়ে এ মেগা প্রকল্প বাস্তবায়িত হলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ১৫ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি এবং বছরে প্রায় ১০ বিলিয়ন ডলার পর্যন্ত রাজস্ব আয়ের অপার সম্ভাবনা রয়েছে। তবে লাভজনক হবে না—মন্ত্রণালয়ের এমন দাবি এবং স্থানীয় প্রশাসনের তথ্য নাকচের মুখে থমকে গেছে জনগুরুত্বপূর্ণ এ উদ্যোগ।
ভূতাত্ত্বিক অনুসন্ধানে জানা গেছে, হিমালয় থেকে নেমে আসা ব্রহ্মপুত্র-যমুনার অববাহিকায় প্রতি বছর প্রায় এক বিলিয়ন টন নবায়নযোগ্য বালু জমা হয়। বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের (জিএসবি) গবেষণায় এ বালুতে উচ্চমাত্রার ভারী ও বিরল খনিজ সম্পদের সন্ধান মিলেছে। এর মধ্যে রয়েছে টাইটানিয়াম তৈরির উৎস ‘ইলমেনাইট’, পারমাণবিক প্রযুক্তি, মহাকাশযান ও সিরামিক শিল্পে ব্যবহৃত ‘জিরকন’, ইস্পাত শিল্পের উপযোগী ‘ম্যাগনেটাইট’, ধাতু ও প্রসাধনী শিল্পের ‘রুটাইল’, অপটিক্যাল ও জেট কাটিংয়ে ব্যবহৃত ‘গারনেট’ এবং কম্পিউটার, ঘড়ি ও চিকিৎসা যন্ত্রপাতিতে অপরিহার্য ‘কোয়ার্টজ’।
এসব মূল্যবান খনিজকে ভিত্তি করে জিএসবি ২০২৬ থেকে ২০৭৫ সাল মেয়াদি ৫০ বছরের একটি মহাপরিকল্পনা গ্রহণ করে। পরিকল্পনার অংশ হিসেবে চিলমারী উপজেলায় ১৫ একর জমিতে একটি পাইলট রিসার্চ প্ল্যান্ট এবং রাজারহাট উপজেলার টগরাইহাটে ১০ একর জমিতে আধুনিক মিনারেল স্যান্ডস রিসার্চ হাব ও গবেষণা কেন্দ্র স্থাপনের প্রস্তাব দেওয়া হয়। এতে রেয়ার আর্থ এলিমেন্ট, নিউক্লিয়ার-গ্রেড জিরকন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্মার্ট মাইনিং প্রযুক্তির গবেষণাগার গড়ে তোলার কথা রয়েছে। ইতোমধ্যে গণপূর্ত অধিদপ্তর জমির জরিপ ও সম্ভাব্যতা যাচাই প্রতিবেদন শেষ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়েছে।
কিন্তু প্রকল্পটির ভবিষ্যৎ নিয়ে সংকট তৈরি হয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক সভার কার্যবিবরণীকে কেন্দ্র করে। গত ১৯ জুলাই অনুষ্ঠিত সভার ১০ নম্বর আলোচ্যসূচিতে উল্লেখ করা হয়, কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় থেকে পাঠানো এক প্রতিবেদনে ‘প্রকল্পের সম্ভাব্য ব্যয়ের তুলনায় সরকারের প্রাপ্তি উল্লেখযোগ্য হবে না’ মর্মে নেতিবাচক অভিমত দেওয়া হয়েছে। তবে অনুসন্ধানে জানা গেছে, জেলা প্রশাসন থেকে এমন কোনো প্রতিবেদন পাঠানোই হয়নি। বরং কুড়িগ্রাম সদর, চিলমারী ও রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তারা জমি অধিগ্রহণের পক্ষে ইতিবাচক তথ্য-উপাত্ত পাঠিয়েছিলেন।
কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ এ বিষয়ে জানান, তিনি যোগদানের আগে সাবেক জেলা প্রশাসকদের সময়ে বালু গবেষণা কেন্দ্র স্থাপনের জন্য জমি সংক্রান্ত যাবতীয় ইতিবাচক তথ্য পাঠানো হয়েছিল। কিন্তু মন্ত্রণালয়ের সভায় উল্লেখিত নেতিবাচক প্রতিবেদন জেলা প্রশাসন থেকে পাঠানোর কোনো ভিত্তি নেই।
কুড়িগ্রাম গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল ফারুক বলেন, ব্রহ্মপুত্র নদের অববাহিকায় প্রাপ্ত মূল্যবান খনিজ সম্পদের সম্ভাব্যতা ও কার্যকারিতা যাচাই প্রতিবেদন যথাযথভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। জিএসবির উপপরিচালক (ভূতত্ত্ব) ড. সোহেল রানা জানান, হিমালয় থেকে আসা এই নবায়নযোগ্য বালু থেকে মূল্যবান ভারী ও হালকা খনিজ আলাদা করতে পারলে দেশের শিল্প খাত ও অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আসবে।
প্রকল্প নিয়ে এ ধরনের সমন্বয়হীনতায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের সভাপতি শফিকুল ইসলাম বেবু বলেন, প্রকল্পটি শুরুই হলো না, অথচ মন্ত্রণালয় কীভাবে বলছে লাভজনক হবে না। এটি বাস্তবায়ন হলে কুড়িগ্রামের পাশাপাশি জাতীয় অর্থনীতি আমূল বদলে যাবে। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব দলমত নির্বিশেষে দেশের স্বার্থে এ প্রকল্প দ্রুত বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
এদিকে মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের মধ্যকার এ অচলাবস্থা প্রসঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। তবে সম্ভাবনাময় এ বালু গবেষণা কেন্দ্র স্থাপন নিয়ে কোনো প্রশাসনিক বা নীতিগত জটিলতা থাকলে তা দ্রুত নিরসনের আশ্বাস দেন তিনি।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে ‘গল্প বলা’ প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রধানমন্ত্রীর খুলনায় সফর ২২ অক্টোবর
আদমদীঘিতে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অবসরপ্রাপ্তদের ৭ম পূর্ণ মিলনী অনুষ্ঠিত
মুকসুদপুরের গেড়াখোলা কুমার নদীতে জমজমাট নৌকাবাইচ, হাজারো দর্শকের ঢল
লালমনিরহাটে দুর্গাপূজা ঘিরে ব্যাপক নিরাপত্তায় তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবি
পটিয়ায় এনসিপির ৮২ সদস্যের আহ্বায়ক কমিটি, নেতৃত্বে প্রকৌশলী-আইনজীবীসহ বিভিন্ন পেশার মানুষ
রায়গঞ্জে সম্প্রীতি রক্ষায় ইমামদের ভূমিকা নিয়ে আলোচনা অনুষ্ঠিত
মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের পাল্টাপাল্টি তথ্যে আটকে আছে কুড়িগ্রাম বালু গবেষণা কেন্দ্র
স্বেচ্ছাসেবকলীগ নেতার নির্দেশে জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল, থানায় মামলা
সাজেকে প্রথম দিনেই প্রবেশ করলো ৮০০ পর্যটক
নবীনগরে দুই বোনের নাম বাদ দিয়ে ওয়ারিশ সনদ, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ
আইনশৃঙ্খলা রক্ষার মহান দায়িত্ব পুলিশের: এসপি মোল্লা আজাদ হোসেন